টুকিটাকি
পরিবারপ্রীতি এবারের বিশ্বকাপে পরিবারপ্রীতির একের পর এক উদাহরণ দিয়ে যাচ্ছে মেক্সিকো। দল থেকে ছোট ভাই জোনাথনকে বাদ দেওয়ায় নিজে থেকেই দল ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন মিডফিল্ডার জিওভানি ডস সান্তোস। দুই ভাইয়ের বাবা জিজিনহো হুমকি দিয়েছেন জোনাথন আর কখনোই মেক্সিকোর হয়ে খেলবেনই না। অন্যদিকে, পরিবারপ্রীতির আরও বড় উদাহরণ দিয়েছেন মেক্সিকোর ফরোয়ার্ড হ্যাভিয়ের চিচারিতো হার্নান্দেজের বাবা হাভিয়ের চিচারো হার্নান্দেজ। মেক্সিকোর অন্যতম ক্লাব শিভাসের ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। বিশ্বকাপে ছেলের খেলা দেখবেন বলে ছুটি চেয়েছিলেন ক্লাবের কাছে। কিন্তু ক্লাব ছুটি না দেওয়ায় চাকরিটাই ছেড়ে দিলেন ফুটবল-পাগল বাবা। ‘সিদ্ধান্তটা কঠিন ছিল। দুই দিন ভেবে সিদ্ধান্ত নিলাম চাকরিটাই ছেড়ে দেব। ছেলে বিশ্বকাপ খেলবে আর আমি দেশে বসে থাকব? অসম্ভব! আমার কাছে পরিবারের মূল্য অনেক বেশি।’ ওয়েবসাইট।ক্রিকেটও থাকছে!বিশ্বকাপ ফুটবলে ক্রিকেটের ছোঁয়া! দক্ষিণ আফ্রিকার অন্যতম ক্রিকেট ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। ২০০৩-এর ওয়ানডে এবং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটো ফাইনালই হয়েছিল এ মাঠে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের তীর্থভূমি ওয়ান্ডারার্স ফুটবল বিশ্বকাপের ভেন্যু তালিকায় নেই। তার পরও বিশ্বকাপের উৎসবে শামিল হচ্ছে মাঠটি। আগামী মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ তাদেরই সাবেক উপনিবেশ মোজাম্বিক। প্রভু-প্রজার এই গা-গরম ম্যাচটি সব টিকিট মাত্র ১২ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে। প্রস্তুতি ম্যাচের টিকিট কিনতেই লোকজনের এমন হুমড়ি খেয়ে পড়ার কারণও আছে। ওই এলাকাতেই ৫ লাখ পর্তুগিজ অধিবাসীর বসবাস। রয়টার্স।গোলপোস্টে স্ট্রাইকার!তিনি আসলে ফরোয়ার্ড। তবে বিশ্বকাপে খেলতে চাইলে কিম মাইয়ং-উনকে মাঠে নামতে হবে গোলপোস্টের নিচে! ভুলটা করেছেন উত্তর কোরিয়ার কোচ কিম-জং হুন। ২৩ জনের চূড়ান্ত দলে ৩ জন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক। কিন্তু কিম-জং ভেবেছেন, খামোকা তিনজন গোলরক্ষক রেখে কী লাভ। একজন গোলরক্ষক কমিয়ে বাড়তি একজন ফরোয়ার্ড নিয়েছিলেন তিনি। কিন্তু ফিফা জানিয়ে দিয়েছে গোলরক্ষক হিসেবে নিবন্ধিত কিম মাইয়ং-উন ফরোয়ার্ড হিসেবে খেলতে পারবেন না। খেলতে চাইলে তাঁকে গোলরক্ষক হিসেবেই নামতে হবে। ২৩ জনের দল পরিবর্তন করারও উপায় নেই। কেবল ইনজুরির কারণে কোনো খেলোয়াড় বাদ পড়ে গেলে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে পাল্টানো যাবে চূড়ান্ত দল। এএফপি।হলুদ কার্ড!দক্ষিণ আফ্রিকা এখন বিশ্বকাপের দেশ। শুধু স্টেডিয়াম নয়, রাজপ্রাসাদ থেকে অলিগলি-রাজপথ, পাহাড়-সমতল—পুরো দক্ষিণ আফ্রিকাই এখন ফুটবলময়। তা হলে প্রয়োজনমতো লাল কার্ড, হলুদ কার্ডের ব্যবহারও তো সবখানেই হওয়ার কথা। হচ্ছেও! গত পরশু যেমন দক্ষিণ আফ্রিকার সংসদেই হয়ে গেল এক দফা হলুদ কার্ডের ব্যবহার। দক্ষিণ আফ্রিকানদের প্রিয় বাদ্যযন্ত্র ‘ভুভুজেলা’র নাম নিশ্চয়ই শুনেছেন। কানফাটা আওয়াজ তোলা বিশেষ এই বাদ্যযন্ত্র নিয়েই মাঠে নামবে ‘বাফানা বাফানা’ সমর্থকেরা। অন্যদিকে, প্রচণ্ড আওয়াজে খেলতে সমস্যা হয় দাবি করে এই বাদ্যযন্ত্র নিষিদ্ধের দাবি করেছেন বিদেশি ফুটবলারদের অনেকেই। দক্ষিণ আফ্রিকা সংসদ যেন এই বাদ্যযন্ত্র মাঠে নিয়ে যাওয়ার অনুমতি দেয়, সেই উদ্দেশ্যে পরশু ‘ভুভুজেলা’ বাজাতে বাজাতে সংসদে প্রবেশ করেন এক এক সাংসদ। আইন প্রণয়নকারী হাউসের ভেতর বেআইনি কর্ম, সংসদের স্পিকার মাক্স সিসুলু তাই সরাসরি ওই সাংসদকে দেখিয়ে দিয়েছেন হলুদ কার্ড। হাসতে হাসতে বলেছেন, ‘সম্মানিত সংসদ, দয়া করুন!’ এএফপি।