টেন্ডুলকার জুনিয়রের প্রথম সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার মতো সেও বাঁহাতি। তবে বাবার মতো ডান হাতে নয়, ব্যাটিংটা করে বাঁ হাতে। বাঁহাতি ওপেনার হিসেবেই পরশু নিজের প্রথম সেঞ্চুরিটির দেখা পেয়ে গেল অর্জুন টেন্ডুলকার। ক্রস ময়দানের সুন্দর ক্রিকেট ক্লাব মাঠে মুম্বাই ক্রিকেট সংস্থার অনূর্ধ্ব-১৪ গ্রীষ্মকালীন ক্রিকেট টুর্নামেন্টে ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছে টেন্ডুলকার জুনিয়র। দুই দিনের ম্যাচটিতে তার দল খর জিমখানা ইনিংস ও ২১ রানে হারিয়েছে গুরগাঁও সেন্টারকে। উঠে গেছে ফাইনালে। ১৪টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছে অর্জুন।ক্রিকেটের সর্বকালের সফলতম ব্যাটসম্যানের পুত্র। স্বাভাবিকভাবেই ক্রিকেট মাঠে অর্জুনের প্রতিটি পদক্ষেপই থাকবে তীক্ষ নজরদারির মধ্যে। মানুষের কৌতূহল আর বাবার সঙ্গে প্রতিনিয়ত তুলনা হওয়ার চাপও সামলাতে হবে। অনেকের মতে যে চাপ সামলাতে না পেরেই রোহান গাভাস্কারের শেষ পর্যন্ত আর ‘গাভাস্কার’ হয়ে ওঠা হয়নি। ১২ বছর বয়সী অর্জুন অবশ্য মনের আনন্দেই নিজের খেলাটা খেলে যাচ্ছে। এর মধ্যে বেশ কবার খবরেও এসেছে মাঠে দারুণ কিছু করে। গত ফেব্রুয়ারিতেই পুনেতে একটি অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্টে ৩৯ বলে ৬৫ করেছিল, গত বছর নভেম্বরে বাঁহাতি বোলার হিসেবে ২২ রানে ৮ উইকেট তুলে নিয়ে জিতিয়েছিল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলকে। বোঝাই যাচ্ছে, ব্যাটিং অলরাউন্ডার হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনাও তার মধ্যে বিদ্যমান।অবশ্য পরশুর ইনিংসটি দেখার পর দলের কোচ রাজেশ সুনীল ব্যাটসম্যান অর্জুনের প্রজ্ঞা আর বুদ্ধিমত্তার প্রশংসাই করলেন, ‘ইনিংসটি ছিল খুবই পরিকল্পিত। বেশ কিছু দুর্দান্ত স্ট্রোকও খেলেছে, বল ভালোভাবে মারছিলও। ও আর লাওয়ান্ডে (অর্জুনের ব্যাটিং পার্টনার, করেছে ৯৪ রান) যেভাবে খেলছিল, সত্যিই দারুণ। অর্জুন যেহেতু বাঁহাতি, তাই বাঁহাতি স্পিনারদের সেই খেলছিল, আর ডানহাতি লাওয়ান্ডে মুখোমুখি হচ্ছিল অফ স্পিনারদের।’আগের ম্যাচেও ফিফটির একটি ইনিংস খেলা অর্জুনের খেলাটির প্রতি একাগ্রতার প্রশংসার করলেন কোচ, ‘খেলাটির প্রতি ও দারুণ আত্মনিবেদিত। অনুশীলন শুরুর আগে ঠিক সময়ে রোজ হাজির হয়। উঠতি ক্রিকেটারের মধ্যে যে সম্ভাবনার ঝলক থাকে, সবই তার মধ্যে আছে। কিছু কিছু ম্যাচে অবশ্য কম রানে আউট হয়ে হতাশ হয়েছে। কিন্তু কঠোর পরিশ্রম করে আবার ফিরেও এসেছে। এ সপ্তাহেই টাটা এসএসএল সেন্টারের বিপক্ষে ৬৪ রানের একটা ইনিংসও আছে ওর।’বাবার মতো ডানহাতি হয়নি, তবে বাবার মতো একাগ্রতা, আত্মনিবেদন আর খেলাটার প্রতি ভালোবাসা ঠিকই আছে অর্জুনের! ওয়েবসাইট।