টেনিসে মানবতার জয়
এক পাশে ছিলেন রজার ফেদেরার, অন্য পাশে নাদাল। কিন্তু ম্যাচটি ফেদেরারের ছিল না, নাদালেরও নয়। ম্যাচটি ছিল আফ্রিকার। ‘ম্যাচ ফর আফ্রিকা’ শিরোনামের এই প্রীতি লড়াইয়ে বিজয়ীর নাম ফেদেরার। কিন্তু জয় আসলে হলো মানবতার। পরশু জুরিখে টেনিসের এক আর দুই নম্বরের এই লড়াইয়ে ফেদেরার জিতেছেন ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে। ফেদেরারের দেশে গিয়ে খেলার ঋণটার শোধ গতকালই পেয়ে গেছেন নাদাল। মাদ্রিদে গিয়ে এমনই আরেকটি প্রীতি ম্যাচ খেলেছেন ফেদেরার।এই প্রথম ফেদেরারের দেশে কোনো ম্যাচে মুখোমুখি হলেন নাদাল। ম্যাচটির আকর্ষণ ছিল অন্য রকম। তা ছাড়া এতে যুক্ত হয়েছিল মহৎ উদ্দেশ্য। গত ১ সেপ্টেম্বর টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই তা ফুরিয়ে গিয়েছিল। পরশু ১০ হাজার ৫০০ আসন ভরা গ্যালারির সামনে মুখোমুখি হলেন দুই তারকা। ওই ম্যাচে উঠেছে ২৫ লাখ সুইস ফ্রাঁ (সাড়ে ১৮ কোটি টাকা)। এই টাকা ব্যয় হবে আফ্রিকায় চলমান ফেদেরার ফাউন্ডেশনের বিভিন্ন দাতব্য কাজে। এএফপি।