টুকিটাকি
রিয়ালে মাইকন!গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কদিন ধরেই। আর সেই গুঞ্জনটি আরও জোরালো হলো সেদিনের বিস্ময়কর গোলটির পরে। ইন্টার মিলানকে নাকি বিদায় বলছেন মাইকন। অনেকেরই ধারণা, রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো দলে মাইকনকে ভেড়ানোর ব্যাপারে আগ্রহী। তবে এই ব্রাজিলিয়ানের এজেন্ট বলছেন, মাইকনের ভাগ্য নির্ভর করছে ইন্টার মিলান প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তির হাতে, ‘রিয়াল মাদ্রিদের জয়ের ক্ষুধা এখন প্রচণ্ড। আর ইন্টার এর মধ্যে যা জেতার তার সবই জিতেছে। এই দুই দলের মধ্যে যদি কোনো চুক্তি হয়, তবে মাইকন ইন্টার মিলানের প্রেসিডেন্ট মোরাত্তির সঙ্গে বসেই সিদ্ধান্ত নেবে।’ ওয়েবসাইট। ফাটল নেইএবারের বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল খেয়েছে অস্ট্রেলিয়া। জার্মানরা একধরনের ছেলেখেলাই খেলল সকারুদের নিয়ে। সমর্থকদের প্রশ্নবাণে বিদ্ধ অস্ট্রেলিয়ার কোচ-ফুটবলার সবাই। অনেকেই বলছেন, এই বিচ্ছিরি পরাজয় ফাটল ধরিয়ে দিয়েছে দলটির মধ্যে। কোচ পিম ভারবিকের দল বাছাই নিয়ে প্রশ্ন তো উঠেছেই, দলের আক্রমণ কৌশল এবং নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়কেও এই পরাজয়ের অন্যতম কারণ বলছেন সমর্থকেরা। তবে অস্ট্রেলিয়ার ফুটবলার কেওয়েল এ রকম অভিযোগ অস্বীকারই করেছেন, ‘দলে কোনো ফাটল নেই। পরাজয়ের ফলে আমরা সবাই মর্মাহত। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। সামনের ম্যাচে ভালো করতে চাই।’ এএফপি।দায় নেবেন ইতোক্যামেরুনকে ‘বিশ্বসেরা’ দাবি করে শুরু করেছিলেন স্যামুয়েল ইতো। জাপানের সঙ্গে হেরে এখন সেই দলের দ্বিতীয় পর্বে ওঠা নিয়েই সংশয় তৈরি হয়ে গেছে। জাপানের বিপক্ষে এই হারের বা বিশ্বকাপে ব্যর্থতার জন্য দায়টা কে নেবে? ইতো মানছেন না এখনই তাঁদের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আর নিতান্তই যদি তাঁরা ব্যর্থ হন, তাহলে ইতো নিজে আর কোচই সে দায় নেবেন, ‘হ্যাঁ, বিশ্বকাপ শেষে পল অবশ্যই কর্মকর্তাদের তার ব্যাখ্যা দেবেন। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আমাকেও ব্যাখ্যা দিতে হবে।’ সে তো সবাইকেই ব্যাখ্যা দিতে হয়। কিন্তু ‘সেরা’ না হতে পারার ব্যাখ্যা কী দেবেন তিনি! এএফপি।ড্রতেই জয়ের স্বাদ!রাগবি-পাগল নিউজিল্যান্ডে এত দিন ফুটবল নিয়ে মাতামাতি বলতে গেলে হয়ইনি। বিশ্বকাপ স্মৃতি বলতেও ১৯৮২ বিশ্বকাপে তিন ম্যাচেই হার। সেদিক দিয়ে গত মঙ্গলবার রাতটা ছিল তাদের জন্য অন্য রকম। ফুটবল আনন্দে ভেসেছে এদিন নিউজিল্যান্ডবাসী। স্লোভাকিয়ার সঙ্গে ড্র করে যে বিশ্বকাপে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে ‘অল-হোয়াইট’রা! নিউজিল্যান্ড হেরাল্ড-এর ক্রীড়া কলামিস্ট ক্রিস র্যাট্টুর চোখে দিনটা নিউজিল্যান্ডের খেলাধুলারই অন্যতম সেরা দিন, ‘আমি নিউজিল্যান্ডের খেলাধুলার অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী। তবে এর কোনো তুলনা নেই।’ ’৮২ বিশ্বকাপ দলের সদস্য স্যাম ম্যালকমসনও এই ড্রকে বলছেন স্মরণীয় অর্জন। এএফপি।