টুর্নামেন্ট নিয়েই ভাবছে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চূড়ান্ত দফা পরিদর্শনে এসে কাল ফতুল্লা স্টেডিয়ামে এক সহযোগীর সঙ্গে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি  প্রথম আলো
চূড়ান্ত দফা পরিদর্শনে এসে কাল ফতুল্লা স্টেডিয়ামে এক সহযোগীর সঙ্গে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি প্রথম আলো

ফতুল্লা থেকে মিরপুর ঘুরেছেন তাঁরা কড়া নিরাপত্তায়। অবরোধের উত্তাপ তাই লাগেনি আইসিসি প্রতিনিধিদলের গায়ে। তবে টিভির পর্দায়, পত্রিকার পাতায় কিংবা চারপাশে তাকালে উত্তাপটা টের পাওয়া যায়। সহিংসতা যখন দাবি আদায়ের হাতিয়ার, রাজনৈতিক অস্থিরতার শেষ কোথায়, সেটা নিয়েও সংশয় জাগে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর সাড়ে তিন মাস। এই অবস্থায় আইসিসি কী ভাবছে?
আইসিসি ভেন্যু পরিদর্শক দলের প্রধান ও ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি জানালেন, রাজনীতি নয়, টুর্নামেন্ট নিয়েই ভাবছেন তাঁরা। তবে জানিয়েছেন, আইসিসি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নিয়মিত।
চূড়ান্ত দফা ভেন্যু পরিদর্শনের প্রথম দিনে কাল ফতুল্লা ও মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেছে পরিদর্শক দল। এই দুই মাঠ নিয়ে আপত্তির জায়গা আগেও খুব বেশি ছিল না। পরিদর্শন ছিল তাই স্রেফ আনুষ্ঠানিকতা। সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় তাই উঠে এল রাজনৈতিক পরিস্থিতি। টেটলির কথায় অবশ্য আপাতত আশ্বস্তই হতে পারে বাংলাদেশ, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ আমাদের নিয়মিত করতে হবে। তবে এই মুহূর্তে আমাদের ভাবনায় শুধু টুর্নামেন্টই আছে। আগে থেকে কোনো কিছু অনুমান করা মুশকিল যে কী হতে যাচ্ছে। আমরা যা করতে পারি, নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিসিবির সঙ্গে আলোচনা করা এবং সে অনুযায়ী পরিকল্পনা করা।’
পরিদর্শক দল আজ যাচ্ছে চট্টগ্রামে। তবে মূল উদ্দেশ্য যে ভেন্যু পরিদর্শন, সেই সিলেটে যাবে তারা আগামীকাল।