টেন্ডুলকার নন, পন্টিংয়ের সেরা লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রায়ান লারা নাকি প্রায়ই তাঁর রাতের ঘুম কেড়ে নিতেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকাকালে এই লারাই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছেন তাঁকে। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অধিনায়কের মতে তাই শচীন টেন্ডুলকারের চেয়ে এগিয়ে আছেন ত্রিনিদাদের ওই ক্রিকেট বরপুত্র। সব সময়ই তুলনাটা চলে আসে। টেন্ডুলকার সেরা, নাকি লারা! লারা টেন্ডুলকারের মতো অত শতক হাঁকাননি। তাঁর ক্যারিয়ারও টেন্ডুলকারের মতো অতটা দীর্ঘ নয়। কিন্তু পন্টিংয়ের মতে, সব দিক দিয়েই টেন্ডুলকারের চেয়ে এগিয়ে থাকবেন লারাই। এর কারণটা ব্যাখ্যা করতে গিয়ে পন্টিং অনুষঙ্গ হিসেবে ধরেছেন লারার দলকে জেতানোর পরিসংখ্যানটি। ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে টেন্ডুলকার লারাকে হয়তো ছাড়িয়ে গেছেন অনেক আগেই। কিন্তু পন্টিং মনে করেন, নিজের পারফরম্যান্সে দল কয়টি ম্যাচে জিতল, এই হিসাব ধরলে দুজনের মধ্যে লারাই সেরা। লারার শ্রেষ্ঠত্ব বোঝাতে পন্টিং বলেছেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকাকালে এই লারাই সবচেয়ে বেশি আমার রাতের ঘুম নষ্ট করেছে। শচীনকে নিয়ে আমি অতটা চিন্তিত হইনি কখনোই। শচীনের দুর্বলতা খুঁজে বের করে তাঁকে আউট করা যেত, কিন্তু লারা যে তাঁর কোন গোপন অস্ত্র আপনার দিকে তাক করবে, সেটা বোঝা ছিল খুব কঠিন।’ চলতি অ্যাশেজের দিকেও চোখ ফিরিয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ার পক্ষেই তাঁর ভবিষ্যদ্বাণী। জানিয়ে দিয়েছেন, এবারের অ্যাশেজ অস্ট্রেলিয়াই জিতবে। অস্ট্রেলিয়ার সফল হওয়া নিয়ে তাঁর আত্মবিশ্বাস এতটাই যে সিরিজের স্কোরলাইনটাও জানিয়ে দিয়েছেন তিনি স্পষ্ট করেই। পন্টিংয়ের মতে, ইংল্যান্ড থেকে এবারের অ্যাশেজ ২-১ ব্যবধানে জিতে দেশে ফিরবে অস্ট্রেলিয়া।

যে অস্ট্রেলিয়া দলকে এবারের অ্যাশেজ জয়ের জন্য গুনছেনই না বিশ্লেষকেরা, সেখানে পন্টিংয়ের এই আত্মবিশ্বাসের উত্স আসলে কী? যে ব্যাপারটি পন্টিংকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী করে তুলছে, তা হলো অস্ট্রেলিয়া দলের প্রথম টেস্টের পারফরম্যান্স, ‘পুরো খেলাটি দেখে মনে হয়েছে, অস্ট্রেলিয়া দল ঠিক পথেই আছে। এটি একটি টেস্ট ম্যাচ পরাজয়, কিন্তু একটু খতিয়ে দেখলে দেখা যাবে, অস্ট্রেলিয়াও কিন্তু জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল। এই ব্যাপারটিই দলের মধ্যে ঢুকিয়ে দিলে অস্ট্রেলিয়ার সাফল্য পাওয়াটা হবে কেবল সময়ের ব্যাপার।’ সূত্র: দ্য ইভিনিং স্ট্যান্ডার্ড।