টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, রানে বাংলার সাদমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ-সেরা  দক্ষিণ আফ্রিকার বোশ। ছবি: আইসিসি
ম্যাচ-সেরা দক্ষিণ আফ্রিকার বোশ। ছবি: আইসিসি

দক্ষিণ আফ্রিকার নামের পাশে ‘চোকার’ শব্দটা আটার মতো লেগে রয়েছে বহুদিন ধরেই। বড় মঞ্চে দক্ষিণ আফ্রিকার সাফল্য-খরার পেছনে এই চাপে ভেঙে পড়াকে দায়ী করা হয়। কেবল ‘বড়’দের নয়, দক্ষিণ আফ্রিকার ‘ছোট’দের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নইলে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের দুবার ফাইনালে উঠেও কেন পরাজয়ের যন্ত্রণা সইতে হবে! নাহ, এবার আর ভুলে করেননি প্রোটিয়া যুবারা। যুব বিশ্বকাপের দশম আসরে সাফল্য পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুবাইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান বাংলাদেশের সাদমানের। ছবি: আইসিসি
টুর্নামেন্টে সর্বোচ্চ রান বাংলাদেশের সাদমানের। ছবি: আইসিসি

টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা হলেও আজকের ম্যাচটি বাংলাদেশের জন্যও ছিল গুরুত্বপূর্ণ। কারণ সাদমান ইসলাম। বাংলাদেশের এ বাঁ হাতি ব্যাটসম্যান এ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। সাদমানের পরে যে দুজনের নাম ছিল, তাঁদের একজন পাকিস্তানের ইমাম-উল-হক, আরেকজন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। তবে সাদমানকে দুজনের কেউই ছাড়িয়ে যেতে পারেননি। ইমাম আজ আউট হয়েছেন ১২ রানে আর মার্করাম অপরাজিত ছিলেন ৬৬ রানে। টুর্নামেন্টে সাদমানের রান ৪০৬, ইমামের ৩৮২ ও মার্করামের ৩৭০।

আজ টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে কোরবিন বোশের তোপে পড়ে পাকিস্তান ৪৪.৩ ওভারে অলআউট হয় ১৩১ রানে। ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ৪ উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়া যুবারা। ম্যাচ সেরা হয়েছেন বোশ আর টুর্নামেন্ট সেরা মার্করাম।