টুর্নামেন্টের বিস্ময় ভারতের বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ ওয়াহ
স্টিভ ওয়াহ

দুই স্বাগতিকের এক স্বাগতিক নিউজিল্যান্ডের বিশ্বকাপটা এখন পর্যন্ত দুর্দান্তই গেল। তবে এর মধ্যেও কঠিন কিছু মুহূর্ত তাদের গেছে। চাপের মুহূর্তগুলোয় ব্যাটিংটা যে রকম হওয়া দরকার, সে রকমটা তাদের হয়নি। অবশ্য বোলিংটা হচ্ছে দুর্দান্ত।
এ মুহূর্তে সবচেয়ে কার্যকর ও বিধ্বংসী বোলারের নাম বলতে হলে মিচেল স্টার্কের সঙ্গে বলতে হবে ট্রেন্ট বোল্টের নামও। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের ধার বাড়িয়ে দিয়ে নিজেদের কন্ডিশনে রীতিমতো উৎসব করছে সে। ড্যানিয়েল ভেট্টোরির পারফরম্যান্সও নিউজিল্যান্ডের একটা বাড়তি সুবিধা। ‘ব্ল্যাক ক্যাপ’দের বোলিং আক্রমণের সবচেয়ে বড় বৈচিত্র্য সে-ই, শক্তিও বলতে পারেন।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের সময় অকল্যান্ডে ছিলাম। সমর্থকদের উৎসাহ দেখে আমি তো বিস্মিত! ওখানকার লোকজন এমনিতে রাগবিতে মেতে থাকলেও এ মুহূর্তে সবাইকে পেয়ে বসেছে ক্রিকেট-উন্মাদনা।
ব্রেন্ডন ম্যাককালামের নিউজিল্যান্ড দলকে নিয়ে একটাই ভয়—চাপের সময় ব্যাটিংটা তাদের দুর্বল দিক হিসেবে বেরিয়ে পড়তে পারে। স্কটল্যান্ডের সঙ্গে লো-স্কোরিং ম্যাচে ৭ উইকেট পড়ে গিয়েছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে তো কোনোরকমে বেঁচেছে। চাপে তাদের ভেঙে পড়ার আশঙ্কা আছে, এটা কিন্তু তাই বলে। ফাইনালে গেলে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে কি না, সেটাও একটা চিন্তা হতে পারে দলটির জন্য। কারণ তার আগ পর্যন্ত সব ম্যাচই তারা খেলবে নিজেদের মাঠে।
তারুণ্য এবং বৈচিত্র্যে ভরা অস্ট্রেলিয়ারও সামর্থ্য আছে বিশ্বকাপ জেতার। স্টার্ক দুর্দান্ত ফর্মে। প্রয়োজনের সময় দলের জন্য গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থতাটা বাদ দিলে অস্ট্রেলিয়ার ব্যাটিংও প্রতিপক্ষের জন্য ভীতি-জাগানিয়া। তবে কেউ যদি হঠাৎ ভেবে বসে যে, কেউ না কেউ তো দলের হাল ধরবেই, সেটা হতে পারে বিপদের কারণ। দলের প্রত্যেক সদস্যকেই বিশ্বকাপ জেতার চ্যালেঞ্জটা নিতে হবে। অন্য কেউ এসে কাজ করে দেবে, সে আশায় যেন কেউ বসে না থাকে। তা ছাড়া দলটি নিজেদের মাটিতে খেলারও সুবিধা পাচ্ছে।
যা-ই হোক, বিশ্বকাপের সবচেয়ে বড় শক্তি এখনো বর্তমান চ্যাম্পিয়নরাই। তিন জাতি সিরিজে খেই হারানো দলটাই বিশ্বকাপে এসে যেন আত্মবিশ্বাসে টগবগ করছে। জিতে চলেছে একটার পর একটা ম্যাচ। ভারতের ব্যাটিং যে টুর্নামেন্টের যেকোনো দৃষ্টিকোণ থেকেই সেরা, তাতে অবশ্য বিস্মিত হওয়ার কিছু নেই। নকআউট পর্বে যাওয়ার আগে দলের প্রত্যেক ব্যাটসম্যান অন্তত একটা হলেও ভালো ইনিংস খেলেছে।
টুর্নামেন্টের বিস্ময় বলতে পারেন ভারতের বোলিং আক্রমণকে। সব বোলারই কিছু না-কিছু অবদান রাখছে এবং দেখে মনে হচ্ছে দলের সবাই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। কারও মধ্যে কোনো আতঙ্ক বা বাড়তি উৎসাহ নেই, নেই কোনো ঝামেলাও। বেশ গোছানো দল। চ্যাম্পিয়নদের যেভাবে খেলা উচিত সেভাবেই খেলছে ভারত। মোহিত শর্মার পারফরম্যান্সটা আলাদা করে চোখে পড়ছে। দলের বোলিংটাকে যেন এক সুতোয় বেঁধে রেখেছে সে।
শ্রীলঙ্কাকেও দেখে খারাপ মনে হচ্ছে না। অস্ট্রেলিয়ার কাছে হারলেও তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা দেখে মনে হলো দলটার অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে। সম্ভাবনার দৌড় থেকে দক্ষিণ আফ্রিকাকেও বাদ দিয়ে দেওয়ার সাহস আমার নেই। এটা ঠিক যে তারা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু কে জানে, টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে সেটাই হয়তো সাফল্যের তাড়নাটা বাড়িয়ে দেবে। (গেম প্ল্যান)

গতকালের ফল
আরব আমিরাত: ৪৭.৪ ওভারে ১৭৫
ওয়েস্ট ইন্ডিজ: ৩০.৩ ওভারে ১৭৬/৪
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী

আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৩৭
পাকিস্তান: ৪৬.১ ওভারে ২৪১/৩
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী