টেনিসের হল অব ফেমে আন্দ্রে আগাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্টিনা নাভ্রাতিলোভা, স্টেফি গ্রাফ, পিট সাম্প্রাস, বরিস বেকারদের মতো টেনিস কিংবদন্তিদের পাশে নাম লেখালেন আন্দ্রে আগাসি। টেনিসের এ বছরের হল অব ফেমে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই টেনিস তারকা। দীর্ঘ ২০ বছরের পেশাদারি ক্যারিয়ার শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করেন তিনি।১৯৮৬ সালে ক্যারিয়ার শুরু করার পর মোট আটটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন সাবেক এই এক নম্বর তারকা। ১৯৯২ সালে উইম্বলডন শিরোপা জিতে নিজেকে পরিচিত করেছিলেন টেনিস বিশ্বের কাছে। এরপর একে একে জিতেছেন ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন। টেনিস ইতিহাসে তিনি সপ্তম খেলোয়াড়, যাঁর ট্রফি কেসে আছে সবগুলো গ্র্যান্ড স্লাম শিরোপা। ১৯৯৬ সালে অলিম্পিকের সোনাও জিতেছিলেন তিনি। গতকাল টেনিসের সবচেয়ে গৌরবজনক এই অর্জনটির পর আগাসি বলেছেন, ‘আমি টেনিস খেলাটা সত্যিই খুব ভালোবাসতাম। এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমরা জীবনে এমন মুহূর্ত খুব অল্পই পাই, যখন আমাদের বাবা-মা, আমাদের নিয়ে গর্ব বোধ করেন। আমি টেনিসকে ধন্যবাদ দিতে চাই, আমার জীবনের এসব দুর্লভ মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য।রয়টার্স।