টেইলরের ব্যাটে চিটাগং ১৩২
হয়ত খুব বড় স্কোর নয়, কিন্তু শুরুর বিপর্যয়কে আমলে নিলে শেষটা খুব একটা খারাপ হলো না চিটাগং কিংসের। বিপিএলে খুলনা পর্বের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করা চিটাগং কিংস রংপুর রাইডার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তুলেছে ১৩২ রান। ব্রেন্ডন টেইলরের ৫১ বলে ৬৫ আর অধিনায়ক মাহমুদউল্লাহর ৩৪ রান না হলে চিটাগংকে অবশ্য লজ্জার মুখেই পড়তে হতো।প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীর বিপক্ষে মাত্র ৯৯ রান তাড়া করে জিততে না পারা চিটাগং কিংস ইনিংসের শুরুটাই হয় বিপর্যয়ের মধ্য দিয়ে। দলীয় ৯ রানে জেসন রয় আউট হয়ে যান মাসকারেনহাসের বলে। নাঈম ইসলাম ও মেহরাব জুনিয়র শুরুর বিপর্যয় সামলে দ্রুত রান তুলতে ব্যর্থ হন। দলীয় ১৫ রানে বাজে এক রানআউটের শিকার হন মেহরাব। নাঈম কেভিন ও’ব্রায়ানের বলে ডিপ মিডউইকেটে তাপস ঘোষের এক দুর্দান্ত ক্যাচে পরিণত হলে চিটাগং পড়ে পৌঁছে যায় খাদের কীনারায়।অধিনায়ক মাহমুদউল্লাহ ও ব্রেন্ডন টেইলর এরপর দলের বিপর্যয় সামাল দেওয়ার মরিয়া চেষ্টায় নিয়োজিত হন। মাহমুদউল্লাহ ৩৪ বলে তিনটি চার ও একটি ছয়ের মারে ৩৪ রান করে দলকে বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করেন। টেইলর ৫১ বল খেলে সাতটি চার ও দুটি ছয়ে ৬৫ রান করলে চিটাগং কিংসের স্কোরবোর্ড লজ্জার হাত থেকে বাঁচে। এরপর জ্যাকব ওরাম ১২ রান করে দলকে নিয়ে যান মোটামুটি লড়িয়ে অবস্থানে।রংপুর রাইডার্সের ফিদেল এডওয়ার্ডস, দিমিত্রি মাসকারেনহাস, কেভিন ও’ব্রায়ান এবং আবদুর রাজ্জাক—প্রত্যেকের সংগ্রহ একটি করে উইকেট। অমিক কুমার ছিলেন সবচেয়ে বেশি খরচে। অধিনায়ক নাসির হোসেন এক ওভার বল করে তিন রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।