টুকিটাকি
জেলে বিশ্বকাপ!হতে পারে তারা নানা অপরাধে অপরাধী, কয়েদখানার বাসিন্দা। তবে তারাও তো দক্ষিণ আফ্রিকারই নাগরিক। পুরো দেশ যখন মেতে উঠছে বিশ্বকাপের আনন্দে, কয়েদিরাও বা কেন বঞ্চিত হবে! আর তাই কয়েদখানায়ও বিশ্বকাপ উত্তেজনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে দক্ষিণ আফ্রিকার অপরাধ নির্মূল মন্ত্রণালয়। কারাগারগুলোতে বসানো হচ্ছে বড় পর্দার টেলিভিশন। দক্ষিণ আফ্রিকার অপরাধ নির্মূল মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিলেনগিউই মিখিজে বিষয়টিকে দেখছেন আরও বড় দৃষ্টিকোণ থেকে, ‘খেলাধুলা মানুষকে নিয়ম ও সীমারেখা মানতে শেখায়। আমরাও ওদের বলব, ক্রীড়ার এ শিক্ষাটা আপনার ব্যক্তিজীবনে প্রতিফলিত করুন।’ রয়টার্স।রুনি-মুগ্ধ মেসি১১ জুলাই এখনো অনেক দূরে। কিন্তু সেদিনের ছবিটা যেন দিব্যচোখে দেখতে পাচ্ছেন লিওনেল মেসি। ফাইনালে খেলছে ইংল্যান্ড। প্রতিপক্ষ? অবশ্যই আর্জেন্টিনা। মেসি সম্পর্কে তাঁর মুগ্ধতার কথা সুযোগ পেলেই জানিয়ে দেন ওয়েইন রুনি। এবার মেসিও প্রতিদান দিলেন! রুনি এবং ইংল্যান্ড সম্পর্কে বেশ বড় ‘প্রশংসাপত্র’ই দিয়েছেন তিনি, ‘রুনিই হবে ওদের মূল খেলোয়াড়। ওর খেলা আমার খুব ভালো লাগে। দুর্দান্ত। খুবই শক্তিশালী, প্রাণশক্তিতে ভরপুর। অদম্য এক স্ট্রাইকার। দক্ষিণ আফ্রিকায় ওর মুখোমুখি হতে পারলে ভালো লাগবে। আর সেটা যদি ফাইনালে হয় তো কথাই নেই।’ ওয়েবসাইট।শান্তির জন্য সাক্ষাৎএ সময়ের সেরা গোলরক্ষকের একজন, গতবার জিতেছেন বিশ্বকাপ। এই পরিচয়ের বাইরে আরও একটি পরিচয় আছে জিয়ানলুইজি বুফনের। শান্তির দূত তিনি। সন্ত্রাসবাদের আঁচ থেকে শিশুদের রক্ষা করতে ‘গেট দ্য পয়েন্ট’ নামের একটি প্রকল্পের দূত হিসেবে কাজ করছেন ইতালির গোলরক্ষক। সেই বুফন যখন যাচ্ছেন নেলসন ম্যান্ডেলার দেশে, তাঁর সঙ্গে দেখা করার জন্য উন্মুখ তো হয়ে থাকবেনই। ‘অল্প কয়েক দিনের মধ্যেই আমি সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ীর সঙ্গে দেখা করব। এবং শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কথা বলব। ফুটবলীয় অনেক স্বপ্নই পূর্ণ হয়েছে আমার। কিন্তু ব্যক্তিগতভাবে এটাও আমার কাছে বিশাল এক স্বপ্ন। ম্যান্ডেলা তাঁর দেশ এমন কি সব আফ্রিকার ইতিহাসটাই বদলে দিয়েছেন’—বলেছেন বুফন। এএফপি।