টুকরো টুকরো ছবি
সোহাগের ‘হ্যাটট্রিক’—১তামিম ইকবালের সঙ্গে গত বছর যে মনস্তাত্ত্বিক খেলা খেলেছিল পাকিস্তান, এবার ক্রিস গেইলের সঙ্গে সেই খেলা খেলছে বাংলাদেশ। শুরুতেই স্পিনে তামিমের অস্বস্তি আছে জেনে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই মোহাম্মদ হাফিজকে দিয়ে প্রথম ওভার করিয়েছিল পাকিস্তান। গেইলের জন্য বাংলাদেশের দাওয়াই সোহাগ গাজী, প্রথম ওভার বোলিং করলেন টানা তিন ম্যাচে। এর আগে টানা তিন ম্যাচে প্রথম ওভার বোলিং করেছেন আর মাত্র দুজন স্পিনার। দুজনই অফ স্পিনার। ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই নিউজিল্যান্ডের দীপক প্যাটেল আর ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের রাজেশ চৌহান।সোহাগের ‘হ্যাটট্রিক’—২স্পিনার হয়েও টানা দুই ম্যাচে ইনিংসের প্রথম ওভার, দুটিই মেডেন। সোহাগ গাজী হয়তো আরেকটি ‘প্রথম’ কীর্তি গড়েই ফেললেন! নিশ্চিত হওয়ার অবশ্য উপায় নেই। কারণ পুরোনো অনেক ম্যাচেরই ‘বল বাই বল’ হিসাব পাওয়া যায় না। যা-ই হোক, গেইলের জন্য সোহাগ যেন এখন নরক-যন্ত্রণা। গত দুই ম্যাচেই সোহাগ মেডেন পেয়েছেন গেইলকে বোলিং করে। এর আগের ম্যাচটায় প্রথম ওভারে গেইলকে পাননি। তবে নিজের দ্বিতীয় ওভারেই পেয়েছিলেন। যথারীতি সেটাও ছিল মেডেন! অর্থাৎ, গেইলের বিপক্ষে টানা তিন ম্যাচেই প্রথম ওভার মেডেন পেলেন সোহাগ!গেইল ‘অফ দ্য মার্ক’অফ স্টাম্পে শর্ট অব লেংথ বল, লং অফে ঠেলে সিঙ্গেল। অবশেষে সোহাগের বলে রানের খাতা খুলতে পারলেন গেইল! অবিশ্বাস্য হলেও সত্যি, আগের তিন ম্যাচেও সোহাগের বলে রান করতে পারেননি গেইল! প্রথম ম্যাচে ২ বলে ০, পরের দুই ম্যাচেই ৬ বলে ০। কাল করতে পেরেছেন ১৫ বলে ৩। সব মিলিয়ে সোহাগের ২৯ বলে গেইলের রান ৩!মাশরাফি ৩: সোহাগ ৩যেন কোনো শিকার নিয়ে ক্ষুধার্ত দুই বাঘের কাড়াকাড়ি। ‘লোভনীয়’ শিকারের নাম যে গেইল! দুই ‘বাঘ’ সোহাগ ও মাশরাফি। দুই টেস্ট আর প্রথম ওয়ানডে—টানা তিন ম্যাচে গেইলকে আউট করেছিলেন সোহাগ। এরপর সোহাগের থাবা থেকে শিকার ছিনিয়ে নিয়েছেন মাশরাফি। টানা তিন ওয়ানডেতে গেইল-ঘাতকের নাম মাশরাফি! তবে গেইল-বধে সোহাগের একটু ভূমিকা না থাকলে কি চলে! ডট বলের পর ডট বল করে শুধু চাপ সৃষ্টি করাই নয়, গেইলের আকাশছোঁয়া ক্যাচটিও মিডঅফে নিয়েছেন সোহাগ। এনামুলের গ্যাংনামবাংলাদেশের ক্রিকেটাররা প্রতিদিনই নিয়ম করে গ্যাংনাম অনুশীলন করেন! ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলনের ফাঁকে প্রায়ই মাশরাফি-শফিউলদের দেখা যায় গ্যাংনামের চর্চা করতে। ম্যাচে অবশ্য এক দিনও দেখা যায়নি। তবে কাল সামান্য একটু ঝলক দেখালেন এনামুল হক। ইলিয়াস সানির বলে মারলন স্যামুয়েলসের ক্যাচ নিলেন লং অফে। চতুর্থ ম্যাচে এসে প্রথম আন্তর্জাতিক ক্যাচ। ক্যাচ নিয়েই গ্যালারির দিকে ঘুরে দেখিয়ে দিলেন খানিকটা গ্যাংনাম। পোলার্ডের ‘ছয়’বলের গায়ে পাখা লাগিয়ে দিতে চেয়েছিলেন কাইরন পোলার্ড। বলকে খুলনা থেকে ঢাকায় উড়িয়ে আনতে হবে না! তবে মুখে যতই কথার খই ফুটুক, ওড়াউড়ির কাজটা এবার ঠিক জমাতে পারছেন না পোলার্ড। বলকে উড়িয়ে সীমানা ছাড়াই করতে পারলেন না চার ম্যাচে একবারও। কাল তাই বুঝি খায়েশ হলো ভিন্ন কিছু করার। এবার ব্যাটকে পাঠাতে চাইলেন ঢাকা থেকে খুলনা! নিজের তৃতীয় বলেই সানিকে স্লগ সুইপ করতে গিয়েছিলেন, ব্যাট ছুটে উড়ে গেল মিড উইকেটে! মাঝের বৃত্তমাঠে কাঁধে কাঁধ মিলিয়ে গোল হয়ে দাঁড়ানো আর একজনের উজ্জীবনী কথা—আধুনিক ক্রিকেটে একরকম রীতিই হয়ে দাঁড়িয়েছে। সাধারণত ফিল্ডিংয়ে মাঠে নামার সময়ই হয়ে থাকে ওই ‘একাত্মতা বৃত্ত।’ কাল ব্যতিক্রম দেখা গেল খানিকটা। বাংলাদেশ মাঠে নামার সময়ও একবার বৃত্ত হয়েছে, আবার হলো ইনিংস শেষে ড্রেসিংরুমে ফেরার সময়ও। স্যামির শেষ দিকের ঝড়ে ‘মোমেন্টাম’ ঘুরে গেছে ভেবেই হয়তো সতীর্থদের উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন মুশফিক। চেষ্টাটা প্রশংসাযোগ্য, কিন্তু কাজে লাগেনি। ফিরে পাওয়া যায়নি ঘুরে যাওয়া ‘মোমেন্টাম’!স্বস্তিঅষ্টম ওভারে বাংলাদেশ ইনিংসের প্রথম চার, স্যামির বলে মাহমুদউল্লাহর দারুণ এক স্ট্রেট ড্রাইভে। পরের বলে আরেকটি চার কবজির মোচড়ে খেলা দারুণ এক শটে। পুরো গ্যালারি ফেটে পড়ল। টানা দুই চারের কারণে তো বটেই, আরেকটা কারণ হয়তো সেই প্রথম ‘জনাব অতিরিক্ত’কে ছাড়িয়ে যেতে পারল একজন ব্যাটসম্যান! ১৩ রানে ৫ উইকেট হারিয়েছে দল, অতিরিক্তই ইনিংসের সর্বোচ্চ থাকে কিনা, এই শঙ্কা যথেষ্টই ছিল। ওই দুই চারে মাহমুদউল্লাহর রান হলো ১১, অতিরিক্ত রান তখন ৯! আরিফুল ইসলাম