'টেন্ডুলকার'-এর চাকরি গেল, করোনায় ধরল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার (বাঁয়ে) ও বলবীর চাঁদ। ফাইল ছবি
শচীন টেন্ডুলকার (বাঁয়ে) ও বলবীর চাঁদ। ফাইল ছবি

তিনি 'শচীন টেন্ডুলকার'। ভারতে এ নামের মর্যাদাই অন্যরকম। কিন্তু করোনাভাইরাস সেটুকুও রাখল না। লকডাউন চলাকালীন হারালেন চাকরি, পরে গ্রামে ফিরে গিয়ে বাঁধালেন করোনাভাইরাস।

ভ্রুকুটি কিংবা চোখ রগড়ে পড়ার কিছু নেই। যাঁকে ভাবছেন, এই টেন্ডুলকার তিনি নন। কিন্তু সত্যিই ভারতজুড়ে তাঁর 'টেন্ডুলকার' নামের ভারে চাপা পড়ে গেছে আসল নাম, বলবীর চাঁদ। গত তিন যুগ ধরে তাঁর পরিচিতি শচীনের নকল হিসেবে। ভারতীয় কিংবদন্তির সঙ্গে চেহারায় গড়তে মোটা দাগে তেমন কোনো ফারাক নেই বলবীরের।


ভারতের সংবাদমাধ্যমগুলো তাঁকে লুফে নিয়েছিল। টেন্ডুলকার খেলোয়াড়ি জীবনে তাঁর 'ডাবল' হিসেবে বলবীর ভারতীয় টেলিভিশন চ্যানেলে নানারকম বিজ্ঞাপন করেছেন। তখন থেকেই তিনি মুম্বাইয়ের একটি ফাষ্ট ফুড চেইন শপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর (দূত) হিসেবে ছিলেন বলবীর। এ পর্যন্ত তাঁর ভালোই চলছিল। কিন্তু করোনা মহামারি শুরুর পর পাল্টে যায় বলবীরের দুনিয়া।


ভারতে 'লকডাউন' চলাকালীন চাকরি হারান বলবীর। মুম্বাইয়ের চেইন শপ ব্যবসা গুটিয়ে নেয়। অগ্যতা এ মাসের শুরুতে পাঞ্জাবে নিজ গ্রামে ফিরে যান বলবীর। সেখানে গিয়ে করোনায় সংক্রমিত হন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম 'হিন্দুস্তান টাইমস'কে বলবীর বলেন, 'ওরা (বলবীরের প্রতিষ্ঠান) লকডাউনের পর ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয় এবং অনেক কর্মীকে ছেড়ে দেয়। আমাকেও যেতে বলা হয়। পরিস্থিতির উন্নতি হলে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়।'


গত ১০ জুন পাঞ্জাবের সাহলনে নিজ গ্রামে পৌঁছান ৫০ বছর বয়সী বলবীর। এরপর করোনাপরীক্ষায় তাঁর গোটা পরিবারে সংক্রমণের অস্তিত্ব ধরা পড়ে। যেতে হয় হাসপাতালে। গত সপ্তাহে 'আইসোলেশন' ওয়ার্ড ছাড়ার ছাড়পত্র দেওয়া হয় বলবীরকে।
১৯৯৯ সালে ভারতে টেস্টে বলবীরকে ধারাভাষ্যকক্ষে নিয়ে এসেছিলেন সুনীল গাভাস্কার। এরপরই পরিচিতি পেয়ে যান বলবীর। তাঁর ভাষায়, 'ওই ঘটনার পর আমাকে তাজ হোটেলে নিয়ে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হয়। ছয়টি ছবিতে তাকে অটোগ্রাফ দিতে বলি। তিনি অটোগ্রাফ দেওয়ার সময় বলি এগুলো আমার ছবি, আপনার নয়। তিনি একটু অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে হেসেছিলেন।'
বলবীর এরপর এমআরএফ, তোশিবা, রেনল্ডস, টিভিএসে টেন্ডুলকারের 'ডাবল' হিসেবে বিজ্ঞাপনে কাজ করেন। বলিউডে তিনি টেন্ডুলকারের চরিত্রে অভিনয়ও করেছেন। রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় তাঁকে নিয়ে গেলে ভারতের জার্সি পড়ার কথা ভোলেন না বলবীর।
জীবন এখন তাঁকে উল্টো পিঠ দেখালেও আশা হারাচ্ছেন না বলবীর, 'টেন্ডুলকারের মুখ আমাকে খ্যাতি এনে দিয়েছে যদিও টাকা-পয়সা সেভাবে পাইনি। তবে আমি লিখতে পারি এবং গানে সুর দিতে পারি। নিজের প্রতিভার ওপর ভরসা রেখে এগোতে চাই। আশা করি একদিন চাকরিও ফিরে পাব। লোকে তখন আমরা বাইরের গড়নটা না দেখে ভেতরের মূল্যটাও বুঝবে।'