ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিদায় নিলেন দুই দিন আগে। এবার কি সর্বোচ্চ রানের মালিকেরও বিদায়? যে গুঞ্জনটা বাতাসে ভাসছে, তাতে এবারের সিবি সিরিজটা ইতিহাসে এ কারণে স্মরণীয় হয়ে থাকবে—এই সিরিজ থেকেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রিকি পন্টিং আর শচীন টেন্ডুলকার!যা স্বভাব, তাতে সমালোচনার পাল্টা জবাবে মুখে কিছু বলবেন, সেটা ভাবাই যায় না। তবে ঘনিষ্ঠ মহলের কাছ থেকে জেনে ভারতীয় একটি দৈনিক লিখেছে, টেস্ট দলে টেন্ডুলকার এখনো অপরিহার্য বিবেচিত হলেও ওয়ানডে দলে তাঁকে বোঝাই মনে করছে অনেকে। টেন্ডুলকারের ওয়ানডে দলে থাকা উচিত কি উচিত নয়—গোপন ব্যালটের আয়োজন করা হলে পক্ষে নাকি ভোট পড়বে সর্বোচ্চ দুটি কি তিনটি!২২ বছরের ক্যারিয়ারে অসংখ্য পরীক্ষার মুখোমুখি হওয়া টেন্ডুলকার আজ আবার চ্যালেঞ্জের সামনে। সিবি সিরিজে গত ৫ ম্যাচে মোট ৯০ রান—ওয়ানডে দলে নিজের যোগ্যতা প্রমাণের লড়াইয়ে নামতে হচ্ছে। আর সেই লড়াইয়ে সঙ্গী হিসেবে পাচ্ছেন নিজের অন্যতম প্রিয় মাঠ—সিডনি ক্রিকেট গ্রাউন্ড। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এ মাঠে সর্বশেষ ম্যাচটায় সেঞ্চুরি করেছিলেন। প্রতারক স্মৃতি হয়তো ভুলিয়ে দিয়েছে, সেই সেঞ্চুরির সুবাদেই ২০০৭-০৮ সিবি সিরিজের প্রথম ফাইনালটি জিতেছিল ভারত। প্রতারক স্মৃতি এ-ও ভুলিয়ে দিয়েছে, দ্বিতীয় ফাইনালটিতেও টেন্ডুলকারের ৯১ প্রায় সিকি শতাব্দী বাদে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ওয়ানডে শিরোপা এনে দিয়েছিল ভারতকে! অনেকেরই মতে, ভারতের বিশ্বকাপ জয়ের ভিত্তি রচিত হয়েছিল সেখানেই।কদিন পরই ভারতের সেই বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি। মুম্বাইয়ে নিজের মাঠে চির আরাধ্য ট্রফিটা উঁচিয়ে ধরার স্বপ্ন পূরণ হয়েছিল টেন্ডুলকারের। অথচ এই এক বছরের মধ্যে ছবিটা কেমন করে পাল্টে গেল। দলে সিনিয়র বনাম জুনিয়র—বিভাজন নিয়ে কত কথা গণমাধ্যমে। অনেক আগে একবার দলীয় বিভাজন নিয়ে কথা ওঠায় সংবাদ সম্মেলনে পুরো দলকে নিয়ে হাজির হয়ে চমকে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। যেন পাল্টা চড় মেরে দিয়েছিলেন সাংবাদিকদের। কিন্তু এবার ধোনির কণ্ঠেও সেই তেজ নেই!শুধু টেন্ডুলকার নয়, ভারতের জন্যও এই ম্যাচ কঠিন এক চ্যালেঞ্জ। দুটো ম্যাচ হাতে আছে বটে। কিন্তু পয়েন্ট টেবিলের সমীকরণ এমন, এই ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত। নিশ্চিত হয়ে যাবে সিবি সিরিজের ট্রফি হাতছাড়া হওয়াও। টেস্টে ধবলধোলাইয়ের পর ওয়ানডেতে পাল্টা জবাব দেবেন বলেই সিবি সিরিজটা খেলতে চেয়েছিলেন টেন্ডুলকার। ওয়ানডে ইতিহাসের মূল সব রেকর্ডের মালিক এখন উল্টো অনাকাঙ্ক্ষিত বিদায়ের দ্বারপ্রান্তে। কিন্তু তিনি টেন্ডুলকার। বারবার দুঃসময়ের জাল কেটে বেরিয়ে এসেছেন।আজ কী করবেন টেন্ডুলকার! ওয়েবসাইট।