টেনিসের মাঠে ক্রিকেটের শচীন
টেনিস খেলার প্রচণ্ড ইচ্ছে ছিল ছোটবেলায়। ক্রিকেটার না হলে হয়তো টেনিসই খেলতেন শচীন টেন্ডুলকার। জন ম্যাকেনরোর পাঁড় ভক্ত ছিলেন। এমনকি ক্রিকেট খেলতে গিয়েও টেনিসের মতো হেডব্যান্ড পরতেন মাকেনরোকে অনুসরণ করতে গিয়ে। এখনো উইম্বলডনের ম্যাচ পারতপক্ষে মিস করেন না ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন টিভির সামনে।গত বছর স্ত্রী অঞ্জলিকে নিয়ে উইম্বলডনে গিয়েছিলেন রজার ফেদেরারের খেলা দেখতে। ২১ জুন থেকে শুরু হচ্ছে এবারের উইম্বলডনের খেলা। এবারও মাঠে থাকবেন শচীন। তবে মামুলি দর্শক নয়, আমন্ত্রিত অতিথি হিসেবে। আয়োজকেরা সম্প্রতি উইম্বলডনের রয়েল বক্সে বসে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন শচীনকে। মাত্র ৭৪ আসনবিশিষ্ট এই রয়েল বক্সে কেবল রাজকীয় সদস্য ও গণ্যমান্য অতিথিরাই বসার সুযোগ পান। ২৬ জুন খেলা দেখতে আগামী সপ্তাহেই লন্ডনে যাচ্ছেন এশিয়া কাপের দলে না থাকা শচীন। ছুটির সময়টা ভালোভাবেই কাজে লাগছে শচীনের। তবে যেনতেন পোশাকে খেলা দেখতে যেতে পারবেন না তিনি। রয়েল বক্সে বসতে হলে রীতিমতো ড্রেস কোড মেনে পোশাক পরতে হবে শচীনকে। স্যুট বা জ্যাকেটের সঙ্গে অবশ্যই থাকতে হবে মানানসই টাই। পায়ে থাকতে হবে চকচকে শু। যস্মিন দেশে যদাচার!