টুকরো টুকরো ছবি
‘শুভ’ ধারা
টি-টোয়েন্টি অভিষেকে শূন্য করার পর দ্বিতীয় ম্যাচে ৫৩। ওয়ানডে অভিষেকে ২৫, পরেরটিতে ৯৫। একই ধারা টেস্টেও। তবে এবার নিজের বৃত্তটা ভেঙে বেরোতে পেরেছেন শামসুর রহমান। অভিষেক টেস্টে ৩৩ ও ৯, তবে দ্বিতীয় টেস্টেই ছুঁয়ে ফেললেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ। কেউ চাইলে বলতেই পারেন, দ্বিতীয় ম্যাচটা আগে খেললেই পারেন শামসুর!
ধাক্কা সামলে
দুজন উইকেটে জুটি বেঁধেছিলেন ইনিংসের পঞ্চম বলে। রানের চাকা তখন নিশ্চল। সেই থেকে যখন বিচ্ছিন্ন হলেন শামসুর ও ইমরুল, স্কোরবোর্ডে রান ২৩২! দুজনের জুটি অল্পের জন্য ছুঁতে পারেনি দারুণ একটি মাইলফলক। শূন্যতে প্রথম উইকেট হারানোর পর দুই শ রানের জুটি দেখেছে টেস্ট ক্রিকেট ছয়টি। তবে শামসুর-ইমরুলের চেয়ে বড় জুটি আছে আর মাত্র একটিই। ১৯২৬ অ্যাশেজে হেডিংলিতে ম্যাচের প্রথম বলেই অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়ারেন বার্ডসলিকে ফিরিয়েছিলেন মরিস টেট। দ্বিতীয় উইকেটে বিল উডফুল (১৪১) ও চার্লস ম্যাকার্টনি (১৫১) গড়েছিলেন ২৩৫ রানের জুটি।
অকল্যান্ডের ছায়া
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আরেকটি টেস্ট শুরু হয়েছে কাল বিশ্বের আরেক প্রান্তে। অকল্যান্ডে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। অকল্যান্ড টেস্টের প্রতিচ্ছবি দেখা গেল কাল চট্টগ্রামেও। ইডেন পার্কে হাত ধরাধরি করে এগিয়েছেন কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন ম্যাককালাম। ৬০, ৭০, ৮০, ৯০ রানে পাশাপাশি হেঁটে কাছাকাছি সময়ে সেঞ্চুরি ছুঁয়েছেন দুজন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও তা-ই, অনেকটা মানিকজোড় হয়ে এগিয়েছেন শামসুর ও ইমরুল। ৫০ ওভার শেষে তো দুজনেরই রান ছিল ৯১! শেষ পর্যন্ত অবশ্য প্রথম সেঞ্চুরিটি প্রথমে পেয়েছেন শামসুর।
‘ক্যাট লাইভস’
কথায় আছে, ‘ক্যাট হ্যাজ নাইন লাইভস।’ ইমরুল কায়েসের জীবন কয়টি? আগের দিন সহজ ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন নুয়ান প্রদীপের হাতে। কাল ৯৫ রানে সহজতম ক্যাচ দিয়েও জীবন পেলেন কিথুরুয়ান ভিতানাগের হাতে। দুই বল পর আবারও ক্যাচ দিলেন সেই ভিতানাগের হাতে। এবার বল তালুবন্দী করে সতীর্থদের দিকে ছুটতে যাবেন ভিতানাগে, কিন্তু বিস্মিত হয়ে দেখলেন এক হাত প্রসারিত করে দাঁড়িয়ে আম্পায়ার পল রাইফেল, নো বল! এর পরও ইমরুল সেঞ্চুরিটা করতে না পারলে অন্যায়ই হতো। ইমরুল জানলে খুশি হবেন, নো বলে সবচেয়ে বেশিবার ‘আউট’ হয়েছেন রাহুল দ্রাবিড়, ৬ বার!
জোড়া সেঞ্চুরি
আমিনুল ইসলামের অসাধারণ এক সেঞ্চুরির আলোয় শুরু হয়েছিল বাংলাদেশের টেস্ট অভিযাত্রা। ক্রমে সেঞ্চুরি হয়ে যায় ডুমুরের ফুল। এক ইনিংসে দুজনের সেঞ্চুরি তো আরও অধরা। গত কিছুদিনে বাংলাদেশের উন্নতির প্রমাণ আছে এখানেও। কালকের দুই সেঞ্চুরিতে ৮৩ টেস্টে বাংলাদেশের সেঞ্চুরি এখন ৩৩টি। ইনিংসে জোড়া সেঞ্চুরি হয়েছে চারবার, তিনটিই গত এক বছরে। এই চট্টগ্রামেই সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক ও সোহাগ গাজী, মার্চে গলে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের দ্বিশতকের পাশে ছিল আশরাফুলের ১৯০ ও নাসিরের ১০০। ইনিংসে জোড়া সেঞ্চুরি বাংলাদেশ প্রথম দেখে ২০০৪ সালে, সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ১১৩ করেছিলেন হাবিবুল বাশার, নয়ে নেমে মোহাম্মদ রফিক ১১১।
একসঙ্গে দুই-তিন
২৩তম টেস্টে গিয়ে প্রথম কোনো ওপেনারের কাছ থেকে সেঞ্চুরি পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পেশোয়ারে জাভেদ ওমর বেলিম করেছিলেন ১১৯। কাল শামসুর রহমানকে দিয়ে বাংলাদেশের ১৭ জন টেস্ট ওপেনারের মধ্যে সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৫ জন! জাভেদের পর জিম্বাবুয়ের বিপক্ষে নাফিস ইকবালের ম্যাচ বাঁচানো ১২১, অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহরিয়ার নাফীসের চমকে দেওয়া ১৩৮। ২০০৬ সালে শাহরিয়ারের ইনিংসটির পর কালই প্রথম বাংলাদেশের কোনো ওপেনার সেঞ্চুরি করলেন যাঁর নাম তামিম ইকবাল নয়! মাঝের এই সময়ে তামিম করেছেন চারটি সেঞ্চুরি। তিন নম্বরেও একই অবস্থা। একাই তিনটি সেঞ্চুরি করেছেন হাবিবুল বাশার, একটি করে জুনায়েদ সিদ্দিক ও মোহাম্মদ আশরাফুল, কাল ইমরুল কায়েস। তবে একসঙ্গে বাংলাদেশের দুই ও তিন নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন এবারই প্রথম!
আরিফুল ইসলাম