টেকনাফ থেকে তেঁতুলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিদের ঢাকা সফর আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে বাফুফে। এই কাজে বাফুফে পাশে পাচ্ছে অনেক প্রতিষ্ঠানকে। এর মধ্যে আপন কমিউনিকেশন এগিয়ে এসেছে প্রচারণার বিষয়টি দেখতে। এই প্রতিষ্ঠান বাফুফের পক্ষে সারা দেশে প্রচারণা চালাবে। বাফুফে ভবনে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে আপন কমিউনিকেশনের পক্ষে জানানো হয়, এরই মধ্যে ঢাকা শহরে ২০টি বিলবোর্ড বসেছে। ছয়টি বিভাগীয় শহরেও তা বসবে। নরসিংদী, শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতি থানা, টিএসসি, জাদুঘর চত্বর, আবাহনী মাঠ, প্রিয়াঙ্গন ক্লাব মাঠ, বনানী মাঠ, ধুপখোলা মাঠ, জাতীয় প্রেসক্লাব, রবীন্দ্র সরোবর, ৩২ নম্বর ধানমন্ডি, বাসাবো মাঠ, মধুবাগ খেলার মাঠে ১০০ ফুট বাই ৬০ ফুট বড় পর্দায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটি দেখানো হবে। ২০ আগস্ট টেকনাফ থেকে তেঁতুলিয়ায় রোড শো হচ্ছে। আগামীকাল আলোকচিত্র ও অঙ্কন প্রতিযোগিতা, ১৫ আগস্ট থেকে পত্রিকায় বিজ্ঞাপন, ২০ আগস্ট থেকে সংবাদমাধ্যমে কুইজ, ২৩ আগস্ট থেকে রাস্তার পাশে খেলোয়াড়দের বিলবোর্ড, পরদিন থেকে আইল্যান্ড-সজ্জা, রোডলাইট-সজ্জাসহ আরও অনেক কিছুই থাকছে। আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলতে আগামী ৩ ও ৪ তারিখ দুই দলের ঢাকায় আসার কথা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তার দুধারে স্কুল ছাত্র-ছাত্রীদের দিয়ে দুই দলকে অভ্যর্থনা জানানো হবে। কাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আপন কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা আমিনুল হকসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা। তাঁদের পাশে নিয়ে ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোভাবে এগোচ্ছে।’