টুকিটাকি
সেরা
অর্থ আর প্রতিদ্বন্দ্বিতার কারণে তর্ক সাপেক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগকেই মনে করা হয় সেরা। স্প্যানিশ লিগকে মনে করা হয় ইংলিশ লিগের সবচেয়ে কাছাকাছি। কিন্তু উয়েফার পরিসংখ্যান বলছে, পাঁচ বছর ধরে লা লিগাই বিশ্বের সেরা লিগ। গত চার মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা গেছে স্পেনে (রিয়াল ৩টি, বার্সা ১টি)। গত মৌসুমের আগে টানা তিনবার ইউরোপা লিগ জিতেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। ব্যালন ডি’অর যেন হয়ে গেছে লিগটির দুই মহাতারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পত্তি!

সবচেয়ে বেশি বয়সী
রিয়াল সোসিয়েদাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই লা লিগায় ইতিহাস হয়ে গেছেন ইংলিশ ফুটবলার হ্যারি লো। টটেনহাম ও ফুলহামের সাবেক এই ফুটবলার ছিলেন সোসিয়েদাদের কোচ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে একটি ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর এক খেলোয়াড়। ওই ফুটবলারের জায়গায় মাঠে নেমে পড়েছিলেন ৪৮ বছর ২২৬ দিন বয়সী লো। স্প্যানিশ লিগের বয়োজ্যেষ্ঠ অভিষিক্ত ফুটবলারের রেকর্ডটিও সেই থেকে তাঁরই।
ইংলিশ উৎস
স্পেনের সবচেয়ে পুরোনো ক্লাব রিক্রিয়েতিভো দে হুয়েলভা। বর্তমানে দ্বিতীয় বিভাগে খেলা ক্লাবটি ১৮৮৯ সালে গড়েছিলেন একজন ইংলিশ চিকিৎসক উইলিয়াম আলেকজান্ডার ম্যাকে। সঙ্গে ছিলেন আন্দালুসিয়ার রিও তিনতো খনির শ্রমিকেরা। ১৮৯০ সালে তাদের প্রথম অফিশিয়াল ম্যাচের বেশির ভাগ খেলোয়াড়ই ছিলেন ব্রিটিশ।

বৈপরীত্য
বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে একসঙ্গে খেলা দেখতে পারেন ৯৯ হাজার দর্শক। একই লিগের ক্লাব এইবারের মাঠে সংখ্যাটা মাত্র ৬ হাজার!
অদ্ভুত ডাকনাম
‘কলচোনেরোস (জাজিম মানুষের দল)’—সত্যিই অদ্ভুত ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের ডাকনাম। ক্লাবটির জার্সিতে লম্বা লম্বা দাগ নিচের দিকে নেমে গেছে। বিশ শতকের গোড়ার দিকের স্পেনের জাজিমগুলোও ছিল এ রকম। এই থেকেই হয়তো এমন নাম পেয়েছিল অ্যাটলেটিকো! এসপানিওলকে ডাকা হয় ‘বাজারিগার পাখির দল’। দলটি একসময় চারপাশে তালগাছঘেরা একটি মাঠে খেলত। সেখানে প্রচুর পাখিও ছিল। ভিয়ারিয়ালের নাম ‘ইয়েলো সাবমেরিন’। দলটির হলুদ জার্সি দেখলেই যে কেউ এই নামের মর্মার্থ বুঝতে পারবে।
পিচিচি
অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে লিগে ১৭টি ম্যাচ খেলে করেছেন ১০ গোল। স্পেনের জার্সিতে পাঁচ ম্যাচে একটি। কিন্তু স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার ট্রফিটি তাঁর নামেই। লিগ কর্তৃপক্ষ বা স্পেনের ফুটবল ফেডারেশন নয়, ১৯৫২-৫৩ মৌসুম থেকে ট্রফিটি দিয়ে আসছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। পত্রিকাটি ট্রফিটির নাম রেখেছে অ্যাথলেটিকের সাবেক ফরোয়ার্ড ছোটখাটো গড়নের রাফায়েল মরেনো আরানজাদি ‘পিচিচি’র নামে। সংক্রামক রোগ টাইফাসে আক্রান্ত হয়ে ১৯২২ সালে মার্চে মাত্র ২৯ বছর বয়সে মারা যান পিচিচি।