টুকিটাকি
অনুশীলনে কাকারিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমটা মনের মতো কাটেনি। রিয়ালের শোকেসে কোনো শিরোপা আনতে পারেননি ব্রাজিলিয়ান প্লে-মেকার কাকা। কুঁচকির ইনজুরির জন্য লম্বা সময় বেঞ্চে কাটাতে হয়েছে তাঁকে। এটা নিয়ে অবশ্য বিচলিত নন কোচ দুঙ্গা। কাকাকে দলে নিয়েছেন, আর তাঁকে ছাড়া দল হয় নাকি? আগামী ১৫ জুন ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে কাকার খেলা নিয়েও সংশয় কেটে গেছে। বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন গত পরশু। কুরিতিবা থেকে কালই তাঁদের ব্রাজিলে চলে যাওয়ার কথা। সেখানে প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সঙ্গে দেখা করেই জোহানেসবার্গের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ব্রাজিলের। আগামী ২ ও ৭ জুন ব্রাজিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তানজানিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে। এএফপি।ম্যান্ডেলার পছন্দঅন্য সব প্রস্তুতির সঙ্গে বিশ্বকাপ-সংগীতের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। দুই ইংরেজের লেখা ও সুর করা ‘হোপ’ শিরোনামের গানটির একটি সুর বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। আরেজেন্টের লিড সিঙ্গার ও গিটারিস্ট রক কিংবদন্তি রাস ব্যালার্ড ও একক শিল্পী ক্রিস উইন্টারের লেখা ও সুর করা গানটি ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী দিনে পরিবেশন করবেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৩৪ বছর বয়সী অপেরাশিল্পী সাইফিও নিটশেবে। বিশ্বকাপ-সংগীতের মধ্যে নেলসন ম্যান্ডেলার ভাষ্য থাকবে, সেটিও রেকর্ড করে রাখা হয়েছে। তবে সাইফিওর আশা, ৯১ বছর বয়সী নেতার শরীর ভালো হয়ে উঠবে এবং তিনি সশরীরেই উদ্বোধনীতে থাকবেন। আর তা যদি হয়, সাইফিও আনন্দে কেঁদেই ফেলবেন! ওয়েবসাইট।লটারিতে জার্সি!দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০০৮ সালের ইউরোজয়ী স্পেনের সম্ভাবনা নিয়ে কথাবার্তা অনেক হয়েছে। কিন্তু জানেন কি, এই দলের ২ নম্বর জার্সিটি বড় অপয়া! ভিসেন্তে দেল বক্সের ২৩ সদস্যের দলে একজন সদস্যও পাওয়া যায়নি, যিনি স্বেচ্ছায় ২ নম্বর জার্সি পরতে রাজি। বাধ্য হয়েই অপয়া ‘২’ বণ্টন হয়েছে লটারির মাধ্যমে! সিনিয়রদের নিজস্ব পছন্দের অগ্রাধিকার আছে না! তাই লটারি হয় দুই নবাগত পেদ্রো আর জাভি মার্টিনেজের মধ্যে। দুর্ভাগ্য পেদ্রোর, লটারিতে হেরে অপয়া ‘২’ পড়েছে তাঁর ভাগেই। পেদ্রোই বলেছেন, ‘নম্বর বেছে নিতে বাকি ছিলাম কেবল জাভি ও আমি। কাজেই আমরা লটারি করি এবং তাতে জার্সিটা আমিই পেয়েছি। যা-ই হোক না কেন এটা কোনো ব্যাপার না এবং এতে কোনো সমস্যাও হবে না।’ ফরোয়ার্ড হয়েও ডিফেন্ডারদের মতো ২ নম্বর জার্সি পরতে হচ্ছে, কী আর করা! লটারি ভাগ্য মেনে তো নিতেই হবে। রয়টার্স।