টেনিসের ধনকুবেররা

১৯৬৮ সালের উইম্বলডনে যখন প্রথমবারের মতো প্রাইজমানির ঘোষণা এসেছিল, তখন এর পরিমাণ ছিল বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকা। আজ ৪৫ বছর সেই অঙ্কটা কত দাঁড়িয়েছে জানেন? ২৭৮ কোটি টাকা। হ্যাঁ ঠিকই পড়ছেন। প্রাইজমানি থেকে বিপুল অর্থ উপার্জন করলেও টেনিস খেলোয়াড়দের আয়ের মূল উত্স কিন্তু স্পনসররা। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে নানাবিধ চুক্তি থেকেই টেনিস খেলোয়াড়েরা বিপুল অর্থ আয় করেন। সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতার প্রাইজমানি মিলিয়ে মোট বিত্তের পরিমাণটা দাঁড়ায় আকাশছোঁয়াই। তবে অর্থবিত্তের মালিক হতে তাঁদের যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়, সেটা সহজেই অনুমেয়। কোর্টের চৌহদ্দিতে পারফরম্যান্স না থাকলে স্পনসররাও আসবে না, প্রাইজমানিও পাওয়া যাবে না। তবে আধুনিক কোর্টের পারফরম্যান্সের বাইরেও নারী টেনিস তারকাদের গ্ল্যামারও তাঁদের অর্থবিত্তের অন্যতম উেস পরিণত হয়েছে। টেনিসের পাশাপাশি ওই লাস্যময়ীরা মডেলিং থেকে শুরু করে বিভিন্ন গ্ল্যামারধর্মী কাজের অংশ হয়েও বিপুল অর্থ উপার্জন করেন। গ্ল্যামারটাও যে টেনিস জগতের একটা বড় অংশ, তার ইঙ্গিত পাওয়া যায় শারাপোভা, ওজনিয়াকিদের দেখেই। সে কারণেই বোধ হয় বিশ্বের শীর্ষ ১০ ধনী টেনিস খেলোয়াড়ের ছয়জনই নারী।
১. রজার ফেদেরার
শুধু টেনিস জগতেই না, পুরো ক্রীড়া বিশ্বেরই অন্যতম ধনী খেলোয়াড় রজার ফেদেরার। ফোর্বসের সর্বশেষ ধনী খেলোয়াড়ের তালিকায় তাঁর অবস্থান ২ নম্বরে। সাম্প্রতিক সময়ে নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে তাঁকে কিছুটা ফিকে মনে হলেও সবচেয়ে ধনী টেনিস খেলোয়াড়ের আসনটা ঠিকই ধরে রেখেছেন এই সুইস তারকা।
সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্লাম জয় ও সবচেয়ে লম্বা সময় ধরে (৩০২ সপ্তাহ) টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার রেকর্ডটাও আছে ফেদেরারের দখলে। ইনজুরির কবলে পড়ে লম্বা সময় ধরে কোর্টের বাইরেও খুব একটা থাকেননি এই টেনিস কিংবদন্তি। সে কারণেই বোধ হয় অন্য অনেক তারকার চেয়ে ফেদেরারের ওপরই বেশি আস্থা স্পনসরদের। জিলেট, রোলেক্স, মার্সিডিজ, জুরা, নেটজেটের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আছে ফেদেরারের। সেখান থেকেই বছরে ৩১১ কোটি টাকারও বেশি আয় করেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।
২. মারিয়া শারাপোভা
টানা আট বছর ধরে শীর্ষ ধনী নারী খেলোয়াড়ের জায়গাটা নিজের দখলেই রেখেছেন মারিয়া শারাপোভা। গ্ল্যামারাস এই টেনিস তারকা খুব সহজেই আকৃষ্ট করতে পারেন স্পনসরদের। তাঁর সঙ্গে চুক্তি আছে নাইকি, স্যামসাং, মটোরোলা, ল্যান্ড রোভারের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের। ২০১০ সালে নাইকির সঙ্গে আট বছরের নতুন এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই তিনি আয় করবেন ৫৪৪ কোটি টাকা। টেনিসের প্রচলিত সব পোশাকের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারায় ২০১০ সাল থেকে নিজেই শুরু করেছেন পোশাক ডিজাইন। সেগুলো বিক্রির মাধ্যমেও বেশ ভালোই আয় করেন শারাপোভা। এ বছর পা রেখেছেন চকলেটের ব্যবসায়ও। ‘সুগারপোভা’ নামের এই চকলেটের বাণিজ্য করে ভবিষ্যতে হয়তো আরও ধনী হয়ে উঠতে পারবেন রাশিয়ান এই তারকা।
৩. সেরেনা উইলিয়ামস
প্রাইজমানি থেকে সবচেয়ে বেশি আয় করা নারী খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। কয়েক দিন আগেও টানা দ্বিতীয়বারের মতো তাঁর হাতে উঠেছে ইউএস ওপেনের শিরোপা। এর বাইরেও নাইকি, উইলসন, পুমা, টামপাক্সের সঙ্গে চুক্তি থেকেও বেশ ভালোই আয় করেন মেয়েদের টেনিসের শীর্ষ এই তারকা। এ বছরের শুরুতে অ্যাপল আইফোনের একটি বিজ্ঞাপনেও দেখা গেছে এই মার্কিন টেনিস খেলোয়াড়কে। এ ছাড়া আমেরিকার একটি ফুটবল দল, মিয়ামি ডলফিনের শেয়ারও আছে উইলিয়াম বোনদের।
৪. ভেনাস উইলিয়াম
অর্থবিত্তের দিক দিয়ে ছোট বোনের চেয়ে কিছুটা পিছিয়েই আছেন ভেনাস উইলিয়াম। কিন্তু প্রাইজমানি আর স্পনসরশিপ থেকে তাঁর আয়ও খুব একটা কম না। ২১টি গ্র্যান্ড স্লামজয়ী এই মার্কিন তারকা কোর্টের বাইরেও সমানভাবে সফল। বোন সেরেনা আর শারাপোভার মতো তিনিও পা রেখেছেন ফ্যাশন জগতে। ফ্যাশন ডিজাইনের পাশাপাশি গৃহসজ্জার প্রতিষ্ঠানও আছে ভেনাসের। মেয়েদের টেনিসের সাবেক এই শীর্ষ তারকা খ্যাতি কুড়িয়েছেন লেখিকা হিসেবেও। ২০১০ সালে প্রকাশিত হয়েছে তাঁর সর্বশেষ বই ‘কাম টু উইন’। উইম্বলডনে ছেলে আর মেয়েদের প্রাইজমানি সমান করার আন্দোলনে সোচ্চার ছিলেন ভেনাস। ইংল্যান্ডের তত্কালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সমর্থনে সফলও হয়েছিলেন।
৫. রাফায়েল নাদাল
২০০৮ অলিম্পিকে সোনা জিতলেও কনুইয়ের ইনজুরির কারণে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশই নিতে পারেননি রাফায়েল নাদাল। কোর্টের বাইরে কাটাতে হয়েছে প্রায় সাত মাস। যার ফলে প্রাইজমানি থেকে প্রাপ্ত আয়ের হিসাবে অনেকখানিই পিছিয়ে পড়েছেন এই স্প্যানিশ তারকা। তার পরও স্পনসরদের সঙ্গে মোটা অঙ্কের চুক্তির সুবাদে শীর্ষ ধনী টেনিস খেলোয়াড়ের তালিকায় ৫ নম্বরেই জায়গা করে নিয়েছেন ক্লে কোর্টের রাজা। বিখ্যাত ঘড়ি নির্মাতাপ্রতিষ্ঠান রিচার্ড মিলের সঙ্গে চুক্তি করে বেশ ভালোই আয় করছেন নাদাল। ২০১১ সালে চুক্তি করেছেন ইতালির ফ্যাশন হাউস এমপোরিয়ো আরমানির সঙ্গে। তাঁর আগে যে জায়গাটিতে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৬. অ্যান্ডি মারে
২০১২ সালে অলিম্পিক জয় দিয়েই শুরু হয়েছিল অ্যান্ডি মারের উত্থান। এরপর ইউএস ওপেন আর ৭৭ বছর পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের পর স্পনসরদের দৃষ্টি বেশ ভালোভাবেই কেড়ে নিয়েছেন এই ব্রিটিশ তারকা। তাঁর অন্যতম বড় স্পনসর অ্যাডিডাস। ২০০৯ সালে জোকোভিচকে বাদ দিয়ে মারের সঙ্গে চুক্তি করেছিল বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠানটি। সুইজারল্যান্ডের ঘড়ি নির্মাতা কোম্পানি রাডোর সঙ্গে চুক্তি থেকেও বেশ বড় অঙ্কের টাকা আসে মারের হাতে। এ বছরের শুরুতে ইউএস ওপেন জয়ের পর রাডোর ঘড়িটা হাতে না থাকায় কিছুটা ঘাবড়েও গিয়েছিলেন মারে।
৭. নোভাক জোকোভিচ
বেশ কয়েক বছর ধরেই কোর্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নোভাক জোকোভিচ। এখনো তাঁর দখলেই আছে শীর্ষ টেনিস তারকার আসনটা। কিন্তু সেই তুলনায় অর্থকড়ি প্রাপ্তির দিক থেকে কিছুটা পিছিয়েই আছেন ‘জোকার’। প্রাইজমানি থেকেই এসেছে জোকোভিচের বেশির ভাগ অর্থ। ২০১১ সালের পর পাঁচটা গ্র্যান্ড স্লাম জিতেই আয় করেছেন ২৩৩ কোটি টাকা। ২০১১ সালে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মার্সিডিজ ও সুইস ঘড়ি নির্মাতা আউডেমারস পিগেটের সঙ্গে। ২০১২ সাল থেকে জাপানিজ পোশাক নির্মাতা কোম্পানি ইউনিকোলোর জার্সি পরেই কোর্টে নামেন জোকোভিচ। ২০১৩ সালে চুক্তি করেছেন অ্যাডিডাসের সঙ্গেও।
৮. লি না
এশিয়ার প্রথম ও একমাত্র গ্র্যান্ড স্লাম বিজয়ী তারকা লি না। শুধু এশিয়াতেই না, পুরো বিশ্বেই তাঁকে বিবেচনা করা হচ্ছে একজন আদর্শ হিসেবে। ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পাশাপাশি গিয়েছিলেন আরও দুটি গ্র্যান্ড স্লামের ফাইনাল পর্যন্ত। এরপরই ভিসা, রোলেক্স, স্যামসাং, মার্সিডিজের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করেছেন এই চীনা তারকা। এর আগে দীর্ঘদিন ধরেই তাঁকে অর্থনৈতিকভাবে সমর্থন দিয়ে গেছে নাইকি। এ বছরের শুরুতে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদেও জায়গা করে নিয়েছিলেন লি না। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ১০০ জন মানুষের মধ্যে আছে তাঁর নামটাও।
৯. ক্যারোলিন ওজনিয়াকি
মাত্র ২২ বছর বয়সেই দখল করেছিলেন মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা। যদিও এখনো জিততে পারেননি একটি গ্র্যান্ড স্লামও। নিজের পারফরম্যান্সের চেয়ে গলফার রোরি ম্যাকলোরির সঙ্গে সম্পর্কটির জন্যই বেশি আলোচিত ওজনিয়াকি। ২০১১ সালে সেরা বিপণনযোগ্য ১০ খোলোয়াড়ের মধ্যে জায়গা করে নিয়েছিলেন এই ড্যানিশ তারকা। অ্যাডিডাস, সনি এরিকসন, রোলেক্সের সঙ্গে চুক্তি আছে ওজনিয়াকির।
১০. আনা ইভানোভিচ
নোভাক জোকোভিচের পর দ্বিতীয় সার্বিয়ান তারকা হিসেবে ধনী ১০ টেনিস তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন ইভানোভিচ। ২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে উঠেছিলেন ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করেছিলেন কিছুদিনের জন্য। কিন্তু তারপর থেকে আর সেভাবে আলোচনায় আসতে পারেননি ২৫ বছর বয়সী এই টেনিস তারকা। যদিও সার্বিয়ান একটি মিউজিক ভিডিওতে কাজ করে বেশ ভালোই খ্যাতি কুড়িয়েছেন।