টুর্নামেন্ট শেষ মরকেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশঙ্কাটা আগে থেকেই ছিল। কিন্তু এবি ডি ভিলিয়ার্সের দল তার পরও আশায় ছিল, মরনে মরকেলের চোটটা হয়তো গুরুতর কিছু হবে না। সে আশা রূপ নিল হতাশায়। ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে পায়ে চোট পাওয়া মরকেল ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকেই। প্রথম ম্যাচে হারা দক্ষিণ আফ্রিকার জন্য শেষ চারে ওঠাও তাই আরও কঠিন হয়ে গেল।চোট ডেল স্টেইনকে মাঠের বাইরে ছিটকে ফেলেছে আগেই। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে তাই সবচেয়ে বড় ভরসা হয়ে ছিলেন মরকেল। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নিজের সপ্তম ওভারটা করার সময় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় থাকে। প্রাথমিকভাবে যদিও ধারণা করা হয়েছিল, হয়তো সুস্থ হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল পরের ম্যাচ দূরের কথা, টুর্নামেন্টেই আর খেলা হবে না মরকেলের। দলের দুই সেরা বোলারকে হারিয়ে তাই বাড়তি দুশ্চিন্তায় কোচ গ্যারি কারস্টেন। এ টুর্নামেন্টের পরই দায়িত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। কিন্তু বিদায়ী উপহার হিসেবে চ্যাম্পিয়নস এনে দেওয়া তো দূর, এখন টুর্নামেন্টের সেমিফাইনালটাই মস্ত বড় চ্যালেঞ্জ। প্রথম ম্যাচ হারায় বাকি পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুই ম্যাচ এখন তাদের জন্য ‘অগ্নিপরীক্ষা’র মতো হয়ে গেছে বলে জানালেন ডি ভিলিয়ার্সও, ‘সত্যি বলতে এটা এখন আমাদের বাঁচা-মরার লড়াই। তিন ম্যাচের কমপক্ষে দুটি আমরা জিততে চেয়েছিলাম। সুতরাং বাকি দুটি জিততেই হবে। এক ম্যাচ জিতে রানরেটের ঝামেলায় পড়তে চাই না।’ এএফপি।