টেনিসের 'বিশ্বকাপ' করবেন পিকে?

স্পেনের হয়ে বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছেন। জেরার্ড পিকে ভালোই বোঝেন ‘বিশ্বকাপ’ এর মাহাত্ম্য। সে কারণেই কিনা, টেনিস খেলায় বিশ্বকাপ নেই কেন—এই ব্যাপারটা খুব ভাবাচ্ছে তাঁকে। কেবল ভাবনাই নয়, টেনিসের বিশ্বকাপটা নিজেই আয়োজন করে ফেলতে চান বার্সেলোনা-তারকা। পিকের ‘বিশ্বকাপ টেনিস’ নাকি বেশ সাড়া ফেলেছে রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে মতো টেনিসের সেরা তারকাদের মাঝে।
টেনিস বিশ্বকাপ নিয়ে বেশ কিছু প্রাথমিক কাজও সেরে ফেলেছেন পিকে। বিবিসি জানিয়েছে, গত সপ্তাহেই পেশাদার টেনিসের সংগঠন—এটিপির কর্মকর্তাদের সঙ্গে নাকি এ নিয়ে আলোচনা সেরেছেন তিনি। পিকে বোঝাতে চেয়েছেন, একটি নির্দিষ্ট ভেন্যুতে ১৬টি দেশের প্রতিযোগীদের নিয়ে ১০ দিনের মধ্যে বিশ্বকাপ আয়োজন খুব করেই সম্ভব। ব্রিটিশ তারকা মারে পিকের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন, ‘বিশ্বকাপ টেনিস দারুণ একটা ব্যাপার হবে। এটি যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে টেনিসের ভালোই হবে।’
পিকের এ ‘বিশ্বকাপ টেনিস’ ভাবনা ডেভিস কাপকে ক্ষতিগ্রস্ত করবে। টেনিসের আন্তর্জাতিক সংগঠন—আইটিএফ, ডেভিস কাপ নামের আড়ালেই টেনিসের বিশ্বকাপ আয়োজন করে। পুরোনো এই টুর্নামেন্টটিকে অবশ্য ক্লান্তিকরই মনে করেন টেনিসের বড় তারকারা। রাফায়েল নাদাল তাঁর স্বদেশি পিকের এই ভাবনাকে সমর্থন করেন। একই সঙ্গে তিনি সমালোচনা করেছেন আইটিএফের, ‘আইটিএফ আয়োজিত ডেভিস কাপ সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যায়নি। এটা আটকে আছে একটা জায়গায়। পিককের বিশ্বকাপ টেনিসের ভাবনাটা দারুণ এবং এটি খুবই ভালো একটা টুর্নামেন্ট হবে।’
এটিপির সঙ্গে পিকের কী কথা হয়েছে, এ নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নয় আইটিএফ। বিবিসিকে সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, ‘অন্য সংগঠনগুলো কি করার চেষ্টা করছে, এটা নিয়ে আইটিএফ চিন্তিত নয়। ডেভিস কাপ কিন্তু সারা দুনিয়ার টেনিসপ্রেমীরা উপভোগ করেন।’ আগামী আগস্টে আইটিএফের বিশেষ সভায় ডেভিস কাপের বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে এটিকে যুগোপযোগী করার কথায় বলেছেন আইটিএফ মুখপাত্র।
নাদাল ও মারে পিকেকে সমর্থন করলেও টেনিসের দুনিয়ার ঘোর-প্যাঁচ সম্পর্কে পিকেকে সতর্ক করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। তবে এই তারকা ফুটবলারের উদ্যোগ ও ভাবনাটা ভালো লেগেছে জোকোভিচের, ‘টুর্নামেন্টের সূচিটা একটু জটিল লেগেছে। কিন্তু পিকের মতো ফুটবল-ব্যক্তিত্ব টেনিসে ব্যক্তিগতভাবে এগিয়ে আসছেন এটি দারুণ খবর। আশা করব ওর উদ্যোগ সফল হবে।’