টুকিটাকি

আনুশকার পাশে সৌরভ
বেচারি আনুশকা শর্মা। মুম্বাই থেকে সেই সিডনিতে এত কষ্ট করে উড়ে গেলেন, অথচ প্রেমিক বিরাট কোহলি কিনা আউট মাত্র ১ রান করে! ভারতও হেরে গেল সেমিফাইনালে। টুইটার-ফেসবুকে বলিউডের এই অভিনেত্রীকে ‘অপয়া’ তকমাই দিয়ে দিয়েছে ক্ষুব্ধ ভারত সমর্থকেরা। এ ব্যাপারে মহা বিরক্ত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ‘আনুশকা কি কোনো ভুল করেছে? অন্যদের পরিবারের মতো সেও একটা ক্রিকেট ম্যাচই দেখতে গেছে। কোহলির পারফরম্যান্সের জন্য ওকে দোষ দেওয়াটা মোটেই উচিত নয়। লোকে নিজেদের অপরিণত মনস্কতারই পরিচয় দিচ্ছে।’ গাঙ্গুলী যতই বলুন, আশাহত সমর্থকেরা কি সেটা শুনবে? এনডিটিভি।
সাক্ষীর আনন্দ
সবাই যখন ভারতীয়দের বিশ্বকাপ থেকে বিদায়ের আলোচনা নিয়ে ব্যস্ত, সাক্ষী সিংয়ের তখন স্বামী মাহেন্দ্র সিং ধোনিকে ফিরে পাওয়ার আনন্দ! দীর্ঘ চার মাসের সফরের পর অবশেষে যে ঘরে ফিরছে ভারতীয় দল! সাক্ষী কাল টুইট করে স্বামীকে সমর্থনই দিয়েছেন, ‘কঠিন লড়াই করেছ! দলকে নিয়ে গর্বিত! কখনো তোমরা কিছু ম্যাচ জিতবে, কিছু হারবে। এই ত্যাগ স্বীকার যথার্থই!’ দেড় মাস আগে কন্যাসন্তানের বাবা হয়েছেন ধোনি। শুধু মেয়ে জিবা নয়, সাক্ষীও অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বামী-সান্নিধ্যের, ‘অবশেষে আমার স্বামীকে দেখতে পাব।’ এনডিটিভি।