পরদিন নির্বাচন। আগের দিন সব ওলট-পালট। নির্বাচন বন্ধ! একক পরিষদের বেশির ভাগ পদাধিকারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। কয়েকটি পদে ভোটাভুটির প্রয়োজন ছিল। কিন্তু ভোট হয়নি। ২০০৯ সালের এপ্রিলে হঠাৎই টেনিস ফেডারেশন কেঁপে উঠেছে ভূমিকম্পে। নির্বাচন বাদ দিয়ে আহ্বায়ক কমিটি করল সরকার! অথচ নির্বাচনের মাধ্যমে ‘গ্রহণযোগ্য’ একটা কমিটি করার সব ব্যবস্থাই পাকা ছিল। সকালে ভোট দিতে গিয়ে অনেকে দেখেন, নির্বাচন বাতিল! উল্লেখ্য, প্রথমে নির্বাচন হওয়ার কথা ছিল ২০০৮-এর ২০ ডিসেম্বর। কিন্তু ফেডারেশনের সদস্য বর্তমানে সহসভাপতি ফজলে রাব্বির মামলায় নির্বাচন স্থগিত হয়ে যায়, তারপর নানা দেনদরবারের ফসল হিসেবে নির্বাচনের উদ্যোগটা সফল পরিণতি পায়নি। পরবর্তী সময়ে শোনা যায়, সরকারের নাকি ভয় ছিল, নির্বাচন দিলে বিএনপির লোকজনই নাকি ক্ষমতায় এসে যাবে! তাই এক রাজনৈতিক নেতাকে দিয়ে তদবির করানো হলো, নির্বাচন যাতে না হয়!আগের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ছানাউল হক বলছেন, ‘সাধারণ সম্পাদক কারেন ভাইসহ (ইশতিয়াক আহমেদ কারেন) আরও কয়েকজন পরিচিত এই অঙ্গনে। কিন্তু অন্য অনেকের কথা না হয় বাদ দিন, একজন ভাইস প্রেসিডেন্টকেই তো চিনি না। অচেনা লোকজনে ভরা এই কমিটি। এদের দিয়ে টেনিস চলে না।’ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ, টেনিস ফেডারেশনেরই সাবেক যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ দেশে না থাকায় তাঁর বক্তব্য জানা গেল না। তবে যুগ্ম সম্পাদক অলিউল্লা ঝিলানও আক্ষেপই করলেন, ‘২০০৯-এর এপ্রিলে নির্বাচনের ভালো পরিবেশ ছিল, চমৎকার একটা কমিটিও তখন গঠন করা হয়েছিল। কিন্তু নির্বাচন হলো না। এখন এটা নিয়ে আমি কোনো আলোচনাও শুনি না।’কথা ছিল, তিন মাসের মধ্যে নির্বাচন হবে। কিন্তু প্রায় আড়াই বছর হতে চলল। নির্বাচন বাক্সবন্দী। টেনিস অঙ্গনে তাই হতাশা বাড়ছে। বাড়ছে ক্ষোভও। তিন মাসের কথা বলে অনন্তকাল তো আহ্বায়ক কমিটি দিয়ে চলতে পারে না!এই কমিটির সময় বাংলাদেশে আইটিএফের ভেন্যু বাতিল হয়েছে। আগে বাংলাদেশে গ্রুপ ৩ এবং ৪-এর খেলা হতো। এখন দেনদরবারের পর গ্রুপ-৫-এর খেলা পাওয়া গেছে। ইসরায়েলের কিশোরী খেলোয়াড়কে বাংলাদেশে আসার ভিসা না দেওয়ার জল গড়ায় এত দূর।বর্তমান যুগ্ম সম্পাদক অলিউল্লা ঝিলান বলছেন, ‘প্রতি মাসে টুর্নামেন্ট হচ্ছে। কোনো কিছু থেমে নেই, আমরা ভালোভাবেই চালাচ্ছি ফেডারেশন।’ ছানাউল হক উড়িয়ে দিচ্ছেন এই দাবি, ‘খেলা-টেলা কিছুই দেখছি না। উল্টো নানা সমস্যা। আন্তর্জাতিক টুর্নামেন্ট করার সময় একবার একজন খেলোয়াড়কেও এয়ারপোর্ট থেকে এই কমিটির কেউ রিসিভ করতে যায়নি! খেলা পরিচালনার সময় অব্যবস্থাপনা ছিল। ফাইনালের খেলার কার্ড পর্যন্ত ছাপানো হয়নি। কমিটির কর্মকাণ্ডে আমি হতাশ।’হতাশা দূর করতে চাই নির্বাচনের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য কমিটি!