টেন্ডুলকার নন, ধ্যান চাঁদ
দাবি উঠেছিল শচীন টেন্ডুলকারের জন্য। কিন্তু টেন্ডুলকার নন, প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে হয়তো ‘ভারত রত্ন’ খেতাব পেতে যাচ্ছেন হকির জাদুকর ধ্যান চাঁদ। সর্বকালের অন্যতম সেরা এই হকি তারকার নাম মরণোত্তর ভারত রত্নের জন্য প্রস্তাব করবে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠকে টেন্ডুলকার এবং ধ্যান চাঁদ দুজনকে ভারত রত্ন দেওয়ার পক্ষে জোরালো মত দিয়েছেন অনেকে। তবে শেষ পর্যন্ত ভারতকে পর পর তিন অলিম্পিকে (১৯২৮, ১৯৩২, ১৯৩৬) সোনা জেতানো ধ্যান চাঁদের নাম প্রস্তাব করার ব্যাপারে একমত হয়েছেন সবাই। ভারতের ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সভাপতিত্বে বৈঠকে ধ্যান চাঁদের পক্ষে আবেদন করেছেন তাঁর ছেলে অশোক কুমার ও সাবেক ভারতীয় ক্রিকেটার বিষেন সিং বেদি। শেষ পর্যন্ত মন্ত্রণালয় তাদের প্রস্তাবের সঙ্গে সম্মত হওয়ায় টাইমস অব ইন্ডিয়ার কাছে নিজের সন্তুষ্টি জানিয়েছেন অশোক কুমার, ‘মন্ত্রী আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং জানিয়েছেন তিনি নিজ হাতে প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাবের চিঠি পৌঁছে দেবেন।’ ভারতের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় এই খেতাব পেয়েছেন সত্যজিত রায়, অমর্ত্য সেন, লতা মঙ্গেশকর, বিসমিল্লাহ খান, রবি শংকররা। এর আগে ২০০১ সালে একবার প্রথম ক্রীড়াবিদ হিসেবে ধ্যান চাঁদকে এ খেতাব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ৮২ জন সাংসদ। তবে তখন সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ভারত সরকার। ওয়েবসাইট।