টেইলরের অনুপ্রেরণা ওয়ার্ন
নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক রস টেইলরের সব অনুপ্রেরণার উত্স শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই সাবেক স্পিন কিংবদন্তির অধিনায়কত্ব তাঁকে এতটাই অনুপ্রাণিত করেছে যে আগামী দিনগুলোতে তিনি ওয়ার্নের স্টাইলেই দল পরিচালনা করতে চান। সেই সঙ্গে বদলে দিতে চান নিউজিল্যান্ড দলের কিছু মনোভাব। যে মনোভাবগুলো সাধারণ খেলোয়াড় হিসেবে তাঁর একদমই ভালো লাগেনি।কিছুদিন আগেই আইপিএলে শেন ওয়ার্নের অধীনে রাজস্থান রয়েলসে খেলে এসেছিলেন টেইলর। সেখানে ওয়ার্নের আগ্রাসী অধিনায়কত্ব দেখে যথেষ্টই মুগ্ধ তিনি। হারার আগে হেরে না যাওয়া, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া—এসবই শেন ওয়ার্নের অধিনায়কত্বের মূল দিক। নিজে অস্ট্রেলিয়ান দলের অধিনায়কত্ব কোনো দিন করতে না পারলেও আইপিএলে নিজের অধিনায়কত্ব ক্যারিশমা খুব ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি।রস টেইলরের মধ্যেও রয়েছে ওয়ার্নের প্রতি অগাধ শ্রদ্ধা। তিনি বলেছেন, ‘শেন ওয়ার্ন আমার দেখা অন্যতম আগ্রাসী অধিনায়ক। আমি তাঁর অধিনায়কত্ব দারুণ উপভোগ করি। তিনি একজন খেলোয়াড়ের মধ্য থেকে তার সেরাটা বের করে নিয়ে আসতে পারেন। আমি রাজস্থান রয়েলসে খেলার সময় তাঁর কাছ থেকে অনেক কিছুই শিখেছি।’আগামী দিনগুলোতে নিউজিল্যান্ড দলে অনেক কিছুরই পরিবর্তন দরকার বলে মনে করেন টেইলর। তিনি বলেছেন, ‘আমি সাধারণ খেলোয়াড় হিসেবে অনেকদিন থেকেই একটা জিনিস খেয়াল করছি, নিউজিল্যান্ড দলে জয়ের ক্ষুধাটা অনেক কম। একটি টেস্ট ম্যাচ ড্র করতে পারলেই আমরা জয়ের আনন্দ অনুভব করি। এ ব্যাপারটিরই পরিবর্তন করতে হবে আমাদের। জয়ের ক্ষুধা বাড়াতে হবে। অধিনায়ক হয়ে আপাতত এটাই আমার লক্ষ্য। আর এই লক্ষ্যে আমার অনুপ্রেরণা শেন ওয়ার্ন।’টেইলর আরও বলেছেন, যেকোনো পরিস্থিতিতে ম্যাচ বের করে নিয়ে আসার অভ্যাসটা থাকতে হবে। তবেই একটি দল বিশ্বের প্রথম সারিতে নিজেদের তুলে নিতে পারে। এ মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের নিচে রয়েছে কেবল বাংলাদেশ। এ অবস্থাটাই পরিবর্তন প্রয়োজন। টেইলরের লক্ষ্য অবশ্য অনেক দূরে তিনি নিউজিল্যান্ড দলকে টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম সারিতেই দেখতে চান। স্বপ্নটা সত্যিই অনেক বড় টেইলরের। ওয়েবসাইট।