
সুরেশ রায়নাকে ছাড়িয়েছিলেন আগের দিন, ছুঁলেন কাল। রোহিত শর্মা আজীবন মনে রাখবেন দুটোই। প্রথমটি অবসান ঘটিয়েছে দীর্ঘ অপেক্ষার যন্ত্রণার। পরেরটি সেই যন্ত্রণা মুছে দিয়েছে কিছু প্রাপ্তির সুখ!
একটা সেঞ্চুরিতে ইতিহাস গড়েছেন ম্যাচের প্রথম দিনই। টেস্ট ক্যাপ পাওয়ার আগেই এক শ ওয়ানডে খেলে ফেলা প্রথম ক্রিকেটার রোহিত (১০৮)। ৯৮ ওয়ানডের পর প্রথম টেস্ট খেলার আগের রেকর্ডটি ছিল রায়নার। রায়না অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। রোহিতের টেস্ট অভিষেকে ‘সেঞ্চুরি’ শব্দটি শুধু ওই এক শ ওয়ানডে খেলার সূত্রে এলে আক্ষেপটা বারবার মাথাচাড়া দিত! ব্যাটিং শৌর্যেই সেসব দূরে ঠেললেন রোহিত। ওয়ানডে খেলার সেঞ্চুরি করে টেস্ট অভিষেকেও অসাধারণ এক সেঞ্চুরি করলেন রোহিত।
থেমে যাননি সেঞ্চুরিতেই। ১২৭ রানে অপরাজিত থেকে আজ নামবেন আরও বড় কিছুর আশায়। আর ১৯৮ রানের জুটিতে রোহিতের সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন আজ উইকেটে যাবেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সুবাস নিয়ে (৯২*)। দুই বছর আগে, নিজের তৃতীয় টেস্টে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন চেন্নাইয়ের অফ স্পিনার। কলকাতায় সর্বশেষ টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৯১! সপ্তম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১৯৮ রানের জুটি ভারতকে দিয়েছে ১২০ রানের লিড।
অথচ মঞ্চ প্রস্তুত ছিল শচীন টেন্ডুলকারের জন্য। শেষের শুরুর ইনিংসে যখন ব্যাটিংয়ে নামলেন, সাতসকালে ইডেনের গ্যালারি তখনো ভরে ওঠেনি। শেন শিলিংফোর্ডকে দারুণ দুটি চার মারলেন এক ওভারে। তবে গ্যালারি ফাঁকা থাকতে থাকতেই ফিরতে হলো ড্রেসিংরুমে। ওই শিলিংফোর্ডেরই নিখুঁত এক দুসরায় লিটল মাস্টার বিভ্রান্ত হয়েছিলেন পুরোপুরি, তবে নাইজেল লংয়ের সিদ্ধান্তটিও ছিল ভুল। বলটি স্টাম্পের ওপর দিয়ে চলে যেত নিশ্চিতভাবেই। টেন্ডুলকারের বিদায়েই উইকেটে গিয়েছেন রোহিত। প্রথম ইনিংসেই ইঙ্গিত, টেন্ডুলকারের পর ভারতের মিডল অর্ডারের স্তম্ভ হতে প্রস্তুত আরেক মুম্বাইকার।

কদিন আগেই টেন্ডুলকারকে অনুসরণ করে ডাবল সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে। তবে কালকের রোহিত ছিলেন পুরোই ভিন্ন এক ব্যাটসম্যান। পেশির জোরে কিংবা চটকদার কোনো শট খেলেননি। মন্থর উইকেটেও খেলেছেন চোখ আর মনকে প্রশান্তি দেওয়া সব শট। সেঞ্চুরি এনে দেওয়া বাউন্ডারিটি অবশ্য ব্যাটের কানা ছুঁয়ে চলে গেছে স্লিপ ও গালির মাঝ দিয়ে। তার পরও সবচেয়ে বেশি মনে রাখবেন হয়তো ওই শটটিকেই!
রোহিতের আগে দিনের আলো কেড়ে নিয়েছিলেন শিলিংফোর্ড। টেন্ডুলকারের আগেই আরেকটি দুসরায় মুরালি বিজয়কে স্টাম্পড করে একাদশ টেস্টেই ছুঁয়েছেন উইকেটের ফিফটি। নিয়েছেন ভারতের প্রথম পাঁচ উইকেটের চারটিই। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ভারতের ইনিংসে তখন ঘোর অমানিশা। রোহিতের সঙ্গে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৭৩ রানের জুটিতে কাটতে থাকে আঁধার। আর রোহিত-অশ্বিনের জুটিতে এখন রোদে ঝলমল ভারতের ইনিংস।
তবে এতে অবশ্য শঙ্কার মেঘ জমতে পারে কলকাতার দর্শকদের মনে। এই টার্নিং উইকেটে লিড ২০০-২৫০ হয়ে গেলে দ্বিতীয় ইনিংসে হয়তো ব্যাটিংই করতে হবে না টেন্ডুলকারকে! তথ্যসূত্র: স্টার স্পোর্টস ১, ওয়েবসাইট।