টেনিসে হারিয়ে যাচ্ছে টিনএজরা!
অনেকে বলছেন, টেনিসের ভবিষ্যৎই নাকি মেঘাচ্ছন্ন। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে উইম্বলডন থেকে রাফায়েল নাদাল ও রাজার ফেদেরারের বিদায়ে তোলপাড় টেনিস-দুনিয়া। দুই তারকার বিদায় যতটা না আলোচনার জন্ম দিচ্ছে, তার চেয়ে বেশি কথা হচ্ছে টেনিসে নতুন তারকার অনুপস্থিতি নিয়ে। নির্দিষ্ট করে বললে একজন টিনএজ সেনসেশনের অভাব। ১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে বরিস বেকারের উইম্বলডন জয়ের ২৮ বছর পর টেনিস বিশ্ব হন্যে হয়ে খুঁজে ফিরছে আরও একজন বেকারকে। নাদাল ও ফেদেরারের দ্রুত প্রস্থান এই আলোচনাকে পরিণত করেছে রীতিমতো আশঙ্কায়। তাহলে কি আসলেই টেনিসের ভবিষ্যত্ এখন অন্ধকারাচ্ছন্ন?এই মুহূর্তে এটিপি র্যাঙ্কিংয়ের প্রথম ১০০ জনের মধ্যে নেই একজন টিনএজও। উইম্বলডনের ড্রয়ে বার্নার্ড টমিকই প্রথম ১০০ জনের মধ্যে থাকা খেলোয়াড়দের মধ্যে কনিষ্ঠতম। টমিককে কোনোভাবেই টিনএজের পর্যায়ে ফেলা যাবে না। তাঁর বয়স যে ২১।উইম্বলডনে কম বয়সী খেলোয়াড়দের মধ্যে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ, সেই গ্রিগর দিমিত্রভের বয়স ২২। তাঁকে যতই ‘বেবি ফেদেরার’ নামে ডাকা হোক না কেন, পারফরম্যান্স দেখে আপাতত ফেদেরারের উত্তরসূরি ভাবার কোনোই অবকাশ নেই। মারিয়া শারাপোভার প্রেমিক হিসেবে তিনি যতটা না খ্যাতিমান, তার চেয়ে অনেক কম পরিচিত খেলার ব্যাপারে।এবারের উইম্বলডনে নাদাল ও ফেদেরারকে হারিয়ে টেনিস ইতিহাসে আলোড়ন তোলা স্টিভ দারসি ও সার্গি স্তানখোভস্কিকে টিনএজ তো দূরের কথা, তরুণ বলতেও আপত্তি থাকতে পারে অনেকের। দারসির বয়স ২৯, স্তানখোভস্কির ২৭।টেনিসে টিনএজ সেনসেশনের ইতিহাসটা নেহাতই সংক্ষিপ্ত নয়। ১৯৮৫ সালে বরিস বেকারের উইম্বলডন জেতার কথা তো বলা হয়েছেই। এর আগে, ১৯৮২-তে ১৭ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ম্যাটস উইল্যান্ডার। ৮৯-তে ওই ফ্রেঞ্চ ওপেনই ১৭ বছর বয়সে জেতেন মাইকেল চ্যাং। স্টিফেন এডবার্গ ৮৫-তে অস্ট্রেলীয় ওপেন যখন জেতেন, তাঁর বয়স ছিল ১৯। এই বয়সেই ইউএস ওপেন জিতেছিলেন পিট সাম্প্রাস। ২০০২-তে উইম্বলডন জেতা লেটন হিউইট ছিলেন টেনিসের ইতিহাসের কনিষ্ঠতম ‘এক নম্বর’ তারকা।টেনিস ইতিহাসের পরতে পরতে ১৭-১৮-১৯ বর্ষীয়দের জয়-জয়কার থাকলেও হালে টিএনএজাররা কেন বিলুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হলো, ব্যাপারটি ভাবাচ্ছে অনেককেই। হিউইট ব্যাপারটিকে ব্যাখা করেছেন একেবারেই শারীরিক দিক দিয়ে, ‘এখন পুরুষ টেনিস খেলোয়াড়েরা প্রায় সবাই শারীরিক দিক দিয়ে বড়সর। একজন টিনএজারের পক্ষে বিশালদেহী পুরুষ টেনিস খেলোয়াড়কে মোকাবিলা করা খুবই কঠিন।’ ওই বয়সে টানা খেলে যাওয়ার ধকল সামলানোও যে অনেক কঠিন, হিউইটের কথায় বেরিয়ে এসেছে তা-ও, ‘১৫ বছর বয়স থেকে আমি পেশাদার টেনিস খেলি। আমার মনে আছে, ওই বয়সে আমাকে টানা খেলে যাওয়ার ধকল সামলাতে হয়েছিল। এখনকার টিনএজরা হয়তো ওই চাপটি নিতে পারছে না।’ নিজে ১৭ বছর বয়সে উইম্বলডন জিতেছেন। টেনিস ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়েই রয়েছে তাঁর পদচারণ। কিন্তু বর্তমান জামানায় টিনএজ খেলোয়াড়দের বিলুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হওয়া ভাবায় বরিস বেকারকেও। তিনি টিনএজ খেলোয়াড়দের হারিয়ে যাওয়ার ব্যাপারে যতটা না শারীরিক ব্যাপার-স্যাপারকে দায়ী করেন, তার চেয়ে অনেক বেশি দায়ী করেন ভালো কোচিংয়ের অভাবকে, ‘টিনএজ খেলোয়াড়েরা হারিয়ে যেতে বসেছে স্রেফ ভালোমানের কোচিংয়ের অভাবেই। আশির দশকে আমরা কয়েকজন ভালো কোচের সংস্পর্শে এসেছিলাম। এখন টিনএজ খেলোয়াড়েরা হারিয়ে যায় শুধু বাজে কোচিংয়ের কারণেই।’বেকার-এডবার্গ-উইল্যান্ডারদের কথা বাদ দিন। ২০০০ সালের পরেও টেনিসে বেশ কয়েকজন টিনএজ সেনসেশনের আবির্ভাব হয়েছে। লেটন হিউইট, অ্যান্ডি রডিক, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, অ্যান্ডি মারেরা র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের ভেতর জায়গা করে নিতে পেরেছিলেন বয়স ২০ পার হওয়ার আগেই। রজার ফেদেরারও বয়স ২০ পেরোনোর আগেই ঢুকেছিলেন র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের ভেতর। যাঁদের নাম করা হলো, তাঁদের দিয়ে টেনিস তো কাটিয়ে দিল গোটা একটি দশকই। কিন্তু তাঁদের পরে সেনসেশন তৈরি করবেন কারা, বিষয়টি নিয়ে এই মুহূর্তে যথেষ্টই চিন্তিত টেনিসপ্রেমীরা। ওয়েবসাইট অবলম্বনে।