টুকিটাকি
ব্রঙ্কহর্স্টের স্বপ্নবিশ্বকাপ ট্রফি তুলে ধরার অনুভূতি অসাধারণ। আর তা যদি হয় কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার সামনে, তবে তো কথাই নেই। তেমনটাই চাইছেন ডাচ অধিনায়ক জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট। গত বৃহস্পতিবার এই স্বপ্নের কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী ফুটবলার, ‘খুব চাইছি তাঁর (ম্যান্ডেলা) সঙ্গে দেখা হোক। দারুণ হবে সেটা!’ বিশ্বকাপের পরই অবসর নিতে যাচ্ছেন ব্রঙ্কহর্স্ট। তাই তাঁর স্বপ্ন পূরণ হলে বিদায়টি হবে মনে রাখার মতো নিশ্চয়ই। তাই বলেছেন, ‘এর আগে আরও দুবার দেখা করেছিলাম তাঁর সঙ্গে, অসাধারণ ছিল সেটা। আর তাঁর সামনে থেকে ট্রফিটি নিতে পারলে দুর্দান্ত হবে!’ আয়োজকেরা আশা করছেন, ফাইনালে মাঠে আসবেন ম্যান্ডেলা। এএফপি।অবসরগলার বাঁশি আর লাল-হলুদ কার্ড দুটি তুলে রাখলেন রবার্তো রসেত্তি। ফুটবল মাঠে আর দেখা যাবে না তাঁকে। গত বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন, রেফারির দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। খেলা নয়, এবার তিনি রেফারিদের পরিচালনা করবেন। ইতালিয়ান লিগ সিরি ‘বি’তে রেফারিদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪২ বছর বয়সী এই ইতালিয়ান। এবারের বিশ্বকাপে শেষ ষোলোতে কার্লোস তেভেজের বিতর্কিত গোল দিয়ে বিশাল বিতর্কের জন্ম দিয়েছিলেন রসেত্তি। তাই এটাও বলেছেন, ‘বিশ্বকাপের হতাশা আমার সিদ্ধান্তের পেছনে কোনো প্রভাব ফেলেনি।’ রসেত্তি গত ২০০৮ ইউরোর ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন। রয়টার্স।বহালবিশ্বকাপের প্রথম পর্ব থেকেই ছিটকে পড়েছিল আলজেরিয়া। ইংলিশদের বিপক্ষে ড্র করে অবশ্য জয়ের আনন্দেই মেতেছিল তারা। তার পরও ফুটবলবোদ্ধাদের চোখে আলজেরিয়ার পারফরম্যান্স গড়পড়তাই ঠেকেছে। নিয়মানুযায়ী সেটার দায় কোচ রাবাহ সাদানের কাঁধেই বর্তেছিল। শোনা যাচ্ছিল, আলজেরিয়া ফুটবল ফেডারেশন ছাঁটাই করতে যাচ্ছে তাঁকে। কিন্তু গত বৃহস্পতিবার এপিএস সংবাদ সংস্থা জানিয়েছে, রাবাহ সাদানে আলজেরিয়ার কোচের দায়িত্বে বহাল থাকছেন। সাদানে বলেছেন, ‘ফেডারেশনের প্রেসিডেন্ট মোহামেদ রাউরাউয়াকে আমার কাজ অব্যাহত রাখতে সম্মতির কথা জানিয়েছি।’ আলজেরিয়া আগামী সেপ্টেম্বরে ২০১২ আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে তানজানিয়ার বিপক্ষে মাঠে নামবে। তার আগে আগামী ১১ আগস্ট তারা একটি প্রীতি ম্যাচও খেলবে। এএফপি।