টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনামুলের রেকর্ডক্রিকেটারদের রেকর্ড নিয়েই মাতামাতি বেশি হয়। আম্পায়ারদের পরিসংখ্যান-রেকর্ডের খোঁজখবর কজনই বা রাখেন! কাল যেমন ব্যাটসম্যান এনামুলকে ঘিরেই ছিল আগ্রহ। অথচ অনেকটা নিভৃতেই একটি চূড়ায় উঠে গেলেন আম্পায়ার এনামুল হক। সবচেয়ে বেশি ওয়ানডে পরিচালনা করা বাংলাদেশি আম্পায়ার এখন তিনিই (৪১ ম্যাচ)। কাল ছাড়িয়ে গেছেন ভারতীয় টিভির ফাঁদে পা দিয়ে আপাতত নিষিদ্ধ আম্পায়ার নাদির শাহকে (৪০)। আম্পায়ার এনামুল কিন্তু বেশ আগেই ছাড়িয়ে গেছেন ক্রিকেটার এনামুলকে। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ টেস্ট ও ২৯ ওয়ানডে খেলেছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। আর ৬ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে চালালেন মোট ৪৫ ম্যাচ (১ টেস্ট, ৪১ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)।ওপেনার স্যামিতাঁকে স্পেশালিস্ট বোলার মানতেই অনেকের আপত্তি। শুধু বোলার হিসেবে দলে জায়গা পাবেন কি না, তা নিয়ে সংশয় অবশ্য যথেষ্টই আছে। গতি নেই, সুইং পেতে নির্ভর করতে হয় উইকেট-কন্ডিশনের ওপর। নিজের সীমাবদ্ধতা জানেন বলেই হয়তো নিজে অধিনায়ক হয়েও নতুন বল হাতে নেন না খুব একটা। কাল না নিয়ে উপায় ছিল না, একাদশে পেসারই মাত্র দুজন। ১৯ ম্যাচ পর তাই আবার নতুন বল হাতে নিলেন স্যামি। সর্বশেষ নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষেই, গত বছরের অক্টোবরে চট্টগ্রামে। মজার ব্যাপার হলো, টেস্ট-ওয়ানডে কোনোটিতেই এখনো ম্যাচের প্রথম ওভারটাকরা হয়নি স্যামির!আম্পায়ার-ঘাতকমাঠে কাল শুরু থেকেই দারুণ চটপটে ছিলেন কাইরান পোলার্ড। তিনটি ক্যাচ নিয়েছেন, রান বাঁচিয়েছেন অনেক। সরাসরি থ্রোতে স্টাম্পে অবশ্য লাগাতে পারেননি একবারও। তবে একবার ‘ডিরেক্ট হিট’ করেছেন আম্পায়ারকে! কে জানে আম্পায়ার এনামুল হকের বিরুদ্ধে কোনো রাগ-টাগ পুষে রেখেছেন কিনা! ২৭তম ওভারে ফিল্ডিং করছিলেন শর্ট মিড উইকেটে। উইকেটকিপার ডেভন টমাসের কাছ থেকে বল পেয়ে পোলার্ড দিতে চাইছিলেন বোলার গেইলকে। কিন্তু থ্রো লাগল আম্পায়ার এনামুলের মাথায়! হ্যাট থাকায় বেঁচে গেলেন আম্পায়ার, হ্যাট খুলে দেখলেন, ‘না, মাথা ঠিকই আছে!’পেরমলের অভিষেকটেস্ট অভিষেকে বাংলাদেশকে যথেষ্ট ভুগিয়েছিলেন ভিরাসামি পেরমল। কাল ওয়ানডে অভিষেকেও ভোগালেন বেশ। ৪০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বিশেষজ্ঞ স্পিনার বললে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলা মাত্র পঞ্চম বাঁহাতি স্পিনার পেরমল। আগের চারজন—নিল ম্যাকগ্যারেল, ডেভ মোহাম্মদ, সুলিমান বেন ও নিকিতা মিলার। অলরাউন্ডার ধরলে ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনারের মোট সংখ্যা ১০। অভিষেকে পেরমলের চেয়ে ভালো করতে পেরেছিলেন কেবল ডেভ মোহাম্মদ। ২০০৬ সালে সেন্ট লুসিয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন ত্রিনিদাদের এই চায়নম্যান বোলার। সাতের সেরামাহমুদউল্লাহ কেন এত নিচে ব্যাট করেন—এই প্রশ্ন নিয়মিতই ওঠে। বিতর্কও কম হয় না। আপাতত বিতর্কগুলো পাশে রাখা যাক। নিচে নামার ধারাবাহিকতায় কাল একটি রেকর্ড গড়ে ফেললেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে সাত নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফিফটি ও রান এখন তাঁর। সর্বোচ্চ ফিফটিতে (৫টি) ছুঁয়েছেন খালেদ মাসুদকে। সাবেক অধিনায়ককেই ছাড়িয়েছেন সর্বোচ্চ রানে। সাত নম্বরে ৫২ ইনিংসে ২৫.৫৪ গড়ে মাসুদের রান ১০৭৩। সমান ইনিংসে মাহমুদউল্লাহর রান ৩৩.৪৫ গড়ে ১১০৪। সাত নম্বরে দুই হাজার রান আছে ক্রিস হ্যারিস (২১৩০) ও আবদুল রাজ্জাকের (২০০৭)। সর্বোচ্চ ৯ ফিফটি হ্যারিস, রাজ্জাক ও এলটন চিগুম্বুরার।‘প্রথম’ সোহাগ‘প্রথম’ শব্দটার সঙ্গে সোহাগ গাজীর সখ্য চলছেই। টেস্ট ও ওয়ানডে অভিষেকে জন্ম দিয়েছেন অনেকগুলো প্রথমের। দ্বিতীয় ওয়ানডেতে প্রথম বাংলাদেশি অফ স্পিনার হিসেবে বোলিং করেছেন দলীয় ইনিংসের প্রথম ওভার। ইনিংসের প্রথম ওভার করলেন কালও। বাংলাদেশের হয়ে একাধিকবার ইনিংসের প্রথম ওভার বোলিং করা একমাত্র স্পিনার এখন সোহাগ গাজীই!সোহাগ বনাম গেইলসোহাগ আর গেইলের লড়াইটা এখন হয়ে দাঁড়িয়েছে মনস্তাত্ত্বিক। আর ক্রিকেটে মনস্তত্ত্ব কখনো কখনো এতই রহস্যময় যে, নবীন সোহাগের সঙ্গে পেরে উঠছেন না প্রবল প্রতাপশালী গেইল! কখনো দ্রুত শুরু করেছেন, কখনো ধীরে। কাজ হয়নি। আগের ম্যাচে সোহাগ প্রথম ওভার বোলিং করলেও স্ট্রাইকে ছিলেন না গেইল। কিন্তু তৃতীয় ওভারেই মুখোমুখি দুজন, সতর্ক গেইলকে বেঁধে ফেলেন সোহাগ মেডেন নিয়ে। কাল দেড় বছর পর ওয়ানডেতে প্রথমে স্ট্রাইক নিলেন গেইল, কিন্তু সোহাগের সামনে আবারও চুপসে যেতে হলো। এবার প্রথম ওভারই মেডেন!‘মৃত’ চারবল বাউন্ডারির বাইরে, উইকেটের মাঝখানে দুই ব্যাটসম্যানের গ্লাভস ঠোকাঠুকিও হয়ে গেছে। হঠাৎই বজ্রাহত স্যামুয়েলস, বিস্ময়ে তাকিয়ে দেখেন আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজের ডেড বলের সংকেত! মাশরাফির লেগ স্টাম্পে থাকা বল স্যামুয়েলসের পায়ে চুমু দিয়ে ফাইন লেগ দিয়ে চলে যায় সীমানার বাইরে। কিন্তু শট না খেলায় ডেড বলের সংকেত দেন লঙ্কান আম্পায়ার। স্যামুয়েলসের বিস্ময়ের কারণ বোঝা গেল টিভি রিপ্লেতে, আসলে শট খেলেছিলেন স্যামুয়েলস, চেষ্টা করেছিলেন গ্ল্যান্সমতো করার! আরিফুল ইসলাম