টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কলারির ‘না’‘ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে কোনো জাতীয় দলের কোচ হিসেবে ক্যারিয়ার শেষ করাটা দারুণই হবে!’—লুই ফেলিপ স্কলারির কথা এটা। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর কথাগুলো বলেছেন ২০০২ সালে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া কোচ। স্কলারির কথা শুনে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে কেউ কেউ হয়তো ধরে নিতে পারেন, বুঝি ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছে তাঁর! কিন্তু ব্রাজিলের রেডিও এলদোরাদোকে স্কলারি বলেছেন, ব্রাজিলের কোচ হওয়ার কোনো ইচ্ছেই তাঁর নেই। ‘বিগ ফিল’ এখন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ। আপাতত এই ক্লাবটি নিয়েই ভাবতে চান স্কলারি। ওয়েবসাইট। ঘানার পুরস্কারইতিহাস গড়া হলো না আসামোয়া জিয়ান আর আবেদি আইয়ুদের। তা হলো না ঠিক, তবে ঘানার ফুটবল অ্যাসোসিয়েশনকে (জিএফএ) ধনী করে দিলেন ঘানার খেলোয়াড়েরা। ঘানা কোয়ার্টার ফাইনালে ওঠায় জিএফএকে ১ কোটি ৪০ লাখ ডলার দেবে ফিফা। অংশগ্রহণ ফি হিসেবে এরই মধ্যে ১০ লাখ ডলার পাওয়া নিশ্চিত হয়ে গেছে। সব মিলিয়ে ১ কোটি ৫০ লাখ ডলার পাচ্ছে জিএফএ। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে গেছে আফ্রিকার দেশটি। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়তে পারলেই কমপক্ষে ১ কোটি ৮০ লাখ ডলার পেত ঘানা। বিশ্বকাপের চতুর্থ হওয়া দল প্রাইজমানি পাবে ১ কোটি ৮০ লাখ ডলার। তৃতীয় হবে যারা, তারা পাবে ২ কোটি ডলার। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে যথাক্রমে ৩ কোটি ও ২ লাখ ৪০ লাখ করে। ওয়েবসাইট।জার্সি নম্বর দশক্রীড়া প্রতিবেদক  লিওনেল মেসি, কাকা, ওয়েইন রুনি—তিনজনের মধ্যে সাধারণ মিল কী বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরছেন, তিনজনই পরেন ১০ নম্বর জার্সি। এই বিশ্বকাপে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার ইউনাইটেডের তিন মহাতারকা যেন একই স্রোতে মিশেছেন। চোখে ছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অথচ তিন দশ নম্বরের নামের পাশেই কোনো গোল নেই! তবে সব দশ নম্বরের অবস্থাই এমন নয়। হল্যান্ডের ওয়েসলি স্নাইডার, জার্মানির লুকাস পোডলস্কি, উরুগুয়ের ডিয়েগো ফোরলানকে দেখুন, এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন, গোলও পাচ্ছেন। আরেক দশ স্পেনের সেস ফ্যাব্রিগাসও খুব একটা খারাপ করছেন না। প্রথম চার ম্যাচে ভালো খেলার তৃপ্তি পেতে পারেন মেসি। কাকাও কিছুটা ঝলক দেখিয়েছেন মাঝেমধ্যে। তবে চূড়ান্ত হতাশার নাম রুনি।ক্যাপেলোর বোধোদয়এদ্দিন বাদে বোধোদয় হয়েছে ইংলিশ কোচ ফ্যাবিও ক্যাপেলোর। বিশ্বকাপের আগে দলে একধরনের স্বৈরশাসনই চালিয়েছিলেন এই ভদ্রলোক। ফুটবলারদের বউ-বান্ধবীদের (ওয়াগ) নিষিদ্ধ করে ভেবেছিলেন ভালো কিছু হবে। কিন্তু লাভ হলো না। বিশ্বকাপে নিজেদের ছায়াই হয়ে থেকেছেন ক্যাপেলোর শিষ্যরা। ইংল্যান্ডের এক পত্রিকায় তাঁর এক কাছের বন্ধু বলেছেন, ‘ফ্যাবিও এখন ফুটবলারদের বিশ্রাম দিচ্ছেন। তাদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে থেকে ক্লান্তি কাটিয়ে আসতে বলছেন। প্রিমিয়ার লিগের শেষে দলটি স্বভাবতই ভীষণ ক্লান্ত ছিল। কিন্তু ক্যাপোলো বিশ্বকাপের তাগিদে তাদের কোনো রকম ছুটি না দিয়েই নিয়ে গিয়েছিলেন অস্ট্রিয়ায়, দুই সপ্তাহ অনুশীলন করাতে। পরিবার থেকে দূরে থেকে বলতে গেলে প্রাণহীন সময়ই কেটেছে ফুটবলারদের। তাই সামনে আর তেমন ভুল করতে চান না ক্যাপেলো।’ ওয়েবসাইট। কেবলই স্বপ্নজার্মানি ২, আর্জেন্টিনা ১—এমনটাই ভবিষ্যদ্বাণী করেছিলেন জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। কিন্তু মাঠে বসে দেখলেন জার্মানির তরুণ তুর্কিরা ছাপিয়ে গেল তাঁর প্রত্যাশাও। তাই বোধ হয় গত পরশু গ্যালারিতে ভীষণ উল্লসিত দেখা গিয়েছিল তাঁকে। ম্যাচ শেষে এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘এ কল্পনার অতীত, এটা একটা স্বপ্ন, কেবলই স্বপ্ন!’ শুধু মার্কেলই নন, পুরো জার্মানি সেদিন উৎসবে মেতেছিল। বড় বড় পর্দার সামনে বসে জয় উপভোগ করেছে হাজার হাজার মানুষ। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলেন লো। সেখানে দেখা গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে জয়ে দেশের মানুষ কতটা খুশি হয়েছিল। আর এই ভক্ত-সমর্থকদের কাছ থেকেই জোয়াকিম লোরা খুঁজে নিয়েছেন জয়ের প্রেরণা। রয়টার্স, ওয়েবসাইট।পলের মুক্তি চাই!রীতিমতো তারকাখ্যাতিই পেয়ে গেছে গুনিন অক্টোপাস পল! আট পাওয়ালা এই প্রাণীর একের পর এক সাফল্যে যারপরনাই অবাক ছেলেবুড়ো সবাই। জার্মানির সেমিফাইনাল লড়াইয়ের আগে পল ফের কী বলে, তা শোনার অপেক্ষায় হয়তো অনেকেই মুখিয়ে আছেন। তবে পশু অধিকার সংস্থা পেটার জার্মান শাখা বলছে, জার্মানির সি লাইফ সেন্টারের অ্যাকুয়ারিয়ামে বন্দী পলকে অচিরেই মুক্তি দেওয়া হোক! ফ্রান্সের দক্ষিণে ন্যাশনাল পার্কের জলাশয়ে পলকে ছেড়ে দেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছে পেটা। সেখানকার মেরিন বায়োলজিস্ট তানজা ব্রিনিংয়ের বিশ্বাস, ‘...পল সমুদ্রেই ভালো থাকবে।’ তবে সি লাইফ সেন্টারের লোকেরা বলছে, ‘পল নিজে খাবার সংগ্রহ করতে পারে না। ছেড়ে দেওয়া হলে এটি মরেই যাবে।’ এএফপি।