টেন্ডুলকার এখন সাংসদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠছে বছর দুয়েক ধরেই। ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাবটা এখনো পাওয়া হয়নি। শচীন টেন্ডুলকার এর আগেই হয়ে গেলেন সংসদ সদস্য। ভারতের ক্রিকেট কিংবদন্তি এখন রাজ্যসভার সদস্য। সংসদের উচ্চকক্ষের ‘মনোনীত’ ক্যাটাগরিতে সংসদ সদস্য করা হয়েছে টেন্ডুলকারকে। কালই তাঁর নাম সুপারিশ করেছিল ভারত সরকার। প্রধানমন্ত্রী মনমোহন সিং স্বয়ং প্রস্তাব দিলে রাজি হয়ে যান টেন্ডুলকার। প্রধানমন্ত্রীর অফিস থেকে নাম চেয়ে প্রস্তাব পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে। রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন টেন্ডুলকারের নাম।টেন্ডুলকারের ভারতরত্ন পাওয়ায় বড় বাধা প্রচলিত নিয়ম। শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও মানবসেবায় উল্লেখযোগ্য অবদান রাখলেই কেবল ভারতরত্ন দেওয়া হয়। ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার সরাসরি কোনো ক্যাটাগরিতেই পড়েন না। মন্ত্রীদের কেউ কেউ নিয়মে পরিবর্তন আনার দাবিও তুলেছেন। সেটা এখনো হয়নি, তবে এবার রাজ্যসভার সদস্য হলেন কিন্তু ব্যতিক্রমভাবেই। রাজ্যসভার ১২ জন সদস্যের মনোনয়ন নির্ধারিত থাকে সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা ও সমাজসেবায় বিশেষ জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা আছে এমন লোকদের জন্য। টেন্ডুলকারই এই ক্যাটাগরিতে রাজ্যসভার সদস্য হওয়া প্রথম ক্রীড়াবিদ। এর আগে পণ্ডিত রবিশঙ্কর, লতা মঙ্গেশকর, মকবুল ফিদা হুসেনরা ছয় বছরের জন্য রাজ্যসভার সদস্য ছিলেন এই ক্যাটাগরিতে। গত পরশু অবশ্য রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাবেক হকি তারকা দিলীপ তিরকে, তবে তিনি এসেছেন নির্বাচিত হয়ে।কাল প্রধানমন্ত্রী মনমোহনের সঙ্গে দেখা করলে টেন্ডুলকারকে এই প্রস্তাব দেওয়া হয়। এর আগে স্ত্রী অঞ্জলিকে নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছেন টেন্ডলকার। শততম সেঞ্চুরির জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের সভানেত্রী। নানা ইস্যুতে চাপের মধ্যে থাকা কংগ্রেস সরকারের এটা বড় সাফল্য বলেই ধরে নেওয়া হচ্ছে ভারতে। দ্রুত সবকিছু হয়ে যাওয়াই প্রমাণ করে, টেন্ডুলকারের মনোনয়ন কোনো বাধার সম্মুখীন হয়নি। বিরোধী দল বিজেপির প্রধান মুখপাত্র রবি শঙ্কর প্রসাদ আগে থেকেই দিয়েছিলেন সে রকম ইঙ্গিত, ‘শচীন গ্রেট ক্রিকেটার, আমাদের গর্ব। আশা করি মনোনীত হলে শচীন সংসদে কিছু সময় দেবেন।’সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিসিসিআইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠি, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে টেন্ডুলকারের অবদান মূল্যায়ন করা হয়েছে দেখে আমরা উচ্ছ্বসিত। ও দেশের একজন সত্যিকারের দূত, ওর এটা প্রাপ্য ছিল।’ ওয়েবসাইট।