টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট-দর্শনবাংলাদেশ দলই কাল মাঠে এসেছিল আগে। দুপুর সাড়ে ১২টার দিকে। মাঠে ঢুকেই সরাসরি উইকেট দেখতে গেলেন কোচ শেন জার্গেনসেন। হাত বুলিয়ে, টোকা দিয়ে, টিপে টিপে প্রায় মিনিট ১৫ ধরে উইকেট দেখলেন। ‘ফাইনাল’ ম্যাচে উইকেট তো মনের মতো হওয়া চাই! ওয়েস্ট ইন্ডিজ মাঠে এল একটু পর। যথারীতি মাঠে ঢুকেই সহকারী টবি র্যা ডফোর্ডকে নিয়ে উইকেটে চলে এলেন কোচ ওটিস গিবসন। তবে জার্গেনসেনের মতো গভীরভাবে নয়, একটু দেখেই হাঁটা দিলেন ড্রেসিং রুমের দিকে। হয়তো ওটুকুতেই বুঝেছেন অপেক্ষা করছে আরেকটি স্পিন পরীক্ষা!সোহাগ প্যাটেল!একের পর এক প্রথম কীর্তি গড়ে ‘প্রথম’ শব্দটাকেই ক্লিশে বানিয়ে ছাড়ছেন সোহাগ গাজী। কাল যেমন ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে টানা চার ম্যাচে বোলিং করলেন প্রথম ওভার! সবচেয়ে বেশিবার প্রথম ওভার বোলিং করা স্পিনারের রেকর্ডের দিকেও এগোলেন আরেক ধাপ। সোহাগের মতো চারবার প্রথম ওভার করেছেন তিলকরত্নে দিলশান ও প্রসপার উতসেয়া। পাঁচবার করেছেন নাথান ম্যাককালাম, ছয়বার মোহাম্মদ হাফিজ। সবচেয়ে বেশি সাতবারের রেকর্ডটি যাঁর, তিনি তো ওয়ানডেতে নতুন বলে স্পিন বোলিংয়ের পুরোধা, নিউজিল্যান্ডের দীপক প্যাটেল!স্টাম্পডটেস্ট সিরিজ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের এই সফরে সোহাগকে সবচেয়ে ভালো খেলেছেন সম্ভবত কাইরান পাওয়েল। পায়ের ব্যবহারটা খুব ভালো করাই অন্যতম প্রধান কারণ। তবে কাল পায়ের ব্যবহার করতে গিয়েই বিপত্তি। ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে সোহাগের ফ্লাইট ও টার্নে পরাস্ত হলেন। মুশফিকের গ্লাভসে যখন বল, পাওয়েল তখন প্রায় মাঝ উইকেটে! চায়ের কাপে একটা চুমুক দিয়েও স্টাম্পিং করতে পারতেন মুশফিক। খানিকটা সময়ও নিলেন, এরপর তিনটি স্টাম্পই ভেঙে দিলেন যেন প্রবল আক্রোশে! তা আক্রোশ কিছু থাকতেই পারে, টেস্টে জোড়া সেঞ্চুরি থেকে শুরু করে যন্ত্রণা তো কম দেননি পাওয়েল! ‘আঠালো’ ব্রাভোআউট হতে কোন ব্যাটসমানেরই বা ভালো লাগে! ড্যারেন ব্রাভোর একটু বেশিই খারাপ লাগে। আউট হয়েও ড্রেসিং রুমে ফিরতে তাঁর মন চায় না। টানা দুই ম্যাচে দেখা গেল একই দৃশ্য। দুইবারই আউট হয়েছেন অনেকটা একইভাবে। অফস্পিনে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ। গত ম্যাচে ফিরতি ক্যাচ দিয়েছিলেন সোহাগকে, কাল মাহমুদউল্লাহর বল তুলে দিলেন শর্ট কভারে। গত ম্যাচেও পিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলেন অনেকক্ষণ, থাকলেন কালও। এরপর ড্রেসিং রুমের দিকে মৃদু পায়ে হাঁটা। আউট হওয়ার পর ড্রেসিং রুমের পথটা এমনিতেই দীর্ঘ মনে হয়। ব্রাভোর কাছে হয়তো দীর্ঘ মনে হয় আরও।মেডেন শফিউল‘দরাজ দিল’ বলে একটা পরিচিতি আছে শফিউল ইসলামের। ওয়ানডেতে গড়ে ওভারপ্রতি রান দিয়েছেন ছয়ের কাছাকাছি। ইনিংসে নব্বইয়ের বেশি রান দিয়েছেন দু-দুবার। কাল মাশরাফির জায়গায় সুযোগ পেয়ে সেই শফিউলেরই উল্টো রূপ। ভীষণ কৃপণ! গেইল উইকেটে থাকার পরও অবিশ্বাস্যভাবে চতুর্থ ওভার থেকে টানা পাঁচ ওভার মেডেন পেল বাংলাদেশ, তিনটিই শফিউল! পরে মেডেন নিয়েছেন আরও একবার। প্রথমবার পেলেন ইনিংসে চার মেডেন। সাকিব তিনবার পেয়েছেন ইনিংসে চার মেডেন, দুবার করে মোহাম্মদ রফিক, মাশরাফি ও সৈয়দ রাসেল। পাঁচ মেডেন কোনো বাংলাদেশি বোলার পেয়েছেন একবারই। মোহাম্মদ রফিক, ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে মুম্বাইয়ে, ১০-৫-২১-২! তামিম-ঘাতকআবারও তামিম ইকবালকে বোল্ড করলেন কেমার রোচ। আগের ম্যাচে ব্যাট-প্যাডের ফাঁক গলে, কাল আড়াআড়ি শটে। ওয়ানডেতে রোচের সবচেয়ে প্রিয় শিকার তামিমই। কাল নিয়ে ৬ বার আউট করলেন তামিমকে! জিম্বাবুয়ের রে প্রাইসও ৬ বার আউট করেছেন তামিমকে। তবে প্রাইসের লেগেছে ২২ ম্যাচ, রোচের মাত্র ১০!  আরিফুল ইসলাম