টেনিসে তারকা পতনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টেনিসে পরশু ছিল তারকা পতনের দিন। সিনসিনাটি মাস্টার্স টেনিসে এদিন হেরেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। ডব্লুটিএ রজার্স কাপে একই দিন বিদায় নিয়েছেন কিম ক্লাইস্টার্স।মাত্রই রজার ফেদেরারকে হারিয়ে টরন্টো মাস্টার্স সিরিজের শিরোপা জিতে এসেছেন অ্যান্ডি মারে। সুইস তারকাকে এই প্রথম ফাইনালে হারানোর পর মনে করা হয়েছিল ইউএস ওপেনের আগে নিজের সেরা ফর্মেই আছেন ব্রিটিশ তারকা। ৩০ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনের দিকে তাকিয়ে মারেকে নিয়ে যখন আশায় বুক বাঁধছেন ব্রিটিশ সমর্থকেরা, তখনই হতাশ করলেন তিনি। সিনসিনাটি ওপেনের শেষ আটে তিনি হেরে গেলেন যুক্তরাষ্ট্রের অবাছাই খেলোয়াড় মার্ডি ফিশের কাছে। অবশ্য হারের আগে তিনি ভালোই লড়েছেন (৬-৭, ৬-১, ৭-৬)।মারে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন, ইউএস ওপেন অর্থাৎ প্রথম গ্র্যান্ড স্লাম জিততে চাইলে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তাঁকে। সেটা কতটা ভালো, পরশুর পরাজয়ের পর তাও উপলব্ধি করতে পারছেন রাফায়েল নাদাল। সাইপ্রাসের মার্কোস বাগদাতিসের কাছে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারের পর শীর্ষ তারকা নাদাল জানালেন, ‘আমার খেলায় নিশ্চিতভাবেই আরও উন্নতির সুযোগ আছে। নিউইয়র্কে (ইউএস ওপেনে) যদি শিরোপা জিততে চাই, দ্রুতই খেলায় উন্নতি করতে হবে আমাকে।’ ম্যাচে ৪১টি আনফোসর্ড এরর করেছেন নাদাল, যার ২২টি তাঁর মূল শক্তি সেই ফোরহ্যান্ড থেকে। উন্নতি তো করতে হবেই!নাদাল-মারের বিদায়ের দিনে ফাইনালে উঠেছেন অ্যান্ডি রডিক ও রজার ফেদেরার। রডিক ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচকে, আর ফেদেরার ৬-৪, ৭-৫ গেমে রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে।মন্ট্রিয়লে রজার্স কাপের শেষ আটে ক্লাইস্টার্স ২-৬, ৬-৩, ৬-২ গেমে হেরে গেছেন রাশিয়ার ভেরা জভোনারেভার কাছে। ক্লাইস্টার্স অবশ্য পুরো ফিট ছিলেন না। ঊরুর চোটের জন্য মাঝখানে নিয়েছিলেন ৬ মিনিটের বিরতি। জভোনারেভা ছাড়াও এই টুর্নামেন্টের শেষ চারে উঠেছেন সভেত্লানা কুজনেতসভা, ক্যারোলিন ওজনিয়াকি ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। এএফপি।