টেনিসের পাট চুকিয়ে ফেললেন সাফিনা
কোনো গ্র্যান্ড স্লাম না জিতেই উঠেছিলেন ৎঙ্কিংয়ের শীর্ষে। এটা নিয়ে সইতে হয়েছে বিস্তর সমালোচনা। সেরেনা উইলিয়ামস, কিম ক্লাইস্টার্সের মতো তারকাদের বিদ্রূপ-টিপ্পনীর জবাব ফিরিয়ে দেওয়া হলো না দিনারা সাফিনার। শুধু সমালোচনা নয়, টেনিসের সব বিষয়কেই ‘জীবনের অতীত পাট’ হিসেবে চাপা দিয়ে ফেললেন এই রুশ তরুণী। চোটের কাছে হেরে মাত্র ২৫ বছর বয়সেই পেশাদার টেনিসকে বিদায় বলে ফেললেন।না, ‘বিদায়’ শব্দটা সাফিনা নিজে উচ্চারণ করেননি, তাঁর হয়ে অবসরের ঘোষণাবাণী পাঠ করেছেন ভাই মারাত সাফিন। সাবেক এক নম্বর এবং দুবারের গ্র্যান্ড স্লামজয়ী মারাত সাফিন ছোট বোনের ‘অবসর’ নিশ্চিত করে বলেছেন, ‘দিনারা (সাফিনা) ওর ক্যারিয়ার শেষ টেনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি ভালোই।’ চোটই যে অবসরের কারণ, সেটাও নিশ্চিত করেছেন সাফিন, ‘স্বাস্থ্য বিবেচনায় সবকিছুই ঠিক আছে। প্রাত্যহিক জীবনটাকে ও উপভোগই করছে। কিন্তু পিঠের তীব্র ব্যথার কারণে ও শুধু পেশাদার টেনিসটা আর খেলতে পারবে না।’শুরুর দিকে ভাই সাফিনের ছায়ায় ঢাকা পড়েছিলেন সাফিনা। যেখানেই খেলতে যেতেন, লোকে ডাকত ‘সাফিনের বোন’। দীর্ঘদিন পর ভাইয়ের ছায়া সরিয়ে সাফিনা পেয়ে যান তারকাখ্যাতি, প্রতিষ্ঠা করেন নিজের নাম। ২০০৯ সালের ১ এপ্রিল পা রাখেন ৎঙ্কিংয়ের শীর্ষে। তিনবার গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা সাফিনা জিতেছেন ১২টি ডব্লুটিএ শিরোপা। শুরু-শেষটায় কী দারুণ মিল! শুরুর মতো ক্যারিয়ারের শেষটাও হলো আড়ালে থেকেই। চোটের কারণে দীর্ঘদিন ধরেই সাফিনা ছিলেন নিজের ছায়া হয়ে! এএফপি।