টুকরোখবর
টেন্ডুলকারের কাছাকাছি পন্টিংএকসময় টেন্ডুলকারের টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন। পারেননি। তবে অন্য একটা দিক দিয়ে টেন্ডুলকারের খুব কাছাকাছি পৌঁছে গেলেন পন্টিং। প্রথম শ্রেণীর ক্রিকেটে টেন্ডুলকারের সেঞ্চুরি ৮০টি। কাল শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ৭৯ নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন তাসমানিয়ার পন্টিং। টেন্ডুলকারেরও সুযোগ আছে ব্যবধানটা আবার বাড়িয়ে নেওয়ার। ইরানি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলছেন অবশিষ্ট ভারতের বিপক্ষে। সেঞ্চুরি পেলে সুনীল গাভাস্কারের ৮১ সেঞ্চুরির ভারতীয় রেকর্ড ছুঁয়ে ফেলবেন। আধুনিক ক্রিকেটের দুই ‘গ্রেট’ এত দিন প্রতিপক্ষ হিসেবে খেললেও আইপিএলের কল্যাণে হয়ে যাচ্ছেন সতীর্থ। টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস এবার কিনে নিয়েছে পন্টিংকে। ওয়েবসাইট।চোটাক্রান্ত পাকিস্তানসিরিজ শুরুর আগেই ওপেনার তৌফিক উমরকে হারাতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুঃস্বপ্নের প্রথম টেস্টের পর আবারও চোটের হানা পাকিস্তান শিবিরে। এবার অভিষেকের অপেক্ষায় থাকা হারিস সোহেল। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়া বাঁহাতি ব্যাটসম্যানকে গত পরশু দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা নাদিম সারওয়ার জানিয়েছেন, সেরে উঠতে সোহেলের প্রায় চার-পাঁচ সপ্তাহ সময় লাগবে। তাঁর বদলি হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। তৌফিক উমরের পরিবর্তে ডাক পাওয়া ইমরান ফরহাতও এখনো যোগ দেননি দলের সঙ্গে। রয়টার্স।গাজ্জার পাশে জেরার্ডরাওইংলিশ ফুটবলারদের সংগঠন আগেই ঘোষণা দিয়েছিল তাঁর পাশে দাঁড়ানোর। এবার ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড এবং কোচ রয় হজসনও পাশে এসে দাঁড়ালেন পল গ্যাসকোয়েনের। নেশার ফাঁদ থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ‘গাজ্জা’র জন্য প্রয়োজনীয় যেকোনো ধরনের সাহায্য করবেন বলে জানিয়েছেন জেরার্ড। আর এই উদ্যোগে ইংলিশ তারকা ফুটবলাররাও সবাই আছেন বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে ইংলিশ ফুটবল সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। হজসন আশা করছেন, যুক্তরাষ্ট্র থেকে সুস্থ হয়েই দেশে ফিরে আসবেন গাজ্জা। এএফপি। বার্সেলোনা-গার্দিওলা মুখোমুখিআগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের কোচ হতে যাচ্ছেন পেপ গার্দিওলা। এটা পুরোনো খবর। নতুন খবর হলো, মৌসুমের শুরুতেই গার্দিওলা মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক ক্লাব বার্সেলোনার। আগামী ২৪ জুলাই এক প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। মিউনিখের ওই ম্যাচে সাবেক কোচকে প্রতিপক্ষের ডাগআউটে দেখতে নিশ্চয়ই অন্য রকম লাগবে মেসি-জাভিদের। ম্যাচটা হবে অবশ্য এক মহৎ উদ্দেশ্যে। ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের পুরোটাই দান করা হবে দাতব্য কাজে। এএফপি।