টেন্ডুলকার এবং অবসর

নিজেদের মাটিতে টেন্ডুলকারের ২০০তম টেস্ট আয়োজনের সিদ্ধান্তের পর থেকেই তাঁর অবসর নিয়ে গুঞ্জন বিকশিত হচ্ছে পত্রপল্লবে। গত পরশু মুম্বাই মিরর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘরের মাঠে ২০০তম টেস্টটাই হবে টেন্ডুলকারের শেষ! এরপর টেন্ডুলকার না চাইলেও বিসিসিআই তাঁকে অবসর নিতে বাধ্য করবে।
কদিন আগেও একটা খবরে বলা হয়েছিল, টেন্ডুলকার না চাইলেও ২০০তম টেস্ট খেলার পর নির্বাচকেরা তাঁর ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে। প্রধান নির্বাচক সন্দীপ পাতিল নাকি এ নিয়ে টেন্ডুলকারের সঙ্গে কথাও বলেছেন। যদিও খবরটিকে ‘অসত্য’ বলে উড়িয়ে দিয়েছিলেন পাতিল। অস্বীকার করেছিল বিসিসিআইও।
এবারের খবরটি আরও বেশি জোরালো। বিসিসিআই নাকি টেন্ডুলকারকে বিদায় জানানোর প্রস্তুতিও নিতে শুরু করেছে। বিসিসিআইয়ের কাছে ভারতের সাবেক স্পিনার এরাপল্লি প্রসন্ন আকুল আবেদনই জানিয়েছেন, টেন্ডুলকারকে অবসর নিতে চাপ না দিতে, ‘যদি খবরটি সত্য হয়, অবশ্যই এটা সঠিক হবে না। শচীন জানে কখন সরে দাঁড়াতে হবে।’
একসঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলা টেন্ডুলকারের ঘনিষ্ঠ বন্ধু প্রাভিন আমরের ভাবনাটাও একই রকম, ‘কখন অবসর নিতে হবে সেটা শচীনই সবচেয়ে ভালো জানে। আশা করি বোর্ড এবং তার মধ্যে যোগাযোগটা ভালো হওয়া উচিত। দুই পক্ষের মতোই যেন গুরুত্ব পায়।’
টেন্ডুলকার নিজে কী ভাবছেন? তাঁর ঘনিষ্ঠ এক সূত্রমতে মুম্বাই মিরর-এর প্রতিবেদন নিয়ে টেন্ডুলকারের ভাবনাটা হলো, ‘বোর্ডের কোনো কর্মকর্তা যদি আমার কাছে আসে এবং আমার সঙ্গে কথা বলে, তাহলেই শুধু আমি সিদ্ধান্ত নেব।’ সে তো বোর্ড চাপ দিলে। তাঁর একান্ত ভাবনা কী? ওই সূত্রের কথা, ‘শুধু টেন্ডুলকার এবং অঞ্জলিই (টেন্ডুলকারের স্ত্রী) জানে, সে কখন অবসর নেবে।’ ওয়েবসাইট।