টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুচন্দ্রিমা বিসর্জনবেচারা ক্রিস কিলেনের দুর্ভাগ্য। বিয়ে করেই বউ ফেলে ছুটতে হলো। কোথায় একটু মধুচন্দ্রিমায় যাবেন; তা না, ‘কাজে’ যোগ দাও। কী এমন মহাকাজ! বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের মতো ব্যাপার বলেই আপসটা করেছেন নিউজিল্যান্ডের এই স্ট্রাইকার। গত শনিবার সার্বিয়ার বিপক্ষে দলের প্রস্তুতি ম্যাচের দিন ব্রিটেনে গিয়ে বিয়ে করে এসেছেন কিলেন। তার পর স্ত্রীকে বুঝিয়ে চলে এসেছেন দলের অনুশীলনে। তবে স্ত্রী যে এ ঘটনায় খুব একটা খুশি হননি, সেটা কিলেনের কথাতেই বোঝা যাচ্ছে, ‘অবশ্যই বিয়ের পর সরাসরি মধুচন্দ্রিমায় চলে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। বউও তাতে খুশি হতেন। কিন্তু ও জানে, আমার জন্য এবং আমার ক্যারিয়ারের জন্য বিশ্বকাপটা কত গুরুত্বপূর্ণ। তাই আপাতত ব্যাপারটা স্থগিত রেখেছি।’ কিলেন মধুচন্দ্রিমায় দক্ষিণ আফ্রিকায় গেলেই তো পারেন! এএফপি।দক্ষিণ কোরিয়ায়ও থ্রিডিবিশ্বকাপের ম্যাচ দক্ষিণ কোরিয়ার বেশ কিছু সিনেমা হলে ত্রিমাত্রিক সম্প্রচার করা হবে। জিজিভি, লোটে সিনেমা ও মেগাবক্সের মতো বড় বড় প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার অন্তত ১০০টি সিনেমা হলে থ্রিডি প্রযুক্তিতে খেলা সম্প্রচার করার। দক্ষিণ কোরিয়ার সব ম্যাচ তো থাকবেই, সঙ্গে আরও কিছু বড় ম্যাচও। জিজিভির বিপণন বিভাগের প্রধান খুলেই বলেছেন কারণটা, ‘এমনিতেই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচ থাকলে লোকজন সিনেমা দেখতে আসে না। তাই আমরা সিনেমা না দেখিয়ে খেলা দেখাতে চাইছি।’ এএফপি। শীতই ভরসাগত বছরই কনফেডারেশনস কাপের সেমিফাইনালে ‘হট ফেবারিট’ স্পেনকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র। বছর ঘুরতে না-ঘুরতে আবার সেই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে অংশ নিতে পৌঁছে গেছে মার্কিনরা। অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও ডেনমার্কের পর পঞ্চম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে মার্কিন কোচ বব ব্র্যাডলি বলছেন, বিশ্বকাপটাও তাদের জন্য ভালো যাবে। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ভালো করার ব্যাপারে ফুটবলীয় যুক্তি খুঁজে পাওয়া কঠিন। কিন্তু যুক্তি যে একটা পেয়ে গেছেন ব্র্যাডলি। সেই যুক্তির নাম শীত! হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার উচ্চতা আর শীত নিয়ে অন্যরা যখন দুশ্চিন্তায় ভুগছে, যুক্তরাষ্ট্র এটাকেই ইতিবাচক দিক হিসেবে ভাবছে। ব্র্যাডলি বলছেন, ‘বিশ্বকাপটা এখানে শীতে হচ্ছে, এটা দলগুলোর জন্য ভালো। কারণ তাদের উঁচু জায়গায় খেলতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপটা দারুণ হবে।’ দারুণটা কি শুধু যুক্তরাষ্ট্রের জন্য হবে? এএফপি।