টুকিটাকি
দুঙ্গার জবাবফিফার মহাসচিব হিসেবে বিশ্বকাপ আয়োজনের নানা তদারকি কাজ সারছেন সেই তো ভালো। কী দরকার ছিল ব্রাজিল খেলোয়াড়দের বিদ্রূপ করতে যাওয়ার! বিশ্বকাপের বল জাবুলানি নিয়ে সমালোচনা করেছিলেন ব্রাজিলের স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানো ও গোলরক্ষক হুলিও সিজার। এর জবাব দিয়েছিলেন ফিফার মহাসচিব জেরম ভালক। এর পর ঘণ্টা কয়েকই কেটেছে। বিদ্রূপ করতে যাওয়ার মজাটা টের পেয়ে গেছেন তিনি। ফ্যাবিয়ানো জাবুলানিকে অ্যাখ্যা দিয়েছেন ‘রহস্যময়’ বলে। আর হুলিও সিজার বলেছিলেন বলটা ‘ভয়ংকর’। টিপ্পনী কেটে ভালক বলেছিলেন, ‘ওরা আসলে ভয় পাচ্ছে যে, বিশ্বকাপ জিতবে না। আর এ কারণেই আগাম অজুহাত হিসেবে বলের কথা বলছে।’ খোঁচাটা পুরো ব্রাজিল দলকে নিয়ে বলেই মনে হয় ত্বরিত জবাব দিয়েছেন ব্রাজিল কোচ দুঙ্গা। খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন তিনি। বলেছেন, ‘ভালকের মন্তব্যের ধরনটা অন্যরকম হতে পারত।’ ভালক এই বল দিয়ে কখনো খেলেছে কি না—প্রশ্ন ছুড়ে দিয়ে দুঙ্গা তাঁকে ব্রাজিলের অনুশীলনে আমন্ত্রণ করেছেন, ‘তিনি একদিন ব্রাজিলের অনুশীলনে আসুক। দেখুক, বলটা নিয়ন্ত্রণ করতে পারে কি না!’ ওয়েবসাইট। টিকিট বিক্রিতে রেকর্ডনেতিবাচক কত কিছুই না বলা হয়েছিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ নিয়ে। সবচেয়ে বেশি কথা হয়েছে দর্শক নিয়ে। গ্যালারি শূন্য থাকবে, হবে দর্শক-খরার এক বিশ্বকাপ—সবাই বলছিল এমনই। শুরুর দিকে অবশ্য টিকিট বিক্রি কমই ছিল। ভবিষ্যদ্বাণী না আবার সত্যিই হয়ে যায়—গালে হাত দিয়ে আয়োজকেরা হয়তো তাই ভাবছিল। কিন্তু সকাল যে সব সময় পুরো দিনের পূর্বাভাস দেয় না, শেষে প্রমাণ হলো এটাই। টিকিট বিক্রির দিক দিয়ে যে রেকর্ডই করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ। এ পর্যন্ত সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছিল ’৯৪-এ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। এবার লক্ষ্যমাত্রা প্রায় ২৯ লাখ। এর পুরোটাই পূরণ হবে বলে ধারণা ফিফা সচিব জেরম ভালকের। ‘টিকিট বিক্রির দিক দিয়ে সেরা বিশ্বকাপের নিকট থেকে আরও নিকটবর্তী হচ্ছি আমরা। দক্ষিণ আফ্রিকায় আমরা সত্যি এটা আশাই করিনি’—বলেছেন তিনি। ওয়েবসাইট।জ্যোতিষী ফ্যাবিয়ানো১৯৯৮ সালে ডেভর সুকের, ২০০২-এ রোনালদো, ২০০৬-এ মিরোস্লাভ ক্লোসা। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সোনার জুতা এবার জিতবে কে? বলতে পারেন, এখনো তো বিশ্বকাপই শুরু হয়নি; এখনই এ নিয়ে উঠেপড়ে লাগা কেন? কুইজ-টুইজে এমন প্রশ্ন দেখলে আবার ভাবতেও বসে যেতে পারেন বিষয়টি নিয়ে। আপনি ভাবতে পারেন, কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানোর উত্তরটা কিন্তু জানাই। নিজেও সোনার জুতা জয়ের স্বপ্ন দেখছেন ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের মিশনের অন্যতম ভরসা ফ্যাবিয়ানো। তবে ইংল্যান্ডের পত্রিকা দ্য সান যখন প্রশ্নটি নিয়ে তাঁর মুখোমুখি হয়েছেন তখন বলে দিয়েছেন ওয়েইন রুনি অথবা ডেভিড ভিয়া জিতবেন সোনার জুতা! ‘রুনি আর ভিয়ার মধ্যেই হতে পারে সোনার জুতার লড়াই। লিওনেল মেসিও অনেক গোল করবে। আর আমিও তাদের মতোই ভালো কিছু করার আশাই করছি’—বলেছেন ফ্যাবিয়ানো। ওয়েবসাইট।লেজারবেকের দম্ভনাইজেরিয়াকে নিয়ে কি ভাবছে ‘বি’ গ্রুপের অন্য তিন দল আর্জেন্টিনা, গ্রিস ও দক্ষিণ কোরিয়া? আর যা-ই ভাবুক নাইজেরিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবলে ভুলই করবে। গ্রিস-দক্ষিণ কোরিয়াকে তো বটেই, নাইজেরিয়া আর্জেন্টিনাকেও হারিয়ে দিতে পারে—এই হুমকি দিয়ে রেখেছেন নাইজেরিয়া কোচ লার্স লেজারবেক, ‘যেকোনো দলকেই হারাতে পারি আমরা।’ হিসাব-নিকাশ করে অনেকেই বলছেন, ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠবে আর্জেন্টিনা। বাকি একটি জায়গার জন্য লড়াই করবে অন্য তিনটি দল। কিন্তু নাইজেরিয়ার সুইডিশ কোচ বলেছেন, ‘সেরা অবস্থান পেতে সুপার ইগলরা তৈরি। আমরা জানি, এটা খুব বড় প্রত্যাশা, বিশেষ করে আমাদের সমর্থকদের জন্য। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখছি, খেলোয়াড়দের মনোভাব খুবই উঁচুতে এবং আমাদের প্রস্তুতিও ভালো।’ এএফপি।