টেনিস বলে গোলকিপিং অনুশীলন!

খেলাটা হল্যান্ডের সঙ্গে। এই বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল। রবিন ফন পার্সি, আরিয়েন রোবেন আর ওয়েসলি স্নাইডার—এই তিন তারকা গত চার ম্যাচে হল্যান্ডকে উপহার দিয়েছেন সাত গোল। কোস্টারিকার ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটাই কিনা পড়ল এত শক্তিশালী দলের বিপক্ষে!
এটা সাধারণ দর্শকদের কথা। কিন্তু কোস্টারিকা শিবিরে ভাবনাটা ভিন্নই। সম্পূর্ণ ভিন্ন। হল্যান্ড যত বড় শক্তিই হোক না কেন, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তারা নিজেদের উজাড়ই করে দিতে চায়।
কোস্টারিকা সাফল্যযাত্রার অন্যতম নায়ক মনে করা হয় গোলরক্ষক কেইলর নাভাসকে। দ্বিতীয় রাউন্ডে গ্রিসের বিপক্ষে টাইব্রেকার-ভাগ্য জয় করার মূল কান্ডারি আজকের কোয়ার্টার ফাইনাল নিয়ে নিজের প্রস্তুতিটা নিচ্ছেন দারুণ বৈচিত্র্যপূর্ণ উপায়ে। তাঁর সামনে ফন পার্সি, রোবেন, স্নাইডার—যে-ই আসুন না কেন, তিনি ছেড়ে কথা বলবেন না। কোস্টারিকার স্বপ্নযাত্রাকে আরও দীর্ঘায়িত করতে এই গোলরক্ষক নাকি নিজের প্রস্তুতিটা নিচ্ছেন টেনিস বল দিয়ে।
হ্যাঁ, টেনিস বল দিয়েই। এ ব্যাপারে একটি ভিডিও নাকি সম্প্রতি প্রকাশিত হয়েছে। তিনি এই অভিনব অনুশীলনটি করেছেন বিশ্বের শীর্ষ ৩৫তম বাছাই, স্পেনের টেনিস খেলোয়াড় পাবলো আন্দুরাকে নিয়ে। তিনি গোলবারের নিচে দাঁড়াচ্ছেন। আন্দুরা টেনিস র্যাকেট দিয়ে বল ছুড়ে মারছেন তাঁর দিকে। ঘণ্টায় ৭৫ মাইল বেগে ধেয়ে আসা ছোট্ট টেনিস বলগুলো তিনি এদিক-ওদিক ঝাঁপিয়ে লোফার চেষ্টা করছেন—এই ভিডিও ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে চারদিকে।
হল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা তাঁর নেই। ম্যাচে তাঁর সবচেয়ে বড় সঙ্গী দেশপ্রেমের আবেগ আর কঠোর অনুশীলনের অনুপ্রেরণা, ‘আমার প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে ভেবে লাভ নেই। আমার সঙ্গী গভীর দেশপ্রেম। আমার কাজ গোল আটকানো। সেই কাজটাই আমি করে যাব।’
গ্রিসের বিপক্ষে ১০ জনের কোস্টারিকাকে টাইব্রেকারে টেনে তুলেছেন নাভাস একাই। ওই ম্যাচের স্মৃতিও তাঁর অনুপ্রেরণা আজকের ম্যাচে, ‘গ্রিসের বিপক্ষে আমি সবাইকে বলেছিলাম, তোমরা ভেবো না, আমি ঠিকই পেনাল্টি আটকাব।’ গ্রিসের খেলোয়াড়দের গোলে শট নেওয়ার ধরন ম্যাচের আগে থেকেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন নাভাস। আজ হল্যান্ডের ম্যাচেও নিশ্চয়ই ফন পার্সি-রোবেনদের আটকানোর ছক কাটা আছে তাঁর কাছে।
আপাতত ওসব নিয়ে কথা বলতে চান না নাভাস। তিনি কেবল বলেছেন, ব্রাজিল থেকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই না। জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর সাক্ষী এই ব্রাজিলের মাটিতে। এই মাটি থেকে এত তাড়াতাড়ি ফিরে গেলে কীভাবে হবে?’ সূত্র: ব্রোবিবেল ওয়েবসাইট