টেন্ডুলকার অসুস্থ, মাঠে নামা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার তাঁর ক্রিকেট জীবনে সব পেয়েছেন। অর্জনের প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়েই স্বাচ্ছন্দ্য পদচারণা ঘটেছে সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। আর একটি হলেই ক্রিকেট বিশ্বে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক সেঞ্চুরির ‘সেঞ্চুরি’টি করে ফেলবেন তিনি। কিন্তু, এ অনন্য সাধারণ অর্জনের সামনে দাঁড়িয়ে দুর্ভাগ্য যেন পিছু ধাওয়া করছে টেন্ডুলকারকে!লর্ডসে শচীনের কোনো টেস্ট সেঞ্চুরি নেই। ব্যাপারটি অনেকের কাছেই আশ্চর্যের ব্যাপার। যেন বিধাতার এক অদ্ভুত খেলা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিজের শততম সেঞ্চুরিটি লর্ডসের মাঠে করে ফেলার সব প্রস্তুতিই সম্পন্ন করেছিলেন টেন্ডুলকার। কিন্তু ৩৭ রানে আউট হয়ে সেই আশার গুড়ে বালি পড়েছে তাঁর। সমর্থকেরাও হতাশায় আচ্ছন্ন হয়েছেন। সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন দ্বিতীয় ইনিংসকে সামনে রেখে, কিন্তু খুব সম্ভবত হতাশই হতে হচ্ছে তাদের। ভারতীয় দলের চিকিত্সক জানিয়েছেন, শচীন টেন্ডুলকার ভাইরাল অসুস্থতায় আক্রান্ত। এ কারণে চিকিত্সকের পরামর্শক্রমেই তিনি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাঠে ফিল্ডিংয়ে নামেননি। আজ শেষ দিনে যখন ভারত টেস্ট বাঁচাতে মাঠে নামবে, তখন ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় আশা-ভরসার প্রতীক শচীন টেন্ডুলকারের ড্রেসিংরুমে বিশ্রাম নিয়ে সময় কাটানোর সম্ভাবনা খুবই প্রবল।দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ২৬৯ রান করে ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে দিয়েছে। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪৫৮ রান। গতকাল কিছু সময় ব্যাট করে এক উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে ভারতীয় দল। আজ সারা দিনে প্রয়োজন আরও ৩৭৮ রান। সিমিং কন্ডিশনে বল যেখানে অহরহ সুইং করছে, সেখানে শেষ দিনটা যে ভারতের জন্য মোটেও সহজ হবে না তা বলে দেওয়াই যায়।টেন্ডুলকার যদি ফিটও থাকেন তাহলেও তাঁর ব্যাটিংয়ে নামা নিয়ে বেশকিছু সমস্যা রয়েছে। নিয়মের মারপ্যাঁচে বেশ ভালোভাবেই পড়েছেন তিনি। যেহেতু তিনি ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ফিল্ডিংয়ে নামেননি, সেহেতু তিনি আইনানুযায়ী ভারতের অর্ধেক ব্যাটিং অর্ডার প্যাভিলিয়নে ফিরে আসার পর তিনি মাঠে নামতে পারবেন। তার আগে নয়।সব মিলিয়ে কেবল টেন্ডুলকারের শততম সেঞ্চুরিই নয়, ভারতের ভাগ্যও লর্ডসে হুমকির মুখে। টাইমস অব ইন্ডিয়া।