টেন্ডুলকার আমার দেখা সেরা ব্যাটসম্যান: রিচার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি শচীন টেন্ডুলকার অনেক আগেই পেয়েছেন। অনেকে তাঁকে বসিয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্রাডম্যানের পাশেও। এবার ক্রিকেট জগতের আরেক কিংবদন্তি ভিভ রিচার্ডসও ভারতের এই ব্যাটিং জিনিয়াসকে দিলেন সেরা ব্যাটসম্যানের আসন। বললেন, শচীন টেন্ডুলকারই তাঁর দেখা সেরা ব্যাটসম্যান।ওয়েস্ট ইন্ডিজের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে রিচার্ডস বলেছেন, ‘আমি ডন ব্রাডম্যানের খেলা কখনো দেখিনি। কিন্তু যত দিন ধরে আমি ক্রিকেট দুনিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আছি, তার মধ্যে শচীন টেন্ডুলকারের মতো ব্যাটসম্যান দেখিনি। যদি তাঁর চেয়েও ভালো কারও নাম বলতে হয়, তাহলে বলব, সে এখনো ক্রিকেট অঙ্গনে আসেনি।’দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন শচীন টেন্ডুলকার। এত দিন পরও তিনি খেলে যাচ্ছেন রীতিমতো তরুণ একজন ব্যাটসম্যানের মতো। ব্রায়ান লারা, রিকি পন্টিং, জ্যাক ক্যালিসদের চেয়ে তো বটেই, কিংবদন্তি ব্যাটসম্যান সুনিল গাভাস্কার বা জাভেদ মিয়াঁদাদের চেয়েও টেন্ডুলকারকে অনেকখানি এগিয়ে রেখেছেন ভিভ রিচার্ডস। তিনি বলেছেন, ‘এত দূর এসেও টেন্ডুলকার এখনো যেভাবে খেলে যাচ্ছে, সেটাই আমাকে খুব অবাক করে। সে তার ক্যারিয়ারের প্রতিটি চক্রই পূর্ণ করেছে। অন্য যে কারও চেয়ে তাকেই আমি সবচেয়ে শ্রদ্ধা করি। এই ৩৭ বছর বয়সে এসেও তার মধ্যে কোনো ক্লান্তির চিহ্ন নেই। দিন দিন তাকে আরও তরুণ মনে হচ্ছে।’ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেন্ডুলকার না থাকাটা তরুণ উইন্ডিজ ব্যাটসম্যানদের জন্য একটা বিশাল ক্ষতি বলে মন্তব্য করেছেন রিচার্ডস। টেন্ডুলকারের উপস্থিতিটাই সবার জন্য একটা বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করত বলে মনে করেন এই উইন্ডিজ কিংবদন্তি। তিনি বলেছেন, ‘টেন্ডুলকারকে ব্যাটিং করতে দেখাটা আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য একটা বিশাল অভিজ্ঞতা হতে পারত। কীভাবে সে ধীরে ধীরে বড় একটা ইনিংসের দিকে এগিয়ে যায়, এটা থেকে তারা অনেক কিছু শিখতে পারত।’— পিটিআই।