টেন্ডুলকার অপরাজিত ১৪০১৭!
প্রয়োজন ছিল ২৭। বিশের পর থেকেই থেকেই একেকটি রানকে গগনবিদারী চিৎকারে স্বাগত জানাচ্ছিল চিন্নাস্বামীর গ্যালারি-ভরা দর্শক। অপেক্ষার প্রহরটি খুব বেশি দীর্ঘ করেননি ‘এ যুগের ডন’। ২৫ রান থেকে নাথান হরিজের বলে দারুণ এক কাট শটে পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত মাইলফলকে। ড্রাম বাজল, সতীর্থরা ও চিন্নাস্বামীর পুরো গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানাল, ক্যারিয়ারে অজুতবারের মতো ব্যাট তুললেন তিনি। অভিনন্দন জানালেন বেশ কদিন পিছু ধাওয়া করে এখন অনেক পেছনে পড়ে যাওয়া রিকি পন্টিংও। অসংখ্য রেকর্ড, অসংখ্য প্রথমের মেলায় যোগ হলো আরেকটি। এই গ্রহের প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার টেস্ট রান হয়ে গেল শচীন টেন্ডুলকারের। দিন শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় অনেকটা দৌড়ে গিয়ে টেন্ডুলকারের সঙ্গে হাত মেলালেন হরিজ। অস্ট্রেলীয় অফ স্পিনার তো টেন্ডুলকারকে ধরতে পারলেন, কিন্তু লিটল মাস্টারের রানকে কি কেউ কোনো দিন ধরতে পারবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়। অস্ট্রেলীয়রা তো এই মুহূর্তে এই উত্তর খুঁজতে হয়তো চাইবে না। এই ইনিংসে টেন্ডুলকারকে থামানোই এখন তাদের লক্ষ্য। বিকেলে মুরালি বিজয়ের সঙ্গে টেন্ডুলকারের ৯০ রানের জুটিটা না হলে দিনটাকে অনায়াসেই বলা যেত অস্ট্রেলিয়ার। কাল যেমন খেলেছেন, তাতে অস্ট্রেলিয়ার সমতা আনার লড়াইয়ে বাগড়া দিতে পারেন ‘পুরোনো শত্রু’ টেন্ডুলকারই।টেন্ডুলকারের মতো ইতিহাসে নাম লেখাননি। তবে নিজের কাছে অন্তত কোনো অংশে কম মূল্যবান ছিল না মার্কাস নর্থের ইনিংসটি। সেঞ্চুরির পর কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না বাঁহাতি ব্যাটসম্যান। হাঁটু গেড়ে বসে পড়লেন, হেলমেটে চুমু খেলেন, লাফালেন। ধারাভাষ্য কক্ষে বসে কারণটা ব্যাখ্যা করছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, ‘ক্যারিয়ার বাঁচানো সেঞ্চুরি।’ আগের নয় ইনিংসে একটি মাত্র ফিফটি, শূন্য তিনটি। এই টেস্টে ভালো খেলতে না পারলে দল থেকে ছিটকে পড়া ছিল নিশ্চিত। কালকের সেঞ্চুরিতে অ্যাশেজ দলে থাকাটা নিশ্চিত হয়ে গেল নর্থের।নর্থের সঙ্গে কাল পেইন আবারও যন্ত্রণা দিয়েছেন ভারতকে। সকালের সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন দুজনে। প্রথম দিনের মতো কালও সকালের আর্দ্রতা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ভারতের পেসাররা। নর্থ-পেইনের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে পারেননি স্পিনাররাও। ১৪৯ রানের জুটিটা ভেঙেছে অবশ্য স্পিনেই। ওঝার ঝুলিয়ে দেওয়া বলে সামনে খেলতে গিয়ে পেইন স্টাম্পড। আগের টেস্টে ৯১ করার পর এই টেস্টে ৫৯, উইকেটের পেছনেও যথেষ্ট সাবলীল। তার পরও হয়তো গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্টে উইকেটের পেছনে দেখা যাবে না তাসমানিয়ার এই ২৫ বছর বয়সী তরুণকে। চোট কাটিয়ে ব্র্যাড হাডিন যে ফিরছেন!অস্ট্রেলীয় পেসাররা কাল শুরুটা খারাপ করেননি। একের পর এক শর্ট বল করে আউট করেছেন বিপজ্জনক হয়ে ওঠা শেবাগকে। হিলফেনহসের একটি শর্ট বল হেলমেটে লাগার পর যথেষ্টই আঁতে ঘা লেগেছিল শেবাগের। পরের বলটি আবার শর্ট, এবার শেবাগের হুক ও ডিপ স্কয়ার লেগে ক্যাচ। পরের ওভারে টানা তৃতীয় ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট দ্রাবিড়। তবে ‘পুরোনো শত্রু’ টিকে আছেন এখনো!