টেনিসের লৌহমানব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-ক্রিকেটে গড়াপেটার অভিযোগ লেগেই আছে। ল্যান্স আর্মস্ট্রংয়ের ডোপ কেলেঙ্কারিতে বিশ্ব তোলপাড়। বান্ধবীকে খুন করে অস্কার পিস্টোরিয়াস থানা-পুলিশ সামলাচ্ছেন। নারী কেলেঙ্কারিতে টাইগার উডসের ঘর ভাঙার খবরটাও পুরোনো হয়ে গেছে। তারকা পতনের এই হিড়িক যেন দিন দিন খেলার জগৎটাকেও টেনে নামাচ্ছে নিচে।বদলাননি কেবল একজন। রজার ফেদেরার।ডোপ কেলেঙ্কারি নেই। নারী কেলেঙ্কারি নেই। চোট তাঁর কাছ থেকে দূরে থাকে। পড়তি ফর্মের জন্য হাহাকারও তাঁর তেমন নেই। ২০০০ সালের অস্ট্রেলিয়ান ওপেন থেকে শুরু করে এবারের ফ্রেঞ্চ ওপেন—ফেদেরার যেন খেলে যাচ্ছেন একই ছন্দে! রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ীকে পরিসংখ্যান মেনে নিয়েছে সর্বকালের সেরা হিসেবে। এই নিয়ে টানা ৫৪টি গ্র্যান্ড স্লামে অংশ নেওয়া ফেদেরারের বেলায় বরং প্রশ্ন রাখা যেতে পারে, তিনিই ইতিহাসের সবচেয়ে টেকসই খেলোয়াড় কিনা? যেকোনো ধরনের খেলায় সর্বোচ্চ পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে, এতটা সাফল্যের সঙ্গে খেলে যাওয়ার রেকর্ড আর কার আছে?দীর্ঘ স্থায়িত্বের উদাহরণ যে নেই তা নয়। ফুটবলে রায়ান গিগস ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টানা ২৩ মৌসুম খেলেছেন। ক্রিকেটে টেন্ডুলকারের ২৪ বছর হতে চলল। তবে এঁদের দুজনেরটাই দলগত খেলা এবং দীর্ঘ এই সময়টা তারা যে একটানা ম্যাচের পর ম্যাচ খেলেছেন এমন নয়। বিশ্রাম পেয়েছেন, নিজেরা চোটে পড়েছেন। বেসবল তারকা ক্যাল রিপকেনের সঙ্গে তুলনা হতে পারে। বাল্টিমোর ওরিওলসের এই থার্ড বেসম্যান দলের হয়ে ১৬ বছরে টানা ২৬৩২টি ম্যাচ খেলেছেন! তবে দীর্ঘ সময় ধরে একটানা খেলা আর সেই সঙ্গে সাফল্য পাওয়া একসঙ্গে বোধ হয় ফেদেরারের মতো আর কেউ করতে পারেননি। টানা ২৩৭ সপ্তাহসহ মোট ৩০২ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থাকা, টানা ১০ বারসহ মোট ২৪ বার গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলার মতো অর্জন তো আছেই। পরশু ফ্রেঞ্চ ওপেনে জিলস সিমনকে হারিয়ে ছুঁয়েছেন আরেকটি মাইলফলক। টেনিসের সর্বোচ্চ পর্যায়ে এটা ফেদেরারের ক্যারিয়ারের ৯০০তম জয়! এখনো খেলে যাচ্ছেন এমন টেনিস তারকাদের মধ্যে আর কেউ তার চেয়ে বেশি ম্যাচ জেতেননি। টেনিসের ইতিহাসে এই তালিকায় ফেদেরারের ওপরে আছেন মাত্র তিনজন। সবার ওপরে ১২৪৩টি জয় পাওয়া জিমি কনর্স। তবে যেভাবে এগোচ্ছেন ফেদেরার, কনর্সকে ছাড়িয়ে যাওয়াটাও হয়তো অসম্ভব হবে না তাঁর জন্য।ওহ্, ছাড়াতে হবে আরও একজনকে। টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম খেলার রেকর্ডটা এখনো ফ্রান্সের ফ্যাব্রিচ সানতোরোর অধিকারে। ১৯৮৯ থেকে ২০১০ পর্যন্ত মোট ৭০টি গ্র্যান্ড স্লাম খেলেছেন সানতোরো। তাঁকে ছাড়িয়ে যেতে হলে এখন থেকে ২০১৬ ইউএস ওপেন পর্যন্ত সবগুলো প্রধান টুর্নামেন্ট খেলতে হবে ফেদেরারকে।অসম্ভব মনে হচ্ছে? তাহলে জেনে রাখুন, ২০১৬ অলিম্পিকে না খেলে অবসর নেবেন না এটা আগেই জানিয়ে দিয়েছেন ফেদেরার। আর ফেদেরার ছাড়া গ্র্যান্ড স্লাম কি এখনো ভাবা যায়?তার মানে অধরা এসব রেকর্ডও একসময় সুইস টেনিস তারকার নামের পাশেই লেখা হবে। সর্বকালের সেরা টেনিস তারকা নয়, তখন প্রশ্ন করতে হবে ফেদেরারই আসলে সর্বকালের সেরা ক্রীড়াবিদ কিনা! ওয়েবসাইট।