টুর্নামেন্টে ম্যাচ পাতানোর প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে হরহামেশাই হচ্ছে। কেউ ধরা পড়ে স্বীকার করছেন, শাস্তি হচ্ছে। কারও বিরুদ্ধে ওঠা অভিযোগ চাপা পড়ে যাচ্ছে প্রমাণের অভাবে। কিন্তু ম্যাচ পাতানোটা আন্তর্জাতিক ফুটবলে বিষবৃক্ষ হয়ে ওঠেনি। বেলিজের দুই ফুটবলারকে ম্যাচ পাতানোর প্রস্তাব এবং সেটা ফাঁস হয়ে যাওয়ার খবর তাই কিছুটা বিস্ময় হয়েই এসেছে।তবে আশার কথা হচ্ছে, খবরটা ফাঁস করেছেন সেই দুজন ফুটবলার, যাঁদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কনকাকাফ গোল্ডকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁদের। উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অবশ্য এখনো এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, সত্যি কথা বলছেন বেলিজের দুই ফুটবলার উডরো ওয়েস্ট ও ইয়ান গেনেয়ার। এবং সে জন্য দুজনকেই ধন্যবাদ জানিয়েছে কনকাকাফ, ‘আমরা দুজনকেই ধন্যবাদ জানাই এবং ওদের সাহসের প্রশংসা করছি। খেলাটির মর্যাদা ধরে রাখার জন্য ওরা যেটা করেছে সেটা সত্যিই অতুলনীয়।’ মজার ব্যাপার হচ্ছে, ম্যাচ পাতানোয় রাজি না হলেও ওই ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৬-১ গোলে হেরেছে বেলিজ। এ ছাড়া পরশু ‘এ’ গ্রুপের ম্যাচে মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে কানাডাকে। মার্টিনিককে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পানামা। এএফপি।