টুকিটাকি
সরাসরি ঘাঁটিতেএখনো মিলানে ইন্টারের শিরোপাত্রয়ী জয়ের উত্সবে মেতে আছেন ব্রাজিলের তিন তারকা লুসিও, মাইকন এবং জুলিও সিজার। সে কী, এই সময়ে তো তাঁদের কোচ দুঙ্গার অনুশীলন শিবিরে ঘাম ঝরানোর কথা! কিন্তু ইতালি থেকে ব্রাজিল, আবার ব্রাজিল থেকে দক্ষিণ আফ্রিকা—কী দরকার এত বিমান-ভ্রমণের ধকল পোহানোর! ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনই (সিবিএফ) তাই লুসিও, মাইকন, সিজারকে বলে দিয়েছে, ‘ইতালিতেই থাকো এবং ইন্টারের জয় উদ্যাপন করো।’ আগামীকাল দক্ষিণ আফ্রিকায় গিয়ে ঘাঁটি গাড়বে। আর সিবিএফের নির্দেশমতো লুসিও, মাইকন, সিজাররা ইতালি থেকে সরাসরি উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায় এবং বৃহস্পতিবার যোগ দেবেন দলে। ওয়েবসাইট। আল্পসে ইতালিওফ্রান্সের পর ইতালিও প্রস্তুতি ক্যাম্পের জন্য বেছে নিয়েছে আল্পসকে। সমুদ্র সমতল থেকে ৬৫০০ ফুট উচ্চতার সেস্ত্রিয়েরে রোববার শুরু হয়েছে আজ্জুরিদের বিশ্বকাপ প্রস্তুতি। তবে ক্যানাভারো-বুফনদের সেস্ত্রিয়েরে যাত্রার সময়টা ছিল গোলমেলে। তুরিন থেকে ট্রেনে ওঠার আগে অটোগ্রাফের জন্য ছেঁকে ধরেছিল ভক্তরা। সময় ছিল না বলে ভক্তদের আবদার না মিটিয়েই ট্রেনে চাপতে হয় তাঁদের। অবশ্য বিদায়বেলায় উষ্ণ অভিনন্দন। ২৮ জনকে নিয়ে শুরু এই প্রস্তুতি ক্যাম্পে খেলোয়াড়দের নিবিড় পর্যবেক্ষণে রাখবেন কোচ মার্সেলো লিপ্পি। কারণ ১ জুন চূড়ান্ত দল ঘোষণার আগেই লিপ্পিকে ঠিক করতে হবে কোন পাঁচ ফুটবলারকে ছাঁটাই করবেন তিনি। ওয়েবসাইট।পার্কের গুরুভক্তি২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে সেমিফাইনালে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পার্ক জি-সুং। এবারও কোরীয় কোচ হু জুং মুর পরিকল্পনার কেন্দ্রেও তিনি। দলের অধিনায়ক এবং সেরা ফুটবলার পার্কই কোচের সবচেয়ে বড় আস্থার জায়গা। কিন্তু যাঁর ওপর মুর এত আস্থা, সেই পার্কের মনমন্দিরে একজন ক্লাব কোচ! ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন। ম্যানইউর মিডফিল্ডার পার্ক কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন গুরু ফার্গুসনকে, ‘তিনি (ফার্গুসন) আমাকে বিশ্বাস করতে শিখিয়েছেন এবং বড় দলগুলোর বিপক্ষে খেলতে আত্মবিশ্বাসী করে তুলেছেন।’ জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে পরশু তিনি বললেন ‘মানসিক এবং শারীরিক, ম্যানইউতে যোগ দেওয়ার পর দুটো বিষয়েই আমি অনেক উন্নতি করেছি।’ রয়টার্স।আশাবাদী পাহেইরাবিশ্বকাপের কোনো আয়োজকই দ্বিতীয় রাউন্ডের আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়নি। সবারই সংশয় দক্ষিণ আফ্রিকা মনে হয় রেকর্ডটা এবার ধরে রাখতে পারছে না। কিন্তু আশার কথা শোনাচ্ছেন ‘বাফানা বাফানা’দের ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পাহেইরা। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা ‘ভালো করবে’ বলে আশাবাদী ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ, ‘দলকে নিয়ে আমি আশাবাদী। অনুশীলনে ছেলেদের উত্তরোত্তর ভালো দেখছি আমি। প্রতিটি দিন একত্রে থাকা দলটিকে দেখলে উন্নতিটা চোখে পড়বে আপনারও।’ গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে অবশ্য উন্নতিরই প্রমাণ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের বড় পরীক্ষা হয়ে যাবে বুলগেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। সোয়েটোতে গতকাল এ ম্যাচটি খেলতে নামার আগেও ভালো করার কথাই বললেন পাহেইরা। রয়টার্স।