টুকিটাকি
নতুন ফুটবলবলুন তো, এবারের বিশ্বকাপে আসা ভিনদেশি দর্শকের মধ্যে কোন দেশটি সবার ওপরে? উত্তর যুক্তরাষ্ট্র হলে নিশ্চয়ই অবাক হবেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচেই ১ লাখ ৩২ হাজার টিকিট কিনে মার্কিনরা সেটাই করে দেখিয়েছে। তবে কি মার্কিনদের পছন্দের খেলার তালিকায় ফুটবল ওপরে উঠে গেল রাতারাতি? ওপরে না উঠলেও, উঠতে যাচ্ছে বলা যায়। দর্শকদের উপস্থিতি তো বটেই, মার্কিনদের ইএসপিএন চ্যানেলটিও এবারই প্রথম বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে। তা ছাড়া অনেক মার্কিনই ফুটবলকে ভালোবাসতে শুরু করছে একটু একটু করে। তাদের চোখে নতুন স্বপ্ন। আর বিশ্বকাপে প্রথম ম্যাচের ফলাফল নিশ্চয়ই এই স্বপ্নডানায় নতুন পালক যোগ করেছে। যুক্তরাষ্ট্র ফুটবলের এক কর্মকর্তা বলছেন, ‘এক্সকিউজ মি, নট সকার। কারেকশন: ফুটবল!’ এএফপি।ফার্ডিনান্ডের শেষবিশ্বকাপ তাঁর এমনিতেই শেষ হয়ে গিয়েছিল। ইংল্যান্ডে ফিরে গিয়ে ছুরি-কাঁচির নিচে সঁপে দিয়েছিলেন চোট পাওয়া হাঁটু। অস্ত্রোপচার শেষে নাকি বেশ দ্রুতই সেরে উঠছেন। তার পরও আর দক্ষিণ আফ্রিকামুখো হচ্ছেন না রিও ফার্ডিনান্ড। মানে বিশ্বকাপ ২০১০-এর শেষ বাঁশি বেজে গেছে তাঁর। সাবেক এই ইংলিশ অধিনায়কের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার জানিয়েছে, ‘ক্লাবের মেডিকেল স্টাফের মতে, রিও এখন দ্রুত সেরে উঠছেন। পরিবারের সঙ্গে সপ্তাহ দুই কাটিয়ে আসার পরামর্শ দিয়েছেন তাঁকে চিকিৎসক। বিশ্রাম নিয়ে ফিরে এসেই ক্লাবের হয়ে খেলার জন্য প্রস্তুতি নেবেন তিনি।’ এএফপি। মারচেত্তির আতঙ্ককাঁহাতক আর এমন গঞ্জনা সইতে হবে এই জাবুলানিকে? প্রশংসাও হয়তো কেউ করেছে, কিন্তু নিন্দার পাল্লাটাই যে বেশি ভারী! সেই ভারী পাল্লাকে এবার আরও ভারী করে দিলেন ইতালির নতুন গোলরক্ষক ফেদেরিকো মারচেত্তি। জিয়ানলুইজি বুফনের চোটের ফলে আজ্জুরিদের গোলবারের নিচের প্রহরীর দায়িত্ব পাওয়া মারচেত্তিও আছেন জাবুলানি আতঙ্কে, ‘এই বল সাংঘাতিক। বুফন কিংবা সাঙ্কতিসও তা-ই বলেছে। আর ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গেও একমত আমি—আমার জীবনে দেখা সবচেয়ে বাজে বল এটাই। না বোঝা যায় এর ফ্লাইট, না গতি! আর হঠাৎ হঠাৎ এমন লাফিয়ে ওঠে যে বাগে আনাটাই বিশাল হুজ্জত!’ এএফপি।ইনজুরিতে আপসেটএবারের বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেটের জন্মদাতা সুইজারল্যান্ড। তারাই এখন উল্টো আপসেট ইনজুরি সমস্যায়। গত বৃহস্পতিবার দলটির এক মুখপাত্র জানিয়েছেন, সামনের দুই ম্যাচে ডিফেন্ডার ফিলিপ সেন্ডেরসকে মাঠে দেখা যাবে না। তবে দলের সঙ্গেই থাকবেন তিনি। স্পেনের বিপক্ষে ম্যাচে অ্যাংকেলে চোট পেয়েছিলেন ফিলিপ। মুখপাত্র অবশ্য জানিয়েছেন, ‘ফিলিপের এক্স-রে করা হয়েছে। হাড় না ভাঙলেও অ্যাংকেলে বেশ চোট লেগেছে, ব্যথাও আছে। তবে আগের চেয়ে তাঁর অবস্থার অনেক উন্নতি হয়েছে।’ সুইজারল্যান্ড দলে শুধু ফিলিপই নন, চোট পাওয়া খেলোয়াড় আছেন আরও দুজন। অ্যালেক্স ফ্রেইয়ের চোট ওই অ্যাংকেলেই, আর ভালোন বেহরামি ভুগছেন থাই ইনজুরিতে। রয়টার্স।