টেন্ডুলকার-এনটিনিকে ‘ঐতিহাসিক’ সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ নভেম্বর, ১৮৬০। দেড় শ বছর আগের কথা। এই দিনে ভারত থেকে জাহাজে করে এক দল শ্রমিক গিয়ে পৌঁছেছিলেন দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে। সাত সমুদ্দুরের ওপারের কালো মানুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পরিশ্রম করলেন তাঁরা, গড়ে তুললেন শিল্প-কারখানা এবং স্থানীয় কৃষ্ণাঙ্গদের সঙ্গে মিলেই নির্যাতিত হলেন সাদাদের হাতে।সেই নির্যাতন আর অত্যাচারের দিন ইতিহাস হয়ে গেছে। দশক দুয়েক আগে একরকম শেষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ। এখন সেই ইতিহাসকে স্মরণ করার পালা। সেই ভারতের একজন এবং সেই কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের একজন; বলা চলে দুই দেশের দুই ক্রিকেট কিংবদন্তি, শচীন টেন্ডুলকার ও মাখায়া এনটিনিকে সংবর্ধনা জানিয়ে আগামী ৯ জানুয়ারি ডারবানে স্মরণ করা হবে ইতিহাসকে। শচীন টেন্ডুলকার ভারতের কেন, গোটা ক্রিকেটেরই কিংবদন্তি। ক্রিকেটে এনটিনির মহাতারকাসুলভ ভাবমূর্তি না হলেও একটা জায়গায় তিনি অনন্য—দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেট খেলা প্রথম কৃষ্ণাঙ্গ মানুষ। পরিচয়টা তাঁর ওখানেও আটকে নেই। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট (৩৯০) ও তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে (২৬৫) উইকেটশিকারি এনটিনি। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান টেন্ডুলকার ও কৃষ্ণাঙ্গদের ক্রিকেট প্রতিনিধি এনটিনিকে সম্মাননা জানানোর অনুষ্ঠানটি হবে কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলের জন্য বানানো মোজেস মাভিদা স্টেডিয়ামে। স্ট্যান্ডার্ড ব্যাংক প্রো-২০ ম্যাচ শেষে দুজনকে সংবর্ধনা জানানোর আয়োজন ছাড়াও থাকবে শাহরুখ খান, অনিল কাপুর, শহীদ কাপুর, প্রিয়াঙ্কা চোপড়াদের কনসার্ট। এই কনসার্টের টিকিট শুধুই স্থানীয় অধিবাসীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য খুব কম দামে স্থানীয় ক্লাবগুলোর মাধ্যমে বিক্রি করা হবে। এই কনসার্ট, ম্যাচ ও সংবর্ধনার পরিকল্পনা জানিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জেরার্ড মাজোলা বলছিলেন, এটা ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক বন্ধুত্বের আরেকটি নিদর্শন। এই ‘বন্ধুত্বের’ কথা বলার আরও কারণ আছে। ২২ বছরের বর্ণবাদী নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন ঘটেছিল ভারত সফর দিয়ে। সেই সফরে কলকাতা পৌঁছানোর পর যে অভ্যর্থনা পেয়েছিলেন, তা এখনো ভোলেননি মাজোলারা।সেই ভালোবাসাকেই ধরে রাখতে চায় দক্ষিণ আফ্রিকানরা। ওয়েবসাইট।