টেন্ডুলকার গেলেই টেস্টের মৃত্যু!
ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন। একদিন টেস্ট ক্রিকেটও ছেড়ে দেবেন। কিন্তু শচীন টেন্ডুলকার যেদিন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন, সেদিন টেস্ট ক্রিকেটের মৃত্যু হবে! অর্জুনা রানাতুঙ্গা অন্তত এটাই মনে করেন। টেন্ডুলকারের প্রশংসা করে শ্রীলঙ্কার একমাত্র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক বলেছেন, টেন্ডুলকারের মতো খেলোয়াড়েরা অবসর নিলে টেস্ট ক্রিকেটটা মরে যাবে। তাই তিনি চান টেন্ডুলকার আরও অনেক দিন টেস্ট ক্রিকেটটা খেলে যান।‘তার (টেন্ডুলকার) মতো খেলোয়াড়েরা বড় দৈর্ঘ্যের ক্রিকেট না খেললে টেস্ট ক্রিকেট মরে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সে টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাক। সে ওয়ানডে থেকে অবসর নেওয়ায় আমি খুবই খুশি হয়েছিলাম। আমার মতে, টেস্ট ক্রিকেট হলো শিক্ষা। আর সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটটা বিনোদন’—বলেছেন রানাতুঙ্গা।আগামী এপ্রিলেই ৪০-এ পা রাখবেন টেন্ডুলকার। কিন্তু রানাতুঙ্গার বিশ্বাস, এখনো টেন্ডুলকারের মধ্যে অনেক ক্রিকেটই বাকি আছে এবং এই বয়সেও টেন্ডুলকার ভারতের তরুণদের চেয়ে ভালো। গত কয়েকটি সিরিজ ভালো যায়নি। তবে ঘরোয়া ক্রিকেটে দুটি সেঞ্চুরি করে টেন্ডুলকার আবার টেস্টে ফিরেছেন। গতকালই শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাই টেস্ট। রানাতুঙ্গার কথা, ‘যদি সে একটা ভালো ইনিংস খেলতে পারে, আমি নিশ্চিত সে আরও দু-তিন বছর কোনো সমস্যা ছাড়াই খেলে যেতে পারবে।’টেন্ডুলকারকে প্রশংসায় ভাসানোর এক ফাঁকে ৯৩টি টেস্ট আর ২৬৯টি ওয়ানডে খেলা রানাতুঙ্গা তির বিঁধিয়েছেন আইসিসিকে। বলেছেন, আইসিসি একটা ‘নখদন্তহীন’ প্রতিষ্ঠান! ওয়েবসাইট।