টেনিস র‌্যাকেট হাতে শান্তির দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বৈরী ভাব তাঁরা দেখে আসছেন জন্মের পর থেকেই। দফায় দফায় যুদ্ধও যেখানে সমস্যার সমাধান নয়; নয় কোনো শান্তি আলোচনাও। এক দেশের ঘরোয়া সমস্যার দায় চাপানো হয় আরেক দেশের ‘ষড়যন্ত্র’-এর ওপর। ক্রিকেট যেখানে সম্প্রীতির সলতে জ্বালিয়ে রাখে, সেটাও নিভু নিভু।এমন বৈরী পরিবেশের মধ্যে ভারত ও পাকিস্তান কি কখনো হাতে হাত মেলাতে পারে, দুই দেশের মানুষ কি কখনো এক ‘দল’কে সমর্থন করতে পারে? দিনকয়েক আগেও এসব অসম্ভব কল্পনা বলে মনে হতো। সেই অসম্ভবকে সম্ভব করে ফেললেন আইসাম-উল হক কোরেশি ও রোহান বোপান্না। ভারত ও পাকিস্তানকে কয়েকটা দিনের জন্য হলেও তাদের হয়ে সম্মিলিত প্রার্থনা করতে বাধ্য করেছেন ইউএস ওপেনের ফাইনালে ওঠা এই পাকিস্তানি-ভারতীয় জুটি!শুক্রবার ইউএস ওপেনের পুরুষ দ্বৈতের ফাইনালে মাইক-বব ব্রায়ান জুটির কাছে হেরেও ‘জিতে’ গেলেন কোরেশি-বোপান্না জুটি। কোরেশি-বোপান্নার হেরেও জিতে যাওয়ার এই তাৎপর্যটা ব্যাখ্যা করেছেন বব ব্রায়ান, ‘ওরা শুধু ভারত-পাকিস্তানের হয়ে খেলছিল না, খেলছিল পুরো বিশ্বের জন্য। ওরা আজ এখানে যা জিতল, সেটা ইউএস ওপেনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ।’কোরেশি-বোপান্না জুটি পাশাপাশি বসিয়ে দিলেন জাতিসংঘে ভারত-পাকিস্তানের দুই স্থায়ী প্রতিনিধিকেও। ইউএস ওপেন ফাইনাল দেখতে পাশাপাশি বসে একই পক্ষের জয় কামনা করলেন ভারতের হরদীপ সিং পুরি ও পাকিস্তানের আবদুল্লাহ হুসাইন হারুন। এই যে ভারতীয় ও পাকিস্তানিদের এক সারিতে বসাতে পারা, এটাকেই নিজেদের সবচেয়ে বড় জয় বলে মানছেন কোরেশিরা।কোরেশি বলেছেন, ‘দর্শকদের মধ্যে দেখুন, সবাই মিলেমিশে রয়েছেন। কে ভারতীয়, আর কে পাকিস্তানি, বলতেই পারবেন না। এটাই খেলাধুলার সৌন্দর্য। আমাদের এই জুটি করার আগে কোথাও এই সৌন্দর্য দেখা যায়নি। সব জায়গায় শুধু লড়াই আর লড়াই।’সম্প্রীতির সৌন্দর্যকে দুনিয়ার সামনে আনতে পারাটাই তাঁদের জয়। অবশ্য ভারত-পাকিস্তান সম্প্রীতি ছাড়াও কোরেশির একটা নিজস্ব জয়ও আছে এই যুক্তরাষ্ট্রে। ৯/১১-এর পর থেকে এই দেশে আসা আরও অনেক মুসলমানের মতো তিনিও অনেক গঞ্জনা সয়েছেন। এই সুযোগে সেই গঞ্জনার বিপক্ষেও দুর্দান্ত ‘রিটার্ন’ করলেন, ‘হ্যাঁ, আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন আছে। আমাদের দেশে চরমপন্থী আছে। আমার তো মনে হয়, প্রতিটি ধর্মে চরমপন্থীরা আছে। তাই বলে পুরো একটা জাতিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে দেওয়া যায় না।’কোরেশি বন্যা, সন্ত্রাস ও সাম্প্রতিক ক্রিকেট-কলঙ্কে নিমজ্জিত পাকিস্তানে একটু সুখের খবরও পাঠাতে পারলেন একই সঙ্গে, ‘পাকিস্তানে নানা ধরনের সন্ত্রাসী আক্রমণ চলছেই। কয়েক মাস ধরে যোগ হয়েছে বন্যা আর ক্রিকেট-কলঙ্ক। আমি খুশি ও গর্বিত যে অন্তত কিছু ইতিবাচক খবর দেশে পাঠাতে পেরেছি।’কোরেশির প্রশ্ন, তাঁরা যদি হাত মেলাতে পারেন, ভারত-পাকিস্তানের সবাই কেন পারে না? এই একই প্রশ্ন বোপান্না, ‘যদি দুই বা তিন শতাংশ লোকও বলত, ‘‘ওরা যদি পারে, আমরা কেন নয়?’’ আমরা দুজন এই কথাটা শুনতেই কাজ করছি।’ঠিক একই কথা শোনা গেল যেন ভারতের ক্রীড়ামন্ত্রী এম এস গিলের কণ্ঠে, ‘আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাই—বোপান্না আর কোরেশি যদি একসঙ্গে খেলতে পারে, ভারত-পাকিস্তান কেন পারবে না?’ এএফপি।